নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহতদের মধ্যে দুই যানবাহনের চালকও রয়েছেন। হতাহতদের বেশির ভাগই বাসের যাত্রী।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
মঙ্গলবার সকালে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন ও নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে নয়জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজনের মৃত্যু হয়।
আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর নাটোর-পাবনা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার খবর পেয়ে নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবুল হায়াতসহ জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
দুর্ঘটনার কারণ এবং হতাহতদের বিস্তারিত পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে আরও তথ্য পাওয়া যায়নি।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

নাটোর সংবাদদাতা,কালের আলো
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ । ১০:৫৭ পূর্বাহ্ণ