কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বাংলাদেশে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এ ধরনের আলোচনা তারাও শুনেছেন। তবে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার। তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুসারে শেখ হাসিনাকে ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী দেশের কাছে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তির এ ধরনের অপপ্রয়াস শুরু থেকেই চালু রয়েছে। তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে পরিস্থিতির সুযোগ নিতে চায় বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, কোনো অপশক্তি, পতিত শক্তি, ফ্যাসিস্ট, পলাতক অপরাধী কিংবা গণহত্যাকারীর অপতৎপরতা বাংলাদেশে চলতে দেওয়া হবে না। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো প্রচেষ্টা মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের মুখে যারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং দেশের শত শত নাগরিককে হত্যা করেছে, তাদের কোনো অপতৎপরতা দেশে চলতে দেওয়া হবে না। শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন এবং এ বিষয়ে সরকারের প্রস্তুতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি আবারও বলেন, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। তবে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ বা এ-সংক্রান্ত নতুন কোনো সিদ্ধান্তের কথা সংবাদ সম্মেলনে জানাননি স্বরাষ্ট্রমন্ত্রী।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রকাশের সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ । ৪:১০ অপরাহ্ণ