২৩৩ বলে নাঈমের ১৭৬, বরিশালের বিপক্ষে চালকের আসনে রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো
প্রকাশের সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ । ৮:১২ অপরাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) রাজশাহী ভেন্যুর চার দিনের ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে বড় সংগ্রহের পথে রয়েছে রাজশাহী বিভাগ। নাঈম আহমেদের অপরাজিত ১৭৬ রানের দুর্দান্ত ইনিংসে দিন শেষে রাজশাহীর সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ৪২৪ রান।

সোমবার (১৯ অক্টোবর) রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিনে আগের দিনের ১ উইকেটে ২৪ রান নিয়ে ব্যাট করতে নামে রাজশাহী। দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৪২৪ রান সংগ্রহ করে দলটি।

আগের দিন ১৩ রানে অপরাজিত থাকা নাঈম আহমেদ দ্বিতীয় দিনেও দুর্দান্ত ব্যাটিং অব্যাহত রাখেন। দিন শেষে তিনি ১৭৬ রানে অপরাজিত রয়েছেন। ৪১০ মিনিট ক্রিজে থেকে ২৩৩ বল মোকাবিলা করে ২৫টি চার মেরে নিজের ইনিংসটি সাজান এই ব্যাটসম্যান।

অন্যদিকে, আগের দিন ৬ রানে অপরাজিত থাকা হাবিবুর সোহান দ্বিতীয় দিনে আরও ৩৩ রান যোগ করে ৩৯ রানে আউট হন। রাজশাহীর হয়ে সাব্বির রোমানও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। একটি ছক্কা ও ১৩টি চারের সাহায্যে ৮৬ রান করেন তিনি। এ ছাড়া মেহরাব হাসান ৫৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

বরিশাল বিভাগের বোলারদের মধ্যে রুয়েল মিয়া ৮৯ রান খরচায় ২টি উইকেট শিকার করেন।

নাঈম আহমেদের বড় ইনিংস এবং অন্য ব্যাটসম্যানদের কার্যকর অবদানে দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ। তৃতীয় দিনে ব্যাট হাতে দলটি আরও বড় সংগ্রহ গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন