খুঁজুন
                               
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ়, ১৪৩৩
           

তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:১৭ অপরাহ্ণ
তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ১২টায় বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং-এর এক দ্বিপাক্ষিক বৈঠকে এই ঐকমত্য হয়।

প্রধানমন্ত্রী বৈঠকে বাংলাদেশে বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানিসম্পদের যথাযথ ব্যবহারের লক্ষ্যে চলমান নদী খনন কর্মসূচির কথা তুলে ধরেন। একই সঙ্গে দেশের নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থাপনা এবং নৌ-নেভিগেশন ব্যবস্থার উন্নয়নে চীনের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বা নদী ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন। জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং ইতিবাচক সাড়া দেন এবং বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় দেশটির সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর।

২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) এবং গত বছর চীনের পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের কথা স্মরণ করে লি গোওইং বলেন, পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ চীনের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে। এই খাতের দক্ষতা উন্নয়নে তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে উচ্চতর প্রশিক্ষণের আহ্বান জানান।

বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

কালের আলো/জেএন/এমএসআইপি 

আসন্ন হজ মৌসুম নিয়ে মন্ত্রণালয়ের নতুন সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৪:০৫ অপরাহ্ণ
আসন্ন হজ মৌসুম নিয়ে মন্ত্রণালয়ের নতুন সতর্কবার্তা

অনুমোদনবিহীন এজেন্সি বা গ্রুপ বা কাফেলার হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৫ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এক চিঠিতে এ সতর্ক করা হয়েছে।

চিঠিতে হজে গমনেচ্ছু ব্যক্তি ও সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে- অনুমোদনবিহীন এজেন্সি বা গ্রুপ বা কাফেলা নামীয় কিছু প্রতিষ্ঠান ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় হজ প্যাকেজ ঘোষণা করে পবিত্র হজে গমনেচ্ছু ব্যক্তিদের প্রলুব্ধ করার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে সরকার অনুমোদিত বৈধ লাইসেন্সধারী ও তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সি ব্যতীত অন্য কোনো এজেন্সি বা এজেন্ট বা গ্রুপ বা কাফেলার হজ কার্যক্রম পরিচালনার সুযোগ নেই এবং তাদের মাধ্যমে হজে গমন সম্ভব নয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সি ব্যতীত অন্য কোনো এজেন্সি বা ট্রাভেল এজেন্ট বা গ্রুপ বা কাফেলার সাথে হজ সংশ্লিষ্ট আর্থিক লেনদেন না করার জন্য সব চিঠিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

চিঠিতে ২০২৭ সালের হজ প্যাকেজ ও গাইড লাইন শিগগিরই ঘোষণা করা হবে উল্লেখ করে প্রকাশিত হজ প্যাকেজ ও গাইড লাইন অনুসরণ করার জন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ করা হয়েছে।

কালের আলো/এসএকে

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ
হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি। মোট ১৭২টি ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তারা। অন্যদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে মোট ৫৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, বুধবার (২৪ জুন) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৪ হাজার ৬১৭ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯১টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে ফিরেছেন ২৯ হাজার ২৯৯ জন বাংলাদেশি।

এছাড়াও সৌদি এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে আরও ২২ হাজার ৪৫৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৮ হাজার ৬৭২ জন হাজি। সবমিলিয়ে এ পর্যন্ত সরকারি মাধ্যমে দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৪ হাজার ৩১৯ জন। পাশাপাশি বেসরকারি মাধ্যমে এ পর্যন্ত মোট ৬০ হাজার ২৯৮ জন বাংলাদেশি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন।

চলতি বছর পবিত্র হজ পালনে গিয়ে মোট ৫৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী। এর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন ও জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ বছর হজ মৌসুমে সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪১৫ জন বাংলাদেশি।

চলতি বছর গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৭ লাখের বেশি মুসল্লি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ বছর সৌদি আরবে জমায়েত হয়েছিলেন। যার মধ্যে ৭৮ হাজারের বেশি ছিলেন বাংলাদেশি। পবিত্র হজ পালন শেষে গত ৩০ মে থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়। আর এ বছর হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট দেশে পৌঁছাবে আগামী ৩০ জুন।

কালের আলো/এসএকে

মন্ত্রী পদমর্যাদা পেলেন ঢাকার ভারতীয় হাইকমিশনার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
মন্ত্রী পদমর্যাদা পেলেন ঢাকার ভারতীয় হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা দিয়েছে দেশটির সরকার।

বুধবার (২৪ জুন) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (জননিরাপত্তা বিভাগ) এক অফিস স্মারক থেকে জানা গেছে এ তথ্য।

স্মারকে বলা হয়, অগ্রাধিকার সারণী (টেবিল অফ প্রেসিডেন্স) আনুষ্ঠানিকভাবে সংশোধন না করেই বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদীকে অগ্রাধিকার সারণীতে (টেবিল অফ প্রেসিডেন্স) কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমতুল্য মর্যাদা প্রদান করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, এই মর্যাদা শুধুমাত্র আনুষ্ঠানিক কার্যাবলীর ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং অগ্রাধিকার সারণীর স্থায়ী সংশোধন হিসেবে বিবেচিত হবে না। বিজ্ঞপ্তিতে ভারতের সরকারের অধীনস্থ সচিব কমলেশ রবিদাসের নাম উল্লেখ করা হয়েছে।

ব্যারাকপুরের সাবেক এমপি ও বিজেপি নেতা ত্রিবেদী দুইববার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব গ্রহণের জন্য গত ৫ জুন বাংলাদেশে পৌঁছান তিনি। বৃহস্পতিবার তিনি ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

দীনেশ ত্রিবেদী বাংলা বলতে পারেন এবং দুই বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কেও ভালো ধারণা রাখেন। সেতারবাদক হিসেবেও তার পরিচিতি রয়েছে।

কালের আলো/এসএকে