২ কোটি ৩০ লাখ পয়েন্টে শরিফুল, তাসকিন-তানজিদও কোটিপতি

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ । ১১:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি বা ‘ডি থ্রি ট্রফি’ ঘিরে শুরু হয়েছে দল গঠনের লড়াই। আসন্ন ডিসেম্বরের টি-টোয়েন্টি প্রতিযোগিতার আগে অনুষ্ঠিত নিলামে সবচেয়ে বেশি পয়েন্টে বিক্রি হয়েছেন পেসার শরিফুল ইসলাম। তাঁকে দলে নিতে সিটিজেন গ্রুপ খরচ করেছে ২ কোটি ৩০ লাখ পয়েন্ট। দুই কোটির বেশি পয়েন্ট পেয়েছেন তাসকিন আহমেদ ও তানজিদ হাসানও।

নিলামে তাসকিন আহমেদের দাম উঠেছে ২ কোটি ১০ লাখ পয়েন্ট। তাঁকে দলে নিয়েছে ওয়ালটন। অন্যদিকে, ২ কোটি পয়েন্টে তানজিদ হাসানকে দলে ভিড়িয়েছে ফরচুন। এই তিন ক্রিকেটারই নিলামের সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে রয়েছেন।

শান্ত, লিটন ও হাসানের দামও কোটি পয়েন্টে
নিলামে জাতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটারের জন্য বড় অঙ্কের পয়েন্ট খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ফরচুন ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে নাজমুল হোসেন শান্তকে। একই দামে ওয়ালটনে খেলবেন লিটন কুমার দাস।

পেসার হাসান মাহমুদ ও ব্যাটার সাইফ হাসানের দাম উঠেছে ১ কোটি ৯৫ লাখ পয়েন্ট করে। হাসান মাহমুদকে দলে নিয়েছে ব্লুস্টার। অন্যদিকে, উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলি অনিককে দলে নিতে সিটিজেন খরচ করেছে ১ কোটি ৭০ লাখ পয়েন্ট। ডানহাতি পেসার খালেদ আহমেদের দাম উঠেছে দেড় কোটি পয়েন্ট। তিনি খেলবেন সেভেন রিংস সিমেন্টের হয়ে।

টাকা নয়, পয়েন্টে ক্রিকেটার কেনার লড়াই
সাধারণত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নিলামে অর্থের অঙ্কই থাকে আলোচনার কেন্দ্রে। তবে বিসিবির নতুন ডি থ্রি ট্রফিতে ক্রিকেটার বাছাইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে পয়েন্ট। ফলে কোন দল কত পয়েন্ট খরচ করে পছন্দের ক্রিকেটারকে দলে নিতে পারে, তা নিয়েই চলছে প্রতিদ্বন্দ্বিতা।

আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রথম আসর আয়োজন করা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। নতুন এই প্রতিযোগিতাকে ঘিরে দলগুলোর পরিকল্পনা ও ক্রিকেটার বাছাইয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

ছয় দলে খেলবেন ২৮১ ক্রিকেটার
ডি থ্রি ট্রফিতে অংশ নিচ্ছে ছয়টি দল—অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লুস্টার। নিলামের তালিকায় রয়েছেন মোট ২৮১ জন ক্রিকেটার। এর মধ্যে ২৭৫ জনকে নিলামের মাধ্যমে দলে নেওয়া হচ্ছে। বাকি ছয়জন আইকন ক্রিকেটার আগেই দল পেয়েছেন।

আইকন ক্রিকেটারদের মধ্যে নুরুল হাসান সোহান খেলবেন ব্লুস্টারে, তাওহীদ হৃদয় ফরচুনে, মোসাদ্দেক হোসেন সৈকত অ্যাকমিতে, মোহাম্মদ নাঈম শেখ সিটিজেনস ব্যাংকে, মুশফিকুর রহিম সেভেন রিংস সিমেন্টে এবং মেহেদী হাসান মিরাজ ওয়ালটনে।

নিলামে শরিফুল, তাসকিন ও তানজিদের বড় অঙ্কের পয়েন্টে দল পাওয়া নতুন টুর্নামেন্টের দল গঠনকে দিয়েছে বাড়তি মাত্রা। এখন মাঠের লড়াইয়ে এই ক্রিকেটাররা নিজেদের দলের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন, সেটিই দেখার বিষয়।

কালের আলো/এএইচ/জেএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন