দলবদ্ধ কুকুরের তাড়ায় কাপাসিয়ায় বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রকাশের সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ । ১:৩৪ অপরাহ্ণ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন সড়ক, বাজার ও জনবহুল এলাকায় বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণে বাড়ছে উদ্বেগ। দলবদ্ধভাবে ঘুরে বেড়ানো এবং পথচারীদের তাড়া করার ঘটনায় শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কুকুরের তাড়া খেয়ে ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কাও করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের ভাষ্য, উপজেলার বিভিন্ন সড়ক, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে প্রায়ই বেওয়ারিশ কুকুরের দল দেখা যায়। রিকশা, সাইকেল ও মোটরসাইকেল চলাচলের সময়ও কোনো কোনো কুকুর তেড়ে আসে। এতে পথচারীদের পাশাপাশি যানবাহনের চালকেরাও বিপাকে পড়ছেন। বিশেষ করে সন্ধ্যা ও রাতে এসব এলাকায় চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মতে, বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ শুধু পথচারীদের আতঙ্কের কারণ নয়, বরং সড়কে দুর্ঘটনার ঝুঁকিও বাড়াচ্ছে। শিশুদের বিদ্যালয়ে যাওয়া-আসা এবং বয়স্ক ব্যক্তিদের স্বাভাবিক চলাচল নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, সড়কে কুকুরের এমন বিচরণের কারণে শিশু ও বয়স্কদের চলাচলে সমস্যা হচ্ছে। কুকুরের তাড়া খেয়ে কেউ ভারসাম্য হারিয়ে পড়ে গেলে কিংবা চলন্ত যানবাহনের সামনে চলে গেলে দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়দের আশঙ্কা, সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে। তাই জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কে বেওয়ারিশ কুকুরের সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ চান তাঁরা। বেওয়ারিশ কুকুরের বিচরণ নিয়ে উদ্বেগের পাশাপাশি কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনাও সামনে এসেছে। বীর উজলী বাজারের পল্লীচিকিৎসক মনির হোসেন জানান, এলাকায় কুকুরের কামড়ে আহত হয়ে অনেকে ভ্যাকসিন নিতে আসছেন। তাঁদের কারও কারও শরীরে গভীর ক্ষতও তৈরি হচ্ছে।তাঁর মতে, এ পরিস্থিতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। কুকুরের কামড়ে আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি ঝুঁকি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

বেওয়ারিশ কুকুরের কামড় ও আঁচড় থেকে জলাতঙ্কে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম কে এম আতিকুর রহমান বলেন, বেওয়ারিশ কুকুরের মধ্যে জলাতঙ্কের ঝুঁকি থাকতে পারে। কুকুরে কামড়ালে বা আঁচড় দিলে দ্রুত ব্যবস্থা না নিলে এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বেওয়ারিশ কুকুরকে টিকাদানের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, কুকুরে কামড়ালে বা আঁচড় দিলে ক্ষতস্থান সাবান ও প্রবাহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ভালোভাবে ধুয়ে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্কের টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে।

জলাতঙ্কের লক্ষণ দেখা দেওয়া পর্যন্ত অপেক্ষা না করে কামড় বা আঁচড়ের পরপরই চিকিৎসা নেওয়া জরুরি। এ ক্ষেত্রে অবহেলা প্রাণঘাতী হতে পারে। কাপাসিয়ায় বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ, পথচারীদের তাড়া করা এবং কামড়ে আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ, টিকাদান এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন স্থানীয়রা।

কালের আলো/এএএন/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন