নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও বকেয়া পরিশোধের জন্য ব্যাংক খাত থেকে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার। চলতি অক্টোবর মাসে ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ব্যাংক খাত থেকে মোট ৬০ হাজার ৩০০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এই অর্থ সংগ্রহের অংশ হিসেবে বুধবার (২৮ অক্টোবর) ১৪ দিন মেয়াদি বিশেষ ট্রেজারি বিলের নিলাম ডেকেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত, ব্যাংক খাত থেকে সরকারের নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজার ২৪৫ কোটি টাকা। এর মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নেওয়া হয়েছে ২৩ হাজার ২২৭ কোটি টাকা।
আগামী ১ নভেম্বর নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অক্টোবর মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বেতন বৃদ্ধির বকেয়া পরিশোধের কথা রয়েছে। বাড়তি এই ব্যয় মেটাতেই চলতি মাসে সরকারের ঋণ নেওয়ার পরিকল্পনা বাড়ানো হয়েছে।
বিশেষ ট্রেজারি বিলের নিলাম
সাধারণত সরকার ব্যাংক খাত থেকে ৯১, ১৮২ ও ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিলের মাধ্যমে ঋণ নিয়ে থাকে। তবে অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটাতে এবার ১৪ দিন মেয়াদি বিশেষ ট্রেজারি বিলের নিলাম ডাকা হয়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এতে ঘাটতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। দেশি ও বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে এই ঘাটতি পূরণের পরিকল্পনা রয়েছে সরকারের।
এ ছাড়া বাজেটের অর্থায়নে ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বাড়ছে ট্রেজারি বিল ও বন্ডের সুদহার
সরকারের ঋণ নেওয়ার চাপ বাড়ায় ট্রেজারি বিল ও বন্ডের সুদহারও ঊর্ধ্বমুখী হয়েছে। গত ৫ অক্টোবর ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের ইল্ড ছিল ৮ দশমিক ১৩ শতাংশ। ২৬ অক্টোবর তা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি বন্ডের ইল্ডও বেড়েছে।
অন্যদিকে, ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্যের পরিমাণ গত আগস্টের শেষে ৪ লাখ ৪২ হাজার কোটি টাকায় পৌঁছেছিল। এত বিপুল পরিমাণ উদ্বৃত্ত তারল্য থাকার পরও সরকারের ঋণের চাহিদা বাড়ায় ট্রেজারি বিল ও বন্ডের সুদহার বাড়ছে।
কালের আলো/এসকে/এমএসআইপি