সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জুবাইদার

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ । ৭:৩৫ অপরাহ্ণ

বাংলাদেশের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামো উন্নয়নে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের টোকিওতে ফাউন্ডেশন আয়োজিত স্বাস্থ্যবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সুরক্ষাকে সর্বোচ্চ নীতিগত অগ্রাধিকার দিয়েছে। সবার জন্য সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করা, সরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ডসহ পরিবারভিত্তিক সামাজিক সহায়তা কর্মসূচির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে।

নিজের পেশাগত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিকতায় দুই দেশের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে স্বাস্থ্য ও সামাজিক খাতের উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার পাশাপাশি তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশে টেকসই সামাজিক কাঠামো, মানসম্মত শিক্ষা এবং দারিদ্র্য ও ঝুঁকি থেকে সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশ্বব্যাপী আন্তঃসংযোগের এ সময়ে স্বাস্থ্য কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, ‘সবার জন্য স্বাস্থ্য’ অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক ফাউন্ডেশনগুলোর অবদানও গুরুত্বপূর্ণ। সঠিক স্বাস্থ্যনীতি বাস্তবায়ন ও আধুনিক চিকিৎসাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় পরিচালিত কার্যক্রমের প্রশংসা করে তিনি বাংলাদেশে ফাউন্ডেশনটির কার্যক্রম আরও সম্প্রসারণের অনুরোধ জানান। স্বাস্থ্য সুরক্ষা ও টেকসই সেবা নিশ্চিত করতে ফাউন্ডেশনকে সব ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত বলেও জানান তিনি।

সেমিনারে নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়াসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন