প্রধানমন্ত্রীর জাপান সফর: কৃষি-বাণিজ্যসহ বিভিন্ন খাতে চুক্তির উদ্যোগ

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ । ৭:২৬ অপরাহ্ণ

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি তিন থেকে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্রসচিব জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা জাপানের উদ্দেশে রওনা হবেন। সফরে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানও তাঁর সঙ্গে থাকবেন।

তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে কৃষি, মৎস্যসম্পদ, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান পরিবহন, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার আধুনিকীকরণসহ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বিশেষ নৈশভোজে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের পর দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার পরিধি আরও বিস্তৃত হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং বাংলাদেশে জাপানি বেসরকারি বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বাড়বে।

সংশ্লিষ্টদের মতে, প্রধানমন্ত্রীর এই সফরে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি দক্ষ মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তিগত সহযোগিতা এবং বিভিন্ন উন্নয়ন খাতে দুই দেশের অংশীদারত্ব আরও জোরদার করার সুযোগ তৈরি হতে পারে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন