বিশ্বজুড়ে ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার আশঙ্কায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার সাময়িকভাবে বন্ধ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। সার্ভারের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সংস্থাটির কারিগরি দল।
বুধবার (২৮ অক্টোবর) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি জানান।
এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘আমাদের কারিগরি টিম কাজ করছে। কাজ শেষ হলে দ্রুতই সার্ভার চালু হয়ে যাবে।’
এদিকে, সরকারি তথ্যভান্ডারের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কবার্তা জারি করেছে সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ।
প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজের একদল গবেষক কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় পিএইচপির প্রায় এক দশক পুরোনো একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেন। ত্রুটিটি সাইবার হামলার ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্কতা জারি করা হয়।
এরপর গত ২১ অক্টোবর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) জরুরি সতর্কতা জারি করে। এর পরপরই সম্ভাব্য হ্যাকিংয়ের ঝুঁকি মোকাবিলায় উইকিমিডিয়া, যুক্তরাজ্য সরকার, ফ্রান্সের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান অরেঞ্জ এবং ফিনল্যান্ড সরকারসহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত ওয়েবসাইট সাময়িকভাবে সেবা বন্ধ রাখে।
এনআইডি সার্ভার পুনরায় চালুর নির্দিষ্ট সময় জানায়নি নির্বাচন কমিশন। তবে কারিগরি কাজ শেষ হলে দ্রুত সেবা চালু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
কালের আলো/এএইচ/এমএসআইপি