মিরপুর টেস্টে চোট, কনকাশন বদলি পেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক,কালের আলো
প্রকাশের সময়: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ । ৫:১৮ অপরাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিনে ফিল্ডিং করতে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন বাংলাদেশের ব্যাটার মুমিনুল হক। তার কনকাশন বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন জাকের আলী অনিক। ইতিমধ্যে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়েও নেমেছেন এই উইকেটকিপার ব্যাটার। শুক্রবার (৩০ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৭৮তম ওভারের প্রথম বলে এ ঘটনা ঘটে। মেহেদী হাসান মিরাজের করা বলটি ডিফেন্স করতে গিয়ে ব্যাটের কানায় লাগান ক্যারিবীয় ব্যাটার জশুয়া বিশপ। বলটি চলে যায় শর্ট লেগে দাঁড়িয়ে থাকা মুমিনুলের বাঁ দিকে।

ক্যাচ নিতে গিয়ে মাথায় আঘাত
বলটি তালুবন্দী করতে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েন মুমিনুল। এক হাতে বলটি ধরতে সক্ষম হলেও শেষ পর্যন্ত ক্যাচটি ধরে রাখতে পারেননি তিনি। এরপর হেলমেটসহ মুখ থুবড়ে মাটিতে পড়ে যান এই বাঁহাতি ব্যাটার। আঘাত পাওয়ার পর মুমিনুলকে ব্যথায় কাতরাতে দেখা যায়। দ্রুত মাঠে ছুটে আসেন বাংলাদেশ দলের ফিজিও। সেখানে তার কনকাশন পরীক্ষা করা হয়। পরে মাঠ ছাড়তে হয় তাকে।

বদলি হিসেবে জাকেরের অন্তর্ভুক্তি
মুমিনুল মাঠ ছাড়ার পর প্রথমে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামেন জাকের আলী। পরবর্তী সময়ে মুমিনুলের কনকাশন বদলি হিসেবে তাকে অনুমোদন দেওয়া হয়। ফলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সুযোগ পান জাকের। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, কনকাশন বদলি হিসেবে অনুমোদন পেলে সংশ্লিষ্ট খেলোয়াড় মূল ক্রিকেটারের পরিবর্তে ম্যাচের বাকি অংশে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করতে পারেন।

বাংলাদেশের ষষ্ঠ কনকাশন বদলি
বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে পাঁচবার কনকাশন বদলির ঘটনা ঘটেছে। ২০১৯ সালে ভারতের বিপক্ষে কলকাতা টেস্টে মোহাম্মদ শামির বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন লিটন দাস ও নাঈম হাসান। তাদের পরিবর্তে খেলেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে মোহাম্মদ সাইফউদ্দিনের বদলি হিসেবে খেলেন তাসকিন আহমেদ। একই বছর পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ইয়াসির আলীর বদলি হন নুরুল হাসান সোহান।

এরপর ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম ওয়ানডেতে সৌম্য সরকারের কনকাশন বদলি হিসেবে মাঠে নামেন তানজিদ হাসান। মুমিনুল হকের পরিবর্তে জাকের আলীর অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ষষ্ঠবারের মতো কনকাশন বদলির ঘটনা ঘটল।

কালের আলো/এএএন/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন