১১ বছর বয়সেই জাতীয় দাবায় মুগ্ধ, বাছাইয়ে নবম হয়ে চূড়ান্ত পর্বে

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ । ১১:২২ পূর্বাহ্ণ

বয়স মাত্র ১১ বছর ৩ মাস। এই বয়সেই জাতীয় দাবার মূল পর্বে জায়গা করে নিয়ে নিজের প্রতিভার জানান দিয়েছে রায়ান রশিদ মুগ্ধ। জাতীয় দাবা বাছাই টুর্নামেন্টে নবম স্থান অর্জন করে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে সে। বাংলাদেশের দাবায় নতুন সম্ভাবনা হিসেবে উঠে আসা এই ক্ষুদে দাবাড়ুকে ঘিরে তৈরি হয়েছে আগ্রহ।

জাতীয় দাবায় এত কম বয়সে অংশ নেওয়ার ঘটনা দেশের দাবার ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। দাবা অঙ্গনের অভিজ্ঞ সংগঠক ও আরবিটার হারুনুর রশিদও বিষয়টিকে উল্লেখযোগ্য বলে মনে করছেন।

কম বয়সে জাতীয় দাবায় খেলার নজির
হারুনুর রশিদ জানান, বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ১০ বছর বয়সে জাতীয় দাবায় অংশ নিয়েছিলেন। জিয়াউর রহমান ও রিফাতরাও ১৩ বছর বয়সে জাতীয় দাবা খেলেছেন। পরে মনন রেজা নীড় ১১ বছর বয়সে জাতীয় দাবায় অংশ নেন। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে মুগ্ধর নাম।

তাঁর ভাষ্য, ‘নিয়াজ মোর্শেদ ১০ বছর বয়সে জাতীয় দাবায় খেলেছিল। জিয়াউর রহমান, রিফাতরা ১৩ বছর বয়সে জাতীয় দাবা খেলে। নিয়াজ মোর্শেদের পর মনন রেজা নীড় ১১ বছরে জাতীয় দাবা খেলেন। এবার মুগ্ধও ১১ বছর বয়সে জাতীয় দাবা খেলতে যাচ্ছেন।’

বাছাইয়ে শীর্ষে মিনহাজ, মুগ্ধ নবম
এবারের জাতীয় দাবার চূড়ান্ত পর্বে গত আসরের চ্যাম্পিয়ন ও রানার্সআপ সরাসরি খেলার সুযোগ পেয়েছেন। বাকি ১২ জনকে বাছাই টুর্নামেন্টের মাধ্যমে জায়গা করে নিতে হয়েছে।

বাছাইয়ে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন সাগর ৯ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন। ৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছেন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়।

সাড়ে ৬ পয়েন্ট করে অর্জন করেন বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস। টাইব্রেকিংয়ের ভিত্তিতে তাঁদের অবস্থান যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম।

৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ হয়েছেন ক্যান্ডিডেট মাস্টার মো. মাছুম হোসেন। একই পয়েন্ট নিয়ে সপ্তম ও অষ্টম স্থান অর্জন করেন সিলেটের ক্যান্ডিডেট মাস্টার সাইফুল ইসলাম চৌধুরী এবং ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ।

সাড়ে পাঁচ পয়েন্টে চূড়ান্ত পর্বে মুগ্ধ
বাছাইয়ে সাড়ে ৫ পয়েন্ট অর্জন করে টাইব্রেকিংয়ের মাধ্যমে নবম স্থান নিশ্চিত করেছে রায়ান রশিদ মুগ্ধ। একই পয়েন্ট নিয়ে দশম হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মো. শরীফ হোসেন। একাদশ ও দ্বাদশ স্থান পেয়েছেন সাধারণ বীমা করপোরেশনের ক্যান্ডিডেট মাস্টার মো. আবু হানিফ এবং বাংলাদেশ পুলিশ দাবা ক্লাবের তাসরিক সায়হান শান। তাঁরাও চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন।

অন্যদিকে, একই পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ত্রয়োদশ এবং ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ চতুর্দশ হয়েছেন। ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান পঞ্চদশ ও ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম ষোড়শ স্থান অর্জন করেন।

বাদ পড়েছেন অভিজ্ঞ দাবাড়ুরাও
এবারের বাছাইয়ে নিয়মিত জাতীয় দাবায় অংশ নেওয়া ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারেননি। অন্যদিকে, বিকেএসপিতে দাবা প্রশিক্ষণ দেওয়ার কারণে ফিদে মাস্টার নাইম বাছাই টুর্নামেন্টে অংশ নিতে পারেননি। আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলও এবার বাছাইয়ে খেলেননি।

অভিজ্ঞ দাবাড়ুদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই বাছাইয়ে মাত্র ১১ বছর বয়সে নবম হয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া মুগ্ধর জন্য বড় অর্জন। এবার জাতীয় দাবার মূল প্রতিযোগিতায় তার পারফরম্যান্স কেমন হয়, সেদিকেই থাকবে দাবাপ্রেমীদের নজর।

কালের আলো/এএএন/জেএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন