মেট্রোরেলে উল্টো যাত্রার চেষ্টায় আট যাত্রীর জরিমানা

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ । ২:০৩ অপরাহ্ণ

মেট্রোরেলের শেষ স্টেশন মতিঝিলে পৌঁছানোর পরও ট্রেন থেকে না নেমে একই ট্রেনে উত্তরা উত্তরমুখী হয়ে ফিরে যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করায় যাত্রীদের বিরুদ্ধে আটটি মামলায় অর্থদণ্ড দেওয়া হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মোবাইল কোর্ট সম্প্রতি এসব মামলা করে।

সোমবার (২৬ অক্টোবর) ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মতিঝিল স্টেশনে ট্রেন পৌঁছানোর পরও কিছু যাত্রী একই ট্রেনে অবস্থান করেন, যাতে আবার উত্তরা উত্তর অভিমুখে যাত্রা করতে পারেন। এ ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে সতর্কতামূলক জরিমানা হিসেবে আটটি মামলায় অর্থদণ্ড দেওয়া হয়।ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান এসব মামলার ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় এমআরটি পুলিশ ও আনসার সদস্যরা প্রয়োজনীয় সহযোগিতা দেন।

মেট্রোরেলের নির্ধারিত যাত্রাপথ ও স্টেশন পরিচালনার নিয়ম মেনে চলার গুরুত্ব তুলে ধরে বিজ্ঞপ্তিতে ঘটনাটির কথা জানানো হয়। তবে বিজ্ঞপ্তিতে জরিমানার মোট অর্থের পরিমাণ বা কতজন যাত্রীকে এসব মামলায় দণ্ড দেওয়া হয়েছে, তা উল্লেখ করা হয়নি।এদিকে, কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকায়ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ডিএমটিসিএল। সকাল সাড়ে ১০টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে স্টেশনের আশপাশে থাকা অস্থায়ী দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। যাত্রীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে—এমন ভাসমান দোকানপাট ও অন্যান্য অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়।ডিএমটিসিএলের অভিযানের লক্ষ্য ছিল স্টেশন এলাকায় যাত্রীদের চলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করা। স্টেশনের প্রবেশপথ ও আশপাশে অবৈধ স্থাপনা কিংবা ভাসমান দোকানের কারণে চলাচলে বাধা তৈরি হলে যাত্রীদের ভোগান্তি বাড়তে পারে। এ কারণে মেট্রোরেলের স্টেশন এলাকায় নিয়মশৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কালের আলো/এসকে/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন