কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ফসলি জমির ওপর ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়ে আছে পল্লী বিদ্যুতের উচ্চক্ষমতাসম্পন্ন লাইনের তিনটি খুঁটি। প্রায় আড়াই বছর ধরে খুঁটিগুলো এ অবস্থায় থাকলেও এখনো স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। খুঁটির ওপর থাকা বিদ্যুতের তারও মাটির খুব কাছাকাছি ঝুলে থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন কৃষকেরা।
উপজেলার উত্তরহাওলা ইউনিয়নের উত্তর ফেনুয়া ও দক্ষিণ ফেনুয়ার সীমান্তবর্তী এলাকায় এ ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দক্ষিণ ফেনুয়া এলাকায় শামীম রাইস মিলের দক্ষিণ পাশে ফসলি জমির মাঝখান দিয়ে চলে গেছে পল্লী বিদ্যুতের উচ্চক্ষমতাসম্পন্ন মেইন লাইন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় আড়াই বছর আগে ওই লাইনের একটি খুঁটি বিপজ্জনকভাবে ফসলি জমির ওপর হেলে পড়ে। বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসকে জানানো হলে খুঁটিটি সোজা করার পরিবর্তে পাশে আরেকটি খুঁটি বসিয়ে কোনোমতে ঠেকনা দেওয়া হয়। পরবর্তী সময়ে একই লাইনের আরও দুটি খুঁটি হেলে পড়ে। এরপর থেকে তিনটি খুঁটিই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। খুঁটিগুলোর ওপর থাকা বিদ্যুতের তারও মাটি থেকে খুব কাছাকাছি ঝুলে আছে। ফলে জমিতে কৃষিকাজ করতে গিয়ে বিদ্যুতের তারের সংস্পর্শে আসার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় কৃষকেরা জানান, জমিতে হালচাষ, সেচ দেওয়া ও ফসল কাটার সময় তাঁদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। বিদ্যুতের খুঁটি ও ঝুলে থাকা তারের কারণে তাঁরা সব সময় দুর্ঘটনার আশঙ্কায় থাকেন। কেউ কেউ ঝুঁকিপূর্ণ এলাকাটি এড়িয়ে চলার চেষ্টা করেন। বিশেষ করে কৃষি মৌসুমে ট্রাক্টর, পাওয়ার টিলার কিংবা হালচাষে ব্যবহৃত গবাদিপশু নিয়ে জমিতে চলাচলের সময় ঝুলে থাকা তারের সংস্পর্শে আসার আশঙ্কা রয়েছে। এতে কৃষক, শ্রমিক ও কৃষিকাজে ব্যবহৃত প্রাণী—সবকিছুর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। বর্ষা মৌসুমে জমিতে পানি জমলে ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তাঁদের মতে, বিদ্যুতের তারের সংস্পর্শে কেউ এলে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের বিপদের মুখে পড়তে পারেন মাঠে কাজ করা মানুষ।
স্থানীয় কৃষক শামীম বলেন, “আমরা সব সময় আতঙ্কের মধ্যে মাঠে কাজ করি। আশপাশের ঘরবাড়ির মানুষও নিজেদের জমিতে যেতে ভয় পান। একটু অসাবধান হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।” দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় খুঁটিগুলো পড়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। তাঁদের দাবি, দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ফসলি জমিতে নিরাপদে যাতায়াত ও কৃষিকাজ নিশ্চিত করতে বিদ্যুতের লাইনটি দ্রুত মেরামত করা জরুরি।
এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর নাথেরপেটুয়া সাব-জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আহসান হাবীব বলেন, শিগগিরই সরেজমিনে পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে দীর্ঘ আড়াই বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা খুঁটিগুলো কবে নাগাদ মেরামত করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানা যায়নি। এখন স্থানীয় কৃষকদের প্রত্যাশা, দুর্ঘটনার অপেক্ষা না করে দ্রুত হেলে পড়া খুঁটিগুলো সোজা করা হবে এবং ঝুলে থাকা তার নিরাপদ উচ্চতায় স্থাপন করা হবে।
কালের আলো/এএইচ/এমএসআইপি