ডিজিটাল বোতাম চেপে আখচাষিদের প্রণোদনা বিতরণ উদ্বোধন প্রধানমন্ত্রীর

রাজশাহীর সংবাদদাতা,কালের আলো
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ । ৫:৫৪ অপরাহ্ণ

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভা থেকে প্রায় ৩৯ হাজার আখচাষির জন্য কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কর্মসূচির আওতায় ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য মোট ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ উচ্চারণ করে ডিজিটাল বোতাম চাপার মাধ্যমে প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় জনসভায় উপস্থিত হাজারো মানুষও সমস্বরে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেন। মঙ্গলবার বিকেল ৩টা ২৫ মিনিটে রাজশাহীর জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে উপস্থিত বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা তাঁকে স্বাগত জানান। পরে জনসভায় অংশ নিয়ে আখচাষিদের জন্য প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

কর্মসূচির আওতায় ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা কৃষি প্রণোদনা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়। কৃষকদের সহায়তায় নেওয়া এ উদ্যোগের মাধ্যমে আখচাষিদের কাছে প্রণোদনার অর্থ পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হলো।

প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম এবং রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।

মঞ্চে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা। এর আগে মঙ্গলবার দুপুর ২টা ৫৫ মিনিটে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে জনসভাস্থলে যাওয়ার পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিপুলসংখ্যক মানুষ তাঁকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও বাসের ভেতর থেকে হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন।

রাজশাহীর জনসভা শেষে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রাজশিয়ার কর্মসূচি শেষ করে তাঁর চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। এর আগে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেন তারেক রহমান। সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর রংপুরে যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় অংশ নেন তিনি। পরে রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

কালের আলো/এসকে/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন