ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নিজেদের আচরণ ও কর্মকাণ্ড সংশোধনের আহ্বান জানিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। দলীয় পরিচয়ে কেউ অন্যায় করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোলার লালমোহন উপজেলা পরিষদে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সতর্ক করে স্পিকার বলেন, নিজেদের আচরণ সংশোধন করতে হবে। অতীতে অনেক রাজনৈতিক দল নিজ দলের নেতাকর্মীদের অপকর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি। তবে বর্তমান প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলার প্রশ্নে আপসহীন থেকে অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নজির স্থাপন করেছেন।
সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনার উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ঢাকায় একটি হাসপাতাল দখলের অভিযোগ ওঠার পর এক নারী সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়টিও তুলে ধরেন তিনি।
ইশরাক হোসেনের একটি অভিযানের প্রসঙ্গে স্পিকার বলেন, তিনি মাদকসেবী ও দুর্বৃত্তদের দমনে ভালো উদ্দেশ্য নিয়েই কাজ করতে চেয়েছিলেন। তবে একজন প্রতিমন্ত্রীর হাতে বৈধ কিংবা অবৈধ কোনো অস্ত্রই থাকা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। এ কারণে প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলেও উল্লেখ করেন স্পিকার।
ত্রাণ বিতরণে অনিয়ম ও চাঁদাবাজির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন এলাকায় মব সৃষ্টি করে চালের বস্তা ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অনিয়ম ও বিশৃঙ্খলা বন্ধে প্রশাসন ও পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি। প্রকৃত জেলেদের বাইরে অন্য কেউ যাতে জেলেদের জন্য বরাদ্দ চাল না পায়, তা নিশ্চিত করারও আহ্বান জানান।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের সতর্ক করে স্পিকার বলেন, নির্বাচন এলে অনেকেই সাধু-সন্ত সাজার চেষ্টা করেন। তবে গণতন্ত্রের সৌন্দর্য হলো, ভোটের অধিকার থাকায় মানুষ নির্যাতন-অত্যাচার থেকে রেহাই পাওয়ার সুযোগ পায়।
এলাকায় চাঁদাবাজি কমে এসেছে উল্লেখ করে তিনি সাধারণ মানুষকে যেকোনো অনিয়মের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। পাশাপাশি কোথাও অন্যায় বা অনিয়ম হলে তাঁকে সরাসরি জানানোর অনুরোধ করেন তিনি।
কালের আলো/এসকে/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ । ৮:০১ অপরাহ্ণ