জীবনের কঠিন এক মুহূর্তে হঠাৎ করেই সামনে এসে দাঁড়ায় এক অপরিচিত মানুষ। বদলে যায় সিদ্ধান্ত, খুলে যায় নতুন পথ। এমনই কৌতূহলোদ্দীপক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘তোমার পরে তুমি’। এতে রহস্যময় সজল চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন নাজনীন নীহা। নাটকটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আরও দেখা যাবে পার্থ শেখকে।
বিড়াল থেকে নতুন সম্পর্কের গল্প
‘তোমার পরে তুমি’ নাটকের গল্পে সারা জীবনের কঠিন সময়ে দাঁড়িয়ে একটি অঘটন ঘটানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে তার সামনে হাজির হয় অপরিচিত সজল। তার সঙ্গে রয়েছে একটি পোষা বিড়াল। সজলের উপস্থিতি সারার সিদ্ধান্ত বদলে দেয়।
এত দিন বিড়ালটি ছিল সজলের সঙ্গী। কিন্তু ঘটনাচক্রে সজলের সঙ্গে পরিচয়ের পর সারা নিজেও তার জীবনের সঙ্গী হয়ে ওঠে। সজলের হাত ধরে জীবনে নতুন দিশা খুঁজে পায় সে। এভাবেই গল্প এগিয়ে যায় নতুন মোড়ের দিকে।
নাটকটিতে সজল চরিত্রে ইয়াশ রোহানকে দেখা যাবে ভিন্ন এক আঙ্গিকে। অন্যদিকে সারার চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নীহা। গল্পের রহস্য ও দুই চরিত্রের সম্পর্ক দর্শকের আগ্রহ তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রথমবার এক নাটকে তিন তারকা
রাসেল পারভেজের রচনায় ‘তোমার পরে তুমি’ নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন। ইয়াশ রোহান ও নাজনীন নীহার সঙ্গে নাটকটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ। এই প্রথম একই নাটকে একসঙ্গে দেখা যাবে এই তিন অভিনয়শিল্পীকে। নাটকটি অচিরেই সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
নাটকে থাকছে নতুন গান
‘তোমার পরে তুমি’ নাটকে ব্যবহার করা হয়েছে ‘তোমার পিছু’ শিরোনামের একটি গান। গানটির সুর করেছেন নাজির মাহমুদ এবং কণ্ঠ দিয়েছেন রিয়াদ। গল্পের রহস্য, সম্পর্কের টানাপোড়েন এবং নতুন পথে এগিয়ে যাওয়ার কাহিনি নিয়ে নির্মিত নাটকটি প্রকাশের অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।
কালের আলো/এমকেএম/জেএন

বিনোদন প্রতিবেদক, কালের আলো
প্রকাশের সময়: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ । ৬:০৯ অপরাহ্ণ