খুঁজুন
                               
রবিবার, ৭ জুন, ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টপাল্টি হামলার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১০১ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে আমেরিকান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সেস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৫ সেন্ট বা ০ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে। যদিও সেশনের শুরুতে উভয় বেঞ্চমার্ক ৩ শতাংশের বেশি বেড়েছিল।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় দুই দেশের মধ্যে একটি নড়বড়ে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে এবং তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী পুনরায় খোলার ব্যাপারে অগ্রগতির আশা ধূলিসাৎ হয়েছে। এতে তেলের বাজারে অস্তিরতা দেখা যাচ্ছে।

এরআগে গত ৩০ এপ্রিল ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১২৬ দশমিক ৪১ ডলারে পৌঁছেছিল, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। তবে গত বুধবার যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক শান্তি চুক্তির কাছাকাছি পৌঁছেছে এমন খবর প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দাম ১০ শতাংশের বেশি কমে যায়।

এদিকে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে যুক্তরাষ্ট্র একটি ইরানি তেলবাহী ট্যাংকার এবং হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া আরেকটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে বলে দাবি করে ইরান।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারগুলোর ওপর ইরানের হামলার জবাবে তারা ‘আত্মরক্ষামূলক হামলা’ চালিয়েছে। এ বিষয়টির প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘আজ ইরান আমাদের সঙ্গে ছেলেখেলা করতে গিয়েছিল।’

এই উত্তেজনা এমন এক সময় বাড়ল, যখন মাত্র এক দিন আগেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া একটি প্রস্তাব তারা বিবেচনা করছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রথমে হরমুজ প্রণালিতে ‘বিস্ফোরণের’ খবর দেয়। সেখানে ‘শত্রুপক্ষের’ সঙ্গে ‘গুলিবিনিময়’ হয়েছে বলে উল্লেখ করা হয়।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পাল্টাপাল্টি হামলাকে ‘ছেলেখেলা’ আখ্যা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখনো বহাল আছে বলে জানিয়েছেন।

সূত্র: রয়টার্স
কালের আলো/এসআর/এএএন

বাজেট অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
বাজেট অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে।

রবিবার বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকার ও বিরোধী দলের সদস্যদের আলোচনা শেষে ৩০ জুন বাজেট পাস হবে।

সংসদ সচিবালয় সূত্র থেকে জানা গেছে, বাজেট অধিবেশনকে সামনে রেখে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ অধিবেশন আহ্বানের পর থেকেই এই প্রস্তুতি শুরু হয়।

অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হয়। অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বেশ কিছু এলাকায় শনিবার (৬ জুন) থেকে আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের শোভাযাত্রা, বিক্ষোভ ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে

কালের আলো/এএইচ/এমএসআইপি 

তোফায়েলসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
তোফায়েলসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ-সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।

রোববার (৭ জুন) বিকেলে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন) প্রথম দিনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ মৃত্যুবরণকারী ১৬ জন সাবেক এমপির নাম সংসদে উত্থাপন করেন।

শোকপ্রস্তাবে তোফায়েল আহমেদ ছাড়াও চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, বিএনপির সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম. এ. মান্নান, বিএনপির সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক, সাবেক টেকনোক্রেট মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা, জাতীয় পার্টির সাবেক সংসদ-সদস্য আবু নূর মোহাম্মদ বাহাউল হক, বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন, মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন এবং ঢাকা ১১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

এছাড়া, এদিন সংসদে পল্লবীর আট বছরের শিশু রামিসাসহ ধর্ষণ পরবর্তী হত্যার শিকার অন্যান্য শিশুর জন্যও শোক প্রকাশ করা হয়েছে।

কালের আলো/এসএকে

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ২৮৭ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এ সময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫২৯ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯১ শিশু। অর্থাৎ এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬২০ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৬৬ শিশু হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২২১ জন। এ সময়ে নতুন করে ১ হাজার ১২৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১২০ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৯ হাজার ১২। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ৯ হাজার ৬৮৬ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪ হাজার ২৬৩ জন রোগী। তাঁদের মধ্যে ৬০ হাজার ৮৪ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

কালের আলো/জেএন/এমএসআইপি