খুঁজুন
                               
, ,
           

প্রকাশিত সংবাদের প্রতিবাদ- ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদটি অসত্য ও বানোয়াট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ- ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদটি অসত্য ও বানোয়াট

দৈনিক ‘আমার দেশ’ পত্রিকায় আজ প্রকাশিত “বিটিভির ডিজিটাল সম্প্রচার শিখতে তিন দেশে যাচ্ছেন ২১ কর্মকর্তা” শীর্ষক সংবাদটিকে অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন হিসেবে আখ্যায়িত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এক আনুষ্ঠানিক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে প্রকৃত তথ্য গোপন করে এই সংবাদটি প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রকল্পের মূল লক্ষ্য হলো বাংলাদেশ টেলিভিশন-এর ১৬টি কেন্দ্র ও উপকেন্দ্রে অত্যাধুনিক সম্প্রচার যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে পুরো ব্যবস্থাকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করা। প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) প্রণয়নের সময়েই বাস্তবায়ন ও পরিচালনার সাথে সরাসরি জড়িত কর্মকর্তাদের কারিগরি প্রশিক্ষণ এবং ‘প্রি-শিপমেন্ট ইন্সপেকশন’ (PSI) কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটি করার মূল উদ্দেশ্য হলো যন্ত্রপাতি ক্রয়, সরবরাহ এবং এর যথাযথ পরিচালনা ও স্বচ্ছতা নিশ্চিত করা।

বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, প্রশিক্ষণ ও প্রি-শিপমেন্ট ইন্সপেকশন সংক্রান্ত সমস্ত ব্যয় ডিপিপির বরাদ্দ থেকে মেটানো হচ্ছে, যার সাথে বর্তমান সরকারের সরাসরি কোনো অতিরিক্ত আর্থিক সংশ্লেষ নেই। চুক্তির শর্তানুযায়ী, এই কার্যক্রমগুলো নির্ধারিত সময়ে সম্পন্ন না হলে সংশ্লিষ্ট অর্থ স্বয়ংক্রিয়ভাবে কর্তনযোগ্য এবং এই অর্থ পরবর্তীতে ফেরত পাওয়ার কোনো আইনি সুযোগ নেই। ফলে এই বিদেশ সফরে সরকারের রাজকোষ থেকে নতুন করে কোনো অর্থ ব্যয় হবে না।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে, প্রকল্পের কাজ এখন শেষ পর্যায়ে। ইতোমধ্যে প্রকল্পের ৮০ শতাংশ ভৌত অবকাঠামো এবং ৯৫ শতাংশ আর্থিক ব্যয় সম্পন্ন হয়েছে।

সংবাদটিতে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়। সেখানে প্রকল্পটি ‘পতিত আওয়ামী লীগ সরকারের’ আমলে গৃহীত বলে উল্লেখ করা হলেও, মন্ত্রণালয় জানিয়েছে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সব অপ্রয়োজনীয় প্রকল্প পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে ইতিপূর্বেই বাতিল করেছে। বর্তমান প্রকল্পটি রাষ্ট্রীয় প্রয়োজনীয়তা ও ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবেই চলমান রয়েছে।

অসত্য তথ্যের ভিত্তিতে বিভ্রান্তি ছড়ানোর পরিবর্তে বস্তুনিষ্ঠ এবং যাচাইকৃত তথ্যের ওপর ভিত্তি করে সংবাদ পরিবেশনের জন্য ‘আমার দেশ’ পত্রিকা কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

কালের আলো/এম/এএইচ

আত্মহত্যা প্রবণতাকে মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আনার আহ্বান

ক্যাম্পাস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
আত্মহত্যা প্রবণতাকে মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আনার আহ্বান

আত্মহত্যা নিয়ে সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গি বদলে এটিকে সম্পূর্ণভাবে মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আনার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে আত্মহত্যামূলক আচরণকে জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে অগ্রাধিকার দেওয়ার তাগিদ দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত ‘চেইঞ্জিং দ্য ন্যারেটিভ অন সুইসাইড’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

আত্মহত্যা প্রতিরোধমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বিটিএফ) এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে একটি র‌্যালি বের করা হয়। পরে সেমিনারে আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যসেবা, পারিবারিক সহায়তা ও সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।

সেমিনারে কি-নোট বক্তব্য দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য তুলে ধরে তিনি বলেন, বিশ্বে প্রতি বছর ৭ লাখের বেশি মানুষ আত্মহত্যায় মারা যান। এর প্রায় ৭৭ শতাংশ ঘটনা নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ঘটে।

তিনি বলেন, মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা পাওয়া মানুষের অধিকার। আত্মহত্যামূলক আচরণকে জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে অগ্রাধিকার দিয়ে এ ক্ষেত্রে প্রয়োজনীয় সেবা ও সহায়তা নিশ্চিত করতে হবে।

বিটিএফের প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামান বলেন, আত্মহত্যা নিয়ে প্রচলিত ধারণা বদলাতে প্রাতিষ্ঠানিক পরিবর্তন প্রয়োজন। মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া, চিকিৎসার সুযোগ বাড়ানো এবং সংকটে থাকা মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আত্মহত্যার চিন্তা বা অনুভূতির মধ্য দিয়ে যাওয়া মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হবে। পরিবারের সদস্য, বন্ধু, সহপাঠী বা সহকর্মীর মধ্যে এমন কোনো সংকেত দেখা গেলে তার কথা মনোযোগ দিয়ে শোনা, পাশে থাকা এবং প্রয়োজন হলে কাউন্সেলর বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নেওয়া জরুরি।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। স্বরচিত কবিতা আবৃত্তি, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সেমিনারের আয়োজন শেষ হয়।

কালের আলো/এসএ

 

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফান্ডে মেধাই প্রাধান্য পায়: ইউজিসি চেয়ারম্যান

ক্যাম্পাস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফান্ডে মেধাই প্রাধান্য পায়: ইউজিসি চেয়ারম্যান

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে দেখছে না ইউজিসি। গবেষণা ও উচ্চশিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ফান্ড দেওয়ার ক্ষেত্রে মেধাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।

তিনি জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট সরকার ৫ শতাংশ কমিয়েছে। আরও ৫ শতাংশ কমানোর জন্য ইউজিসি চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০ বছরের সাফল্যের জন্য কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন ক্লাবে সক্রিয় হওয়ার পরামর্শ দেন ইউজিসি চেয়ারম্যান। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়জীবনে ক্লাব কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, নিম্নমধ্যবিত্ত পরিবারের মেধাবী সন্তানদের মানসম্পন্ন উচ্চশিক্ষা দেওয়ার লক্ষ্য নিয়ে ৩০ বছর আগে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের উদ্বৃত্ত অর্থ শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার কাজে ব্যয় করা হয় বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান বলেন, শিক্ষার্থীদের একদিকে জ্ঞান, অন্যদিকে সময়ের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা অর্জনে প্রস্তুত করা হচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশে ও বিদেশে সুনামের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন।

অনুষ্ঠানে বিজনেস অ্যান্ড ইকোনমিকস অনুষদের ডিন অধ্যাপক ড. অনুপ চৌধুরী এবং নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন শিক্ষার্থী বক্তব্য দেন।

আলোচনা পর্ব শেষে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্লাব ফর পারফর্মিং আর্টস (ইসিপিএ) এবং নজরুলসংগীত শিল্পী খাইরুল আনাম শাকিল এতে সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএ

আস-সুন্নাহ ফাউন্ডেশনে টিচার ট্রেইনার নিয়োগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
আস-সুন্নাহ ফাউন্ডেশনে টিচার ট্রেইনার নিয়োগ

শিক্ষক প্রশিক্ষক (টিচার ট্রেইনার) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের ইংরেজি, আরবি, গণিত, বিজ্ঞান ও সাধারণ বিষয়ের শিক্ষক প্রশিক্ষণের জন্য মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদগুলোতে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। পদভেদে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি কমপক্ষে পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা চাওয়া হয়েছে। কিছু পদে শিক্ষক প্রশিক্ষণ বা পরামর্শদানের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীদের নিজ নিজ বিষয়ে শিক্ষাদান পদ্ধতি, প্রশিক্ষণ পরিচালনা, উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে। প্রাক-প্রাথমিক পর্যায়ের পদের ক্ষেত্রে শিশুবিকাশ, খেলাভিত্তিক শিক্ষা ও আধুনিক শিক্ষাপদ্ধতি সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। প্রাথমিক গণিতের ক্ষেত্রে সিঙ্গাপুরভিত্তিক গণিত শিক্ষাপদ্ধতিতে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

নিয়োগপ্রাপ্তদের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি, বছরে দুটি উৎসব বোনাস, ভবিষ্য তহবিল, পেশাগত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগসহ বিভিন্ন সুবিধা রয়েছে। চাকরির ধরন স্থায়ী বা চুক্তিভিত্তিক হতে পারে এবং সম্মানী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

আবেদন: https://madrasatussunnah.org/career

কালের আলো/এসএ