একসময় যে নদী দিয়ে চলাচল করত লঞ্চ, ট্রলার ও পণ্যবাহী নৌযান, সেই নদীর বুকেই এখন কোথাও ফসলের চাষ হচ্ছে, কোথাও জেগে উঠেছে বিস্তীর্ণ চর। বর্ষায় পানি থাকলেও শুকনো মৌসুমে অনেক অংশ শুকিয়ে যাচ্ছে। মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ, ময়নাকাটা ও বিলপদ্মাসহ বিভিন্ন নদ-নদী নাব্য সংকট, পলি জমে ভরাট হওয়া এবং তীর দখলের চাপে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীগুলো খনন না করা, নদীর তীর দখল এবং বিভিন্ন স্থানে ভরাটের কারণে স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে একদিকে নৌযোগাযোগ ব্যাহত হচ্ছে, অন্যদিকে কৃষি, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য ও স্থানীয় পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে পরিকল্পিত খনন, অবৈধ দখল উচ্ছেদ এবং নদী ভরাট বন্ধে কার্যকর পদক্ষেপ চান স্থানীয় বাসিন্দারা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, নদীগুলোর প্রকৃত অবস্থা নির্ধারণ ও পুনরুদ্ধারের উদ্যোগ নিতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের প্রক্রিয়া চলছে।
নাব্য সংকটে সংকুচিত হচ্ছে নদীপথ
উন্নয়ন বোর্ডের সূত্রে জানা গেছে, মাদারীপুরের পাঁচটি উপজেলায় নথিভুক্ত নদ-নদীর সংখ্যা ১৭টি। পদ্মা, পালরদী ও ময়নাকাটাসহ বিভিন্ন নদ-নদী প্রায় ২৫০ কিলোমিটার এলাকাজুড়ে প্রবাহিত। তবে এসব নদ-নদীর মধ্যে দৃশ্যমান রয়েছে ১০টি। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন খনন না হওয়ায় জেলার কয়েকটি নদী নাব্যতা হারিয়েছে। কোনো কোনো নদীর গতিপথেও পরিবর্তন এসেছে। শিবচর উপজেলার শিরুয়াইল, নিলখী, বাঁশকান্দি, শিবচর পৌর এলাকা, পাচ্চর ও দ্বিতীয়াখণ্ডসহ বিভিন্ন এলাকায় নদীগুলোর সংকট স্পষ্ট হয়ে উঠেছে। কোথাও নদীর তলদেশে পলি জমে প্রবাহপথ সংকুচিত হয়েছে, কোথাও শুকনো মৌসুমে পানি কমে গিয়ে চর জেগে উঠছে। এভাবে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় নৌপথের ব্যবহারও সীমিত হয়ে পড়ছে।
মরা আড়িয়াল খাঁয় বর্ষায় পানি, শুষ্ক মৌসুমে চাষাবাদ
শিবচরের শিরুয়াইল থেকে নিলখী হয়ে প্রবাহিত আড়িয়াল খাঁ নদের একটি অংশ স্থানীয়ভাবে ‘মরা আড়িয়াল খাঁ’ নামে পরিচিত। দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হওয়ায় নদীটির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। বর্ষায় কোথাও কোথাও পানি জমলেও শুকনো মৌসুমে বিস্তীর্ণ অংশ শুকিয়ে যায়। নদীর ভেতরের কোনো কোনো স্থানে ফসলের চাষও হচ্ছে। শিরুয়াইল এলাকার বাসিন্দা রানা হামিদ বলেন, ‘আমাদের শিরুয়াইল বাজারের পাশের নদীটি এখন আর নদী নাই! এটা আড়িয়াল খাঁ নদেরই একটি অংশ। একসময় এটাই বড় নদী ছিল। এখন এর কোনো গতিপথই নেই। নদীর মাঝে বর্ষা মৌসুমে পানি জমে। শুকনো মৌসুমে শুকিয়ে যায়। নদীর মধ্যে এখন ফসল ফলানো হয়।’ স্থানীয়দের মতে, একসময়ের প্রবহমান নদীর এমন পরিবর্তন শুধু নৌযোগাযোগের সংকট নয়, এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জলপ্রবাহের জন্যও উদ্বেগজনক। নদীটির প্রকৃত গতিপথ চিহ্নিত করে পুনরুদ্ধার ও খননের ব্যবস্থা না নিলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা তাঁদের।
ময়নাকাটার বুকে চর, বন্ধ হওয়ার পথে পানিপ্রবাহ
শিবচর পৌর এলাকার ওপর দিয়ে প্রবাহিত ময়নাকাটা নদীও নাব্য সংকটে অস্তিত্বের হুমকিতে রয়েছে। বর্ষায় নদীটি পানিতে ভরে উঠলেও শুকনো মৌসুমে বিভিন্ন স্থানে পানি শুকিয়ে যায়। তলদেশে পলি জমে প্রবাহপথ সংকুচিত হওয়ার পাশাপাশি দুই তীরের বিভিন্ন স্থানে ভরাট ও দখলের অভিযোগ রয়েছে। একসময় ময়নাকাটা নদী দিয়ে বর্ষাকালে পণ্যবাহী নৌযান চলাচল করত। বর্তমানে বিভিন্ন স্থানে পলি ও কাদা জমে নদীটির নাব্যতা কমেছে। শুকনো মৌসুমে নদীর বুকে চর জেগে ওঠায় স্বাভাবিক পানিপ্রবাহও ব্যাহত হচ্ছে।
শিবচরের বিশিষ্ট সমাজসেবক বাবুল গোমস্তা বলেন, ‘আমরা পরিকল্পিত শিবচর চাই। ময়নাকাটা নদীকে আমাদের অস্তিত্বের জন্য রক্ষা করতে হবে। ময়নাকাটা নদীকে রক্ষা করতে পারলে পরিকল্পিত শিবচর গড়ে তোলা সম্ভব।’ তাঁর বক্তব্যে নদীটির গুরুত্বের পাশাপাশি পরিকল্পিত নগরায়ণ ও পরিবেশ রক্ষার বিষয়টিও উঠে এসেছে। স্থানীয়দের দাবি, ময়নাকাটা নদীকে রক্ষা করতে হলে দখল ও ভরাট বন্ধের পাশাপাশি নদীর প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।
বিলপদ্মা নদীতেও নাব্য সংকট
শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের বিলপদ্মা নদীও দীর্ঘদিন ধরে নাব্যতা সংকটে ভুগছে। স্থানীয়দের ভাষ্য, নদীটির দুই তীরে চর জেগে উঠেছে এবং ধীরে ধীরে সংকুচিত হচ্ছে প্রবাহপথ। অথচ একসময় এ নদী দিয়ে বড় বড় লঞ্চ ও ট্রলার চলাচল করত। বাঁশকান্দি ইউনিয়নের শুম্ভুক গ্রামের বাসিন্দা জরিনা খাতুন বলেন, ‘আমাদের বাড়ির কাছে বিলপদ্মা নদী। কালের বিবর্তনে এখন অনেকটাই শুকিয়ে গেছে। এই নদী দিয়ে বড় বড় লঞ্চ চলছে, ট্রলার চলছে। এখন চর পড়ে শুকিয়ে গেছে।’ স্থানীয়দের মতে, নদীটির নাব্যতা ফিরিয়ে আনতে পরিকল্পিত খনন জরুরি। তা না হলে নৌপথের স্বাভাবিক ব্যবহার আরও সীমিত হয়ে পড়বে। নদীর বর্তমান অবস্থা নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
পদ্মা-সংলগ্ন এলাকাতেও জেগে উঠছে চর
পদ্মার সঙ্গে সংযুক্ত শিবচরের দ্বিতীয়াখণ্ড ও কুতুবপুর এলাকায় ভরাট হয়ে যাওয়া নদী এবং পুরোনো প্রবাহপথ রয়েছে। দীর্ঘদিন ধরে পলি জমা ও পানিপ্রবাহ কমে যাওয়ায় এসব নদীর অনেক অংশ সংকুচিত হয়েছে। অন্যদিকে, পদ্মা-সংলগ্ন মাদবরেরচরসহ বিভিন্ন এলাকায় শুকনো মৌসুমে চর জেগে ওঠে। পদ্মা সেতুর আশপাশেও বিস্তীর্ণ চর দেখা যায়। তবে এসব চর জেগে ওঠার কারণ এবং নদীর প্রবাহে এর প্রভাব নির্ধারণে নিয়মিত পর্যবেক্ষণ ও বৈজ্ঞানিক সমীক্ষা প্রয়োজন। বিশেষজ্ঞ পর্যায়ের সমীক্ষা ছাড়া নদীর পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ ও প্রভাব নির্ধারণ করা কঠিন। তাই নদীগুলোর প্রবাহ, পলি জমার পরিমাণ, গতিপথ এবং দখলের পরিস্থিতি যাচাই করে সমন্বিত পরিকল্পনা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।
নদী রক্ষায় পরিকল্পনা করছে উপজেলা প্রশাসন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান জানিয়েছেন, উপজেলার নদ-নদীগুলো রক্ষায় পরিকল্পনা নেওয়ার উদ্যোগ চলছে। তবে বিআরএস নকশা ও পর্চা অনুযায়ী নদীগুলোর সঠিক চিত্র পাওয়া যাচ্ছে না। এ কারণে উপজেলার প্রতিটি নদী ও খালের প্রকৃত অবস্থা নির্ধারণের প্রক্রিয়া চলছে। তিনি জানান, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের পর যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। নদীর প্রকৃত সীমানা ও অবস্থান নির্ধারণ করা গেলে দখল ও ভরাটের পরিস্থিতি চিহ্নিত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ সহজ হবে।
খনন প্রকল্প নেই পানি উন্নয়ন বোর্ডের হাতে
মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবু সাদত মো. হাসান কবির জানিয়েছেন, শিবচরের আড়িয়াল খাঁ নদের শাখা ময়নাকাটা নদীর অনেক স্থানে দখল ও নাব্য সংকটের কারণে স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হওয়ার পথে। তবে বর্তমানে নদীটি খনন ও পুনরুদ্ধারের কোনো প্রকল্প পানি উন্নয়ন বোর্ডের হাতে নেই বলে জানান তিনি। ভবিষ্যতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নদীটি পুনরুদ্ধার ও খননের উদ্যোগ নেওয়া হতে পারে। শিবচরের নদ-নদীগুলোর বর্তমান পরিস্থিতিতে স্থানীয়দের প্রত্যাশা, নদীর সীমানা নির্ধারণ, দখল ও ভরাট বন্ধ এবং বৈজ্ঞানিক সমীক্ষার ভিত্তিতে খননকাজের পরিকল্পনা করা হবে। সময়মতো কার্যকর উদ্যোগ নেওয়া না হলে একসময়ের প্রবহমান নদীগুলোর নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ আরও সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি