খুঁজুন
                               
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৩১ বৈশাখ, ১৪৩৩
           

ঈদকে সামনে রেখে চলছিল জাল নোট ছাপানোর কাজ, আটক ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
ঈদকে সামনে রেখে চলছিল জাল নোট ছাপানোর কাজ, আটক ৩

গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরির পর বিক্রি করে আসছে একটি চক্র। কোরবানির ঈদকে সামনে রেখে এবারও চলছিল জাল নোট ছাপানোর কাজ। খবর পেয়ে রাজধানীর উত্তরা ও গাজীপুর থেকে চক্রের তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

শফিকুল ইসলাম জানান, জাল নোট কেনাবেচার খবরে প্রথমে উত্তরায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় ঈদকে সামনে রেখে সক্রিয় জাল নোট চক্রের সদস্য মুজিবুর রহমানকে আটক করা হয়। তার দেয়া তথ্যে বুধবার সকালে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ৩৪ লাখ টাকার সমপরিমাণ জাল নোট এবং ছাপানোর বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।

এ সময় চক্রের আরও দুজন সদস্য দুলাল ও মামুনকে আটক করে গোয়েন্দা পুলিশ।

তিনি আরও বলেন, চক্রটি কোরবানির ঈদকে সামনে ৩৪ লাখ টাকার বেশি জাল নোট ছাপিয়েছে। যা ঢাকার বিভিন্ন পশুর হাটে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল। এরইমধ্যে মার্কেটে বিপুল সংখ্যক জাল নোট ছড়িয়ে দিয়েছে চক্রটি।

তিনি বলেন, কোরবানির হাটগুলোতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জাল নোট শনাক্তকরণ মেশিন বসানো হবে। তবে লেনদেনে সবাইকে আরও সতর্ক হতে হবে।

কালের আলো/এসআইপি

বিনিয়োগ আরও বাড়াতে চীনকে বাণিজ্যমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
বিনিয়োগ আরও বাড়াতে চীনকে বাণিজ্যমন্ত্রীর আহ্বান

Oplus_131072

বাংলাদেশের পাট শিল্প এবং সোলার প্রযুক্তিতে বিনিয়োগ আরও বাড়াতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

বৃহস্পতিবার (১৪ মে) বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দ্বিতীয় বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপো ২০২৬ এর উদ্বোধনের আগে তিনি এসব কথা বলেন।

এসময় দেশের পাট শিল্প এবং সোলার প্রযুক্তিতে বিনিয়োগ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ দু’দেশের বাণিজ্য ব্যবধান কমাবে।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে চীন। টেক্সটাইল খাতে ইকো ফ্রেন্ডলি মেশিন সরবরাহ করতে প্রস্তুত চীন।

৩ দিনব্যাপী প্রদর্শনীতে ৬০টি চীনা টেক্সটাইল কোম্পানি অংশ নিয়েছে। পরিবেশবান্ধব ও রিসাইকেলযোগ্য টেক্সটাইল প্রযুক্তির প্রদর্শন, বিটুবি মিটিং, সেমিনার ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এতে স্থান পেয়েছে টেক্সটাইল খাতের নতুন আবিষ্কার ও প্রযুক্তি সম্বলিত মেশিনারিজ।

প্রদর্শনী চলবে আগামী ১৬ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

কালের আলো/এসএেক

কড়াইল বস্তিতে ‘ফ্রি হার্ট ক্যাম্প’ উদ্বোধন করলেন জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ
কড়াইল বস্তিতে ‘ফ্রি হার্ট ক্যাম্প’ উদ্বোধন করলেন জুবাইদা রহমান

মহাখালীর কড়াইল বস্তি এলাকায় ‘ফ্রি হার্ট ক্যাম্প’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে কড়াইল বস্তির আনসার ক্যাম্প মাঠে এ কর্মসূচি আয়োজন করা হয়।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ কর্মসূচি আয়োজন করে। দুপুর ১২টা থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত চলা এ কর্মসূচিতে ২০০ থেকে ২৫০ জনের হৃদরোগ-সংক্রান্ত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী ওষুধ বিতরণ করা হয়। জুবাইদা রহমান কয়েকজন রোগীর সঙ্গে কথা বলেন।

পরে জুবাইদা রহমান ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’ (জেডআরএফ) কার্যালয়ে যান। সেখানে তিনি নারীদের বিভিন্ন চিকিৎসা সমস্যা শোনেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল সালাম, ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল আলীম নকি, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোমিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং বনানী থানা যুবদলের সাবেক সভাপতি শাজাহান সরকার।

কালের আলো/এসএকে

সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ৬৯৩ বাংলাদেশি হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ৬৯৩ বাংলাদেশি হজযাত্রী

Oplus_131072

চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১৪৩টি হজ ফ্লাইটে মোট ৫৫ হাজার ৬৯৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, আজ সকাল ১০টা পর্যন্ত মোট ১৪৩টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।

হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ৪ জন নারীসহ মোট ১৪ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জন মক্কায় এবং ৩ জন মদিনায় মারা গেছেন।

এতে আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম থেকে ২৭ হাজার ১১৬ জন এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৬ হাজার ২ জন বাংলাদেশি হজযাত্রী স্বাস্থ্যসেবা পেয়েছেন।

পরিচালক জানান, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। মোট ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

বিমান সংস্থাভিত্তিক তথ্যে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭০টি ফ্লাইটে ২৭ হাজার ৭৮০ জন, সৌদি এয়ারলাইনসের ৫১টি ফ্লাইটে ১৯ হাজার ৪৫৭ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

অবশিষ্ট ২২ হাজার ৬৮৫ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত এয়ারলাইনসের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে যাবেন বলেও জানান তিনি।

এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

এ পর্যন্ত ঢাকাস্থ সৌদি দূতাবাস মোট ৭৮ হাজার ৩৭৮টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৩টি ভিসা রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬শে মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আগামী ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

সূত্র: বাসস

কালের আলো/এসএকে