খুঁজুন
                               
সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

কাল টাঙ্গাইলসহ সারাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন : কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩:১৩ অপরাহ্ণ
কাল টাঙ্গাইলসহ সারাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন : কৃষিমন্ত্রী

দেশের ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য সরকার চালু করতে যাচ্ছে ‘কৃষি কার্ড’। তিন ধাপে পর্যায়ক্রমে সারাদেশের কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। এর আওতায় কৃষকরা বছরে আড়াই হাজার টাকাসহ বিভিন্ন সুবিধা পাবেন।

আগামীকাল ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে সমাবেশস্থল পরিদর্শন ও কাজের অগ্রগতি দেখতে যান কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সাংবাদিকদের বলেন, দেশের প্রায় ৭০ ভাগ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। কৃষকদের ভাগ্য পরিবর্তন হলেই দেশ ও দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে কৃষক যেন ন্যায্যমূল্য ও অধিকার পান, এই লক্ষ্যেই প্রধানমন্ত্রী কৃষি কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, পহেলা বৈশাখে এই কর্মসূচির উদ্বোধন হওয়ায় দিনটি দ্বিগুণ তাৎপর্যপূর্ণ। একদিকে বাংলা নববর্ষের প্রথম দিন, অন্যদিকে দেশের প্রথম কৃষক কার্ড কর্মসূচির যাত্রা, যা টাঙ্গাইলসহ সারা দেশের জন্য একটি ঐতিহাসিক দিন।

মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে টাঙ্গাইলসহ দেশের ১১টি স্থানে ‘প্রি-পাইলটিং’ হিসেবে কার্যক্রম শুরু হবে। পরে পাইলটিং ও পর্যায়ক্রমে সারাদেশে বিস্তৃত করা হবে। পুরো প্রকল্প বাস্তবায়নে প্রায় চার বছর সময় লাগতে পারে।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামীকালের কর্মসূচিকে ঘিরে টাঙ্গাইলের জনগণ অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই জেলাতেই প্রধানমন্ত্রী কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন, যা একটি ঐতিহাসিক ঘটনা।

টাঙ্গাইলবাসী অনেক ভাগ্যবান জানিয়ে তিনি বলেন, মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানী কৃষকদের দাবি আদায়ের জন্য জমিদার প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছেন। তার স্মৃতিবিজড়িত টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন হওয়া গর্বের বিষয়। আগামীকালের কর্মসূচিতে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করবেন। আশা করি এটি একটি স্মরণীয় অনুষ্ঠান হবে এবং সর্বোচ্চ উপস্থিতি থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

কালের আলো/এসএকে

সন্ধ্যার মধ্যে ১০ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
সন্ধ্যার মধ্যে ১০ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১০ অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখী ঝড়। এ ঝড়ের গতিবেগ কোনো জায়গায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে হতে পারে।

সোমবার (২৫ মে) সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, আজ সন্ধ্যার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া এবং ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

তিনি আরও জানান, এছাড়া রংপুর, দিনাজপুর, ঢাকা, টাংগাইল, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

ঈদের আগে ফের বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
ঈদের আগে ফের বাড়ল স্বর্ণের দাম

আবারও বেড়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

সোমবার (২৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দামের ঘোষণা দেয় বাজুস। সংস্থাটি জানায়, নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।

এর আগে শনিবার (২৩ মে) একই পরিমাণে স্বর্ণের দাম কমানো হয়েছিল। তবে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৯ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৭ দফা দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ৩২ দফা।

কালের আলো/আরডি/এমডিএইচ

পাকিস্তানে ট্রেনে বোমা হামলা ও প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
পাকিস্তানে ট্রেনে বোমা হামলা ও প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

Oplus_131072

পাকিস্তানে একটি শাটল ট্রেনে ভয়াবহ বোমা হামলার ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং নারী ও শিশুসহ বহু মানুষ আহত হয়েছেন। এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাকিস্তানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

তিনি সব ধরনের সন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ পাকিস্তানের জনগণের পাশে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার (২৪ মে) সকালে পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় জাফর এক্সপ্রেস নামে একটি ট্রেন লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়। ট্রেনটি সেনানিবাস এলাকা থেকে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এই হামলায় আহত হয়েছেন অন্তত ৮২ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কালের আলো/এসএকে