মগবাজারে আসিফের গাড়িতে গুলি, সিসিটিভিতে চলছে তদন্ত

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রকাশের সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ । ৪:৪০ অপরাহ্ণ

রাজধানীর মগবাজারে পার্কিংয়ে রাখা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও কণ্ঠশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় মামলা হয়েছে। তবে ঘটনার পরদিনও হামলাকারীকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শনিবার (২৪ অক্টোবর) রাতে আসিফ আকবর নিজেই বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে অফিসকক্ষে থাকা অবস্থায় নিচ থেকে বিকট শব্দ শুনতে পান আসিফ আকবর। পরে পার্কিংয়ে গিয়ে নিজের গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ ভাঙা দেখতে পান তিনি। এরপর অফিসে ফিরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করেন। ফুটেজে দেখা ঘটনার বিবরণ উল্লেখ করে তিনি থানায় মামলা করেন। এজাহারে ফুটেজ বিশ্লেষণের বরাতে বলা হয়েছে, মগবাজার থেকে ওয়্যারলেসগামী ফ্লাইওভারের নিচের সড়ক দিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ঘটনাস্থলের দিকে আসে। সেখান থেকে নেমে এক ব্যক্তি বিশাল সেন্টারের গাড়ি পার্কিংয়ে যান।

অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি পার্কিংয়ে থাকা আসিফ আকবরের গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ লক্ষ্য করে গুলি করেন। এরপর তিনি অটোরিকশায় করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে হামলাকারীর পরিচয় কিংবা গুলির পেছনে কী উদ্দেশ্য ছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এজাহারে বলা হয়েছে, বিষয়টি পুলিশকে জানানোর পর হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির একটি অংশবিশেষ উদ্ধার করে। গাড়ির কাচ ভেঙে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও মামলায় উল্লেখ করেছেন আসিফ আকবর। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানিয়েছেন, ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন ভবন এবং জায়গা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে। তিনি জানান, তদন্তে এখনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। হামলাকারীকে শনাক্ত ও ঘটনার কারণ জানতে পুলিশ কাজ করছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন