স্পেনে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, আহত ১৭৯

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো
প্রকাশের সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ । ৫:২০ অপরাহ্ণ

স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত এবং ১৭৯ জন আহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর মধ্য স্পেনের মোরা ও অরগাস শহরের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাদ্রিদ-আন্দালুসিয়া দ্রুতগতির রেলপথে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

বাংলানিউজ২৪-এর বরাতে জানা যায়, দুর্ঘটনায় রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান রেনফে ও ইরিও পরিচালিত দুটি ট্রেন জড়িত ছিল। একটি ট্রেন মাদ্রিদ থেকে সেভিয়ার দিকে যাচ্ছিল। সংঘর্ষে দুটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানিয়েছে কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের এক সরকারি মুখপাত্র।

তিনি জানান, দুর্ঘটনার কারণ ও হতাহতের পূর্ণ সংখ্যা নির্ধারণের কাজ চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দুর্ঘটনাকবলিত ট্রেনের কয়েকটি বগি খাদে কাত হয়ে পড়ে থাকতে দেখা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীরা পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।

এদিকে, তোলেদো শহরের কাছের উরদা পৌরসভার মেয়র ম্যানুয়েল গালান জানান, আহত ব্যক্তিদের আশ্রয় ও চিকিৎসাসেবার ব্যবস্থা করতে একটি ক্রীড়া হল প্রস্তুত রাখার অনুরোধ জানিয়েছেন জরুরি সেবাকর্মীরা।

রেল পরিচালনাকারী সংস্থা আদিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, দুই ট্রেনের পেছনের অংশে সংঘর্ষের পর মাদ্রিদ-আন্দালুসিয়া দ্রুতগতির রেলপথে চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে।

তথ্যসূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

কালের আলো/এসকে/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন