খুঁজুন
                               
সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

দেশে ডিজেলের মজুত কত, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১:১১ অপরাহ্ণ
দেশে ডিজেলের মজুত কত, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং বর্তমানে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।  খুব দ্রুত জ্বালানি সংক্রান্ত সমস্যা পুরোপুরি কেটে যাবে বলেও এসময় তিনি আশ্বস্ত করেন।

উপদেষ্টা জাহেদ বলেন, বর্তমানে মজুত থাকা ডিজেলের বাইরেও আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আগামী ৩০ এপ্রিলের মধ্যেই দেশে পৌঁছাবে। ফলে দেশে জ্বালানি তেলের জোগান নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।

দেশের বিভিন্ন জ্বালানি পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন আর দেখা যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতির উন্নতি ঘটছে এবং খুব শিগগির জ্বালানি সংকট পুরোপুরি দূর হয়ে যাবে।

গণমাধ্যমে ভুল তথ্য বা অপপ্রচার রোধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি জানান, ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়টি সরকার কোনোভাবেই সহ্য করবে না। সংবাদপত্রের স্বাধীনতা এবং যৌক্তিক সমালোচনার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকার চায় গণমাধ্যম আরও বেশি বেশি যৌক্তিক সমালোচনা করুক। কিন্তু দায়িত্বহীনতার পরিচয় দিয়ে কোনো ধরনের অপতথ্য প্রচার করা থেকে বিরত থাকতে হবে। সংবাদকর্মীদের তিনি দায়িত্বশীল এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানান।

দেশে জঙ্গিবাদ পরিস্থিতি নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের অস্তিত্ব একেবারে নেই, সেটি যেমন সত্য নয়, তেমনি এর ঝুঁকি নিয়ে জনভীতির কোনো কারণ আছে—তাও সঠিক নয়।

তিনি মনে করেন, অতীতের বিভিন্ন সময়ে জঙ্গি নিয়ে যে মাত্রায় প্রচার চালানো হয়েছে তা অনেক ক্ষেত্রে ছিল অতিরঞ্জিত। আবার অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে যে দাবি করা হয়েছিল যে দেশে কোনো জঙ্গিই নেই, সেটিও বাস্তবসম্মত ছিল না। বর্তমানে কিছুটা ঝুঁকি থাকলেও তা স্বাভাবিক পর্যায়েই আছে।

সীমান্ত হত্যা নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা জানান, গত সময়ের তুলনায় সীমান্তে হত্যার হার প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব হয়েছে। তবে সরকারের লক্ষ্য হলো সীমান্তে সব ধরনের হত্যাকাণ্ডের ইতি ঘটানো এবং একে পুরোপুরি শূন্যের কোঠায় নামিয়ে আনা।

তিনি আশা প্রকাশ করেন, প্রতিবেশী দেশের সঙ্গে নিরবচ্ছিন্ন কূটনৈতিক তৎপরতা বজায় রাখলে এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। সীমান্ত সমস্যার স্থায়ী সমাধানের জন্য বর্তমান সরকার কূটনৈতিক সব পথ খোলা রেখেছে এবং এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।

কালের আলো/এসএকে

ঈদের আগে ফের বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
ঈদের আগে ফের বাড়ল স্বর্ণের দাম

আবারও বেড়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

সোমবার (২৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দামের ঘোষণা দেয় বাজুস। সংস্থাটি জানায়, নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।

এর আগে শনিবার (২৩ মে) একই পরিমাণে স্বর্ণের দাম কমানো হয়েছিল। তবে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৯ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৭ দফা দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ৩২ দফা।

কালের আলো/আরডি/এমডিএইচ

পাকিস্তানে ট্রেনে বোমা হামলা ও প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
পাকিস্তানে ট্রেনে বোমা হামলা ও প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

Oplus_131072

পাকিস্তানে একটি শাটল ট্রেনে ভয়াবহ বোমা হামলার ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং নারী ও শিশুসহ বহু মানুষ আহত হয়েছেন। এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাকিস্তানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

তিনি সব ধরনের সন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ পাকিস্তানের জনগণের পাশে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার (২৪ মে) সকালে পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় জাফর এক্সপ্রেস নামে একটি ট্রেন লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়। ট্রেনটি সেনানিবাস এলাকা থেকে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এই হামলায় আহত হয়েছেন অন্তত ৮২ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কালের আলো/এসএকে

এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় গ্রেফতার এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিন পেয়েছেন।

সোমবার (২৫ মে) সকাল ১০টায় ঝিনাইদহ চিফ জুডিশ্যল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা।

শুনানি শেষে আদালত এনসিপি নেতা তারেক রেজার জামিন মঞ্জুর করেন। পরে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

তবে একই মামলায় গ্রেফতার যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন নামঞ্জুর করেন আদালত।

এর আগে রোববার (২৪ মে) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ও যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমানকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ।

বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কালের আলো/এম/এএইচ