ওয়াসার পানি দুর্গন্ধ, পোকা থাকে: সংসদে জামায়াত এমপি
ওয়াসার পানি নিয়ে সমালোচনার অন্ত নেই। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বিষয়টি নিয়ে অভিযোগ করে ভুক্তভোগীরা। এবার ওয়াসার পানির সমালোচনা গিয়ে ঠেকেছে জাতীয় সংসদেও। জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম মিলন বলেছেন, ওয়াসার পানি দুর্গন্ধময়, পানিতে পোকা থাকায় মানুষ পান করতে পারে না।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিন বুধবার (২২ এপ্রিল) জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
সাইফুল আলম মিলন বলেন, ঢাকা শহরে যারা বাস করেন তাদের চারটা সমস্যা। একটা হল জলাবদ্ধতা। ঢাকা শহরের সমস্ত প্রাকৃতিক খালগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে আমার ঢাকা-১২ এলাকাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। সামনে বর্ষা আসছে। জায়গায় জায়গায় হাঁটু পানি।
তিনি বলেন, ২৭ নম্বরেও (ধানমণ্ডি) পানি জমে। বিজয় সরণীতেও পানি জমে। পান্থপথের উত্তর পাশে একটা খাল ছিল, এটা বন্ধ করে দিয়ে মার্কেট করা হয়েছে। যার ফলে পান্থপথের উত্তর দিকের আবাসিক এলাকায় বর্ষাকালে হাঁটু পানি জমে যায়। এটিসহ আরও এলাকার জলাবদ্ধতা দূরে বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
জামায়াতের এই সংসদ সদস্য বলেন, ওয়াসার পানি দুর্গন্ধময়, পানিতে পোকা থাকে, মানুষ ওয়াসার পানি খেতে পারে না। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীকে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন তিনি।
বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তিনি অনেকদিন বাইরে ছিলেন। আমিও সেখানে ছিলাম। কিন্তু, আমার সঙ্গে দেখা হয় নাই। বর্জ্য ব্যবস্থাপনা ভালো করা উচিত। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা ভালো করার জন্য প্রধানমন্ত্রীর সাহায্য চাচ্ছি। জায়গায় জায়গায় ভাগাড় বসানো হয়েছে, গন্ধ বের হচ্ছে। এগুলোর সমাধান করা দরকার।
গ্যাসের সমস্যায় পুরো ঢাকা শহর ভুগছে উল্লেখ করে তিনি বলেন, ৪০ থেকে ৫০ বছরের অনেক পুরাতন গ্যাস লাইন। এগুলো সংস্কার করা দরকার।
কালের আলো/আরডি/এমডিএইচ


আপনার মতামত লিখুন
Array