খুঁজুন
                               
, ,
           

সেনাপ্রধানের দ:কোরিয়া সফর, গভীর হবে দু’দেশের সেনাবাহিনীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৪ অক্টোবর, ২০২১, ৭:১৩ অপরাহ্ণ
সেনাপ্রধানের দ:কোরিয়া সফর, গভীর হবে দু’দেশের সেনাবাহিনীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক

বিশেষ সংবাদদাতা, কালের আলো :

বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে বিবেচনা করা হয় দক্ষিণ কোরিয়াকে। গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রকাশিত ২০২১ সালের সামরিক শক্তি র‌্যাংকিং’এই বিশ্বে ৬ষ্ঠ স্থানে রয়েছে দেশটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সম্পর্ক আরও জোরদার হয়।

এরই ধারাবাহিকতায় কোরিয়া প্রজাতন্ত্রের চিফ অব স্টাফ জেনারেল ন্যাম ইয়ং শিনের আমন্ত্রণে ৬ দিনের রাষ্ট্রীয় সফরে দেশটির সামরিক নীতিনির্ধারকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ। গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিরক্ষামন্ত্রী সিঅ উক’র সঙ্গেও। এছাড়া তিনি কোরিয়ার রাষ্ট্রপতির সম্মানে সিউলে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল এরোস্পেস অ্যান্ড ডিফেন্স এক্সিবিশনে বেশ কিছু সামরিক মহড়াও পরিদর্শন করেন।

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের এই সফরের মধ্যে দিয়ে দু’দেশের সেনাবাহিনীর মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের ভাষ্য হচ্ছে- নিজেদের মধ্যকার সুদৃঢ় বিশ্বাস, শান্তির দৃঢ় প্রত্যয়, সুরক্ষা ও সকলের জন্য সমৃদ্ধির প্রত্যাশার ওপর ভিত্তি করেই বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে।

সূত্র মতে, কোরিয়া প্রজাতন্ত্রের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ, বন্ধুত্বপূর্ণ এবং বহুমুখী সম্পর্কের গভীরতা ব্যাপক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে এই সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। জেনারেল শফিউদ্দিনের এই সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে উপযুক্ত সরঞ্জামের বিষয়ে একটি ধারণা মিলেছে। একই সঙ্গে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নেও সহায়ক ভূমিকা পালন করবে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় বেশ কিছু সামরিক মহড়া পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে শনিবার (২৩ অক্টোবর) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ‘ফোর্সেস গোল ২০৩০’ বাস্তবায়নে সেনাপ্রধানের অভিজ্ঞতা সহায়ক ভূমিকা পালন করবে।

আইএসপিআর জানায়, সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ সফরকালে গত ১৯ অক্টোবর দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল ন্যাম ইয়ং শিন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সফরকালে তিনি ‘আর্মি টাইগার ৪.০’ ও ‘ওয়ারিয়র্স প্ল্যাটফর্ম’ শীর্ষক দুটি মহড়া দেখেন।

পরদিন ২০ অক্টোবর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিরক্ষামন্ত্রী সিঅ উক, সেনাবাহিনী প্রধান জেনারেল ন্যাম ইয়ং শিন এর সঙ্গে মতবিনিময় করেন।

এছাড়া তিনি অ্যাঙ্গোলা সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ জেনারেল জ্যাক রাউল, রাশিয়া গ্রাউন্ড ফোর্সের কমান্ডার-ইন-চিফ জেনারেল ওলেগ লিওনিদোভিচ সেউকভসহ অন্যান্যদের সঙ্গে মতবিনিময় করেন। পরে প্রদর্শনীর বিভিন্ন সামরিক সরঞ্জাম সম্বলিত স্টলগুলো পরিদর্শন করেন জেনারেল শফিউদ্দিন আহমেদ।

জানা যায়, বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দক্ষিণ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তৈরি হয় ১৯৭৩ সালে। এরপর ১৯৭৫ সালের প্রথম দিকে ঢাকায় দূতাবাস চালু করে তারা। ২০১৯ সালের জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োনে বাংলাদেশ সফর করেন।

ওই সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে এই অঞ্চলের নিরাপত্তা, বিনিয়োগ, বাণিজ্য, রোহিঙ্গা সংকটসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি, সংস্কৃতি বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দু’টি সমঝোতা স্মারক ও একটি নথি স্বাক্ষর হয়।

কালের আলো/জিকেএম/এমএএএমকে

অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখতে বাজার নজরদারি আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে বা অতিরিক্ত মুনাফার চেষ্টা করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সোমবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, শুধু রমজান মাসকে কেন্দ্র করে নয়, সারা বছরই নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ জন্য ব্যবসায়ী সংগঠন, আমদানিকারক, উৎপাদক ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়ানো হবে।

তিনি বলেন, গ্যাস সরবরাহে বিঘ্নের কারণে কয়েকটি শিল্পের উৎপাদন ব্যাহত হয়েছে। পণ্য পরিবহনেও প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। পাশাপাশি ঝড়-বৃষ্টিসহ প্রতিকূল আবহাওয়ার প্রভাব পড়েছে কিছু এলাকার বাজারে। তবে শীতকাল সামনে থাকায় নতুন সবজি বাজারে আসতে শুরু করলে সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ী সংগঠনগুলোকে নিয়মিত বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানান। তার মতে, পণ্যের দামে সামান্য অস্বাভাবিক ওঠানামাও সাধারণ মানুষের মধ্যে বাজার নিয়ে আস্থার সংকট তৈরি করতে পারে। তাই মূল্য স্থিতিশীল রাখার পাশাপাশি ভোক্তাদের আস্থা ধরে রাখাও গুরুত্বপূর্ণ।

তিনি জানান, বাজার মনিটরিং জোরদারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের সমন্বয়ে কার্যক্রম বাড়ানো হবে। পাশাপাশি আমদানিকারকদের সঙ্গে নিয়মিত বৈঠক করে পণ্যের মজুত, আমদানি ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উপস্থাপনায় জানানো হয়, গত বছরের তুলনায় চলতি বছরে বেশ কিছু নিত্যপণ্যের আমদানি ও এলসি খোলার পরিস্থিতি ইতিবাচক। গত বছরের ১ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৪২ হাজার মেট্রিক টন মসুর ডাল আমদানি হলেও চলতি বছরের একই সময়ে তা বেড়ে ১ লাখ ৬ হাজার টনে দাঁড়িয়েছে।

এ ছাড়া ভোজ্যতেলের কাঁচামাল বা সিড আমদানিও বেড়েছে। গত বছরের একই সময়ে ২ লাখ ৭৩ হাজার টন সিড আমদানি হলেও চলতি বছরে তা বেড়ে ৩ লাখ ৮৬ হাজার টনে পৌঁছেছে।

বাণিজ্যমন্ত্রী জানান, নিত্যপণ্যের সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ট্রেসেবিলিটি কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত পণ্যের সরবরাহের বিভিন্ন ধাপ এ ব্যবস্থার আওতায় পর্যবেক্ষণ করা হবে। ডিম ও পোল্ট্রিসহ গুরুত্বপূর্ণ নিত্যপণ্যকে প্রাথমিকভাবে এ কার্যক্রমে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন পণ্যের আমদানিকারক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএসআইপি 

আইইডিসিআরে অত্যাধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
আইইডিসিআরে অত্যাধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ইনস্টিটিউট অব এপিডেমোলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর) কেবল কথায় সীমাবদ্ধ থাকেনি, কাজের মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। রোগ নির্ণয় ও গবেষণায় প্রতিষ্ঠানটির তরুণ গবেষকরা দিন-রাত কাজ করে যাচ্ছেন।

তাদের সক্ষমতা আরও বাড়াতে সরকার আইইডিসিআরে অত্যাধুনিক যন্ত্রপাতি সরবরাহের উদ্যোগ নেবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মহাখালীতে ইনস্টিটিউট অব এপিডেমোলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চে (আইইডিসিআর) ২য় বাংলাদেশ এফইটিপি কনফারেন্স ২০২৬’ শীর্ষক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ও হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আইইডিসিআরে অবদান অনস্বীকার্য।

করোনা মহামারির সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারণেই বাংলাদেশে মৃত্যুহার বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় কম ছিল। এজন্য তিনি চিকিৎসকদের আন্তরিক ধন্যবাদ জানান।

সবার জন্য সুস্বাস্থ্য সেবা নিশ্চিত করা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে উপজেলা পর্যায়ের ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রূপান্তরের কাজ শুরু করেছে। এসব হাসপাতালে নারী ও পুরুষের জন্য পৃথক ফিজিওথেরাপি সুবিধা, ডায়ালাইসিস সেন্টার এবং ব্রেস্টফিডিং সেন্টারসহ প্রয়োজনীয় আধুনিক সেবা নিশ্চিত করা হবে।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক কাজী আহমেদ জাকী।

এর আগে সরদার সাখাওয়াত হোসেন কলেজ অব নার্সিং, ঢাকায় বিশ্ব আলঝেইমার্স দিবস উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে অংশ নেন৷ এসময় আলঝেইমার রোগ প্রতিরোধে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের প্রতিশ্রুতি দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী বাজেটে প্রাথমিকভাবে সীমিত পরিসরে এ রোগের চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রমে অর্থ বরাদ্দের উদ্যোগ নেওয়া হবে।

কালের আলো/আরডি/এমডিএইচ

ছোট্ট গবেষক জো নাগাইয়ের প্রজাপতি-রহস্য

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
ছোট্ট গবেষক জো নাগাইয়ের প্রজাপতি-রহস্য

জাপানের কিয়োটোতে আন্তর্জাতিক কীটতত্ত্ব সম্মেলনে মাত্র ১০ বছর বয়সে নিজের গবেষণা উপস্থাপন করে বিজ্ঞানীদের নজর কাড়ে জো নাগাই। তার গবেষণার প্রশ্ন ছিল—শুঁয়াপোকা প্রজাপতিতে রূপান্তরিত হওয়ার পরও কি আগের শেখা বিষয় মনে রাখতে পারে?

জো শুঁয়াপোকাকে ল্যাভেন্ডারের গন্ধের সঙ্গে হালকা বৈদ্যুতিক শকের অভিজ্ঞতা দেয়। পরে প্রজাপতিতে রূপান্তরের পর দেখা যায়, প্রশিক্ষণ পাওয়া প্রায় ৭০ শতাংশ প্রজাপতি ল্যাভেন্ডারের গন্ধ এড়িয়ে চলছে। অর্থাৎ রূপান্তরের পরও আগের অভিজ্ঞতার প্রভাব আচরণে রয়ে যেতে পারে।

আরও বিস্ময়কর বিষয় হলো, প্রশিক্ষণ না পাওয়া তাদের পরবর্তী প্রজন্মের অনেক প্রজাপতিও একই গন্ধ এড়িয়ে চলেছে। তৃতীয় প্রজন্মেও একই ধরনের প্রবণতা দেখা গেলেও নমুনা কম হওয়ায় জো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।

ছোটবেলা থেকেই পোকামাকড়ের প্রতি আগ্রহী জো নিজের পর্যবেক্ষণ লিখে রাখত, আগের গবেষণা পড়ত এবং বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করত। তার গবেষণা এখনো প্রজাপতির স্মৃতি বা শেখা আচরণ বংশপরম্পরায় কীভাবে প্রভাব ফেলে—তার চূড়ান্ত উত্তর দেয়নি। তবে একটি শিশুর সাধারণ কৌতূহল কীভাবে বৈজ্ঞানিক অনুসন্ধানে রূপ নিতে পারে, জো নাগাইয়ের গল্প তারই অনন্য উদাহরণ।

কালের আলো/এসএ