রান্নার প্রতিযোগিতায় প্রথমবার বিচারকের আসনে জয়া

বিনোদন প্রতিবেদক, কালের আলো
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ । ৪:২৮ অপরাহ্ণ

রান্নাবিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র নবম আসরে বিচারকের দায়িত্ব পালন করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি এবার রান্নার প্রতিযোগীদের প্রতিভা ও দক্ষতা মূল্যায়ন করতে দেখা যাবে তাঁকে। এক ভিডিও বার্তায় নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী। এর আগে বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করেছেন জয়া আহসান। তবে রান্নাবিষয়ক কোনো প্রতিযোগিতায় এবারই প্রথম বিচারকের আসনে বসছেন তিনি। ফলে ‘সেরা রাঁধুনী’র নতুন আসর ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

ভিডিও বার্তায় যা বললেন জয়া আহসান
ভিডিও বার্তায় জয়া আহসান বলেন, ‘কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনী সিজন ৯-এ বিচারক হিসেবে আমি থাকছি। যারা রান্না করতে ভালোবাসেন বা রান্না নিয়ে নানা রকম স্বপ্ন দেখেন তাদের জন্য এই আয়োজন।’ অনুষ্ঠানটির দীর্ঘ পথচলার কথা তুলে ধরে অভিনেত্রী আরও বলেন, ‘২০ বছর ধরে এমন অনেক রাঁধুনীর জীবন বদলের রেসিপি হচ্ছে সেরা রাঁধুনী। সেই রাঁধুনীদের সঙ্গে শিগগিরই দেখা হচ্ছে সেরা রাঁধুনীর মঞ্চে।’

বিচারকের আসনে থাকছেন আরও দুই পেশাদার শেফ
জয়া আহসানের পাশাপাশি ‘সেরা রাঁধুনী’র নবম আসরে বিচারকের দায়িত্ব পালন করবেন দুই পেশাদার শেফ শুভব্রত মৈত্র ও শাহিদ শাহিন। তাঁদের অভিজ্ঞতা ও জয়ার অংশগ্রহণে এবারের প্রতিযোগিতায় রান্নার দক্ষতা, সৃজনশীলতা এবং স্বাদের মূল্যায়ন নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে শুরু হয়েছে ‘সেরা রাঁধুনী সিজন ৯’-এর নিবন্ধন প্রক্রিয়া। আগ্রহী প্রতিযোগীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। প্রতিযোগিতায় বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে রাখা হয়েছে ১৫ লাখ টাকা। অনুষ্ঠানটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।

আগের আসরগুলোতে বিচারক ছিলেন পূর্ণিমা
উল্লেখ্য, ‘সেরা রাঁধুনী’র এখন পর্যন্ত অনুষ্ঠিত আটটি আসরের মধ্যে চারটিতে বিচারকের দায়িত্ব পালন করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। গত আসরেও প্রতিযোগীদের রান্না চেখে সেরাদের নির্বাচন করতে দেখা গেছে তাঁকে। এবার নবম আসরে পূর্ণিমার পরিবর্তে বিচারকের আসনে জয়া আহসানের উপস্থিতি অনুষ্ঠানটির নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে। রান্নার প্রতি ভালোবাসা ও সৃজনশীলতাকে সামনে রেখে আয়োজিত এই প্রতিযোগিতায় এবার কারা নিজেদের সেরা রাঁধুনি হিসেবে প্রমাণ করতে পারেন, তা জানতে অপেক্ষা করতে হবে অনুষ্ঠানটির সম্প্রচার পর্যন্ত।

কালের আলো/এমএস/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন