খুঁজুন
                               
শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

কমল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
কমল স্বর্ণের দাম

টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হবে।

শুক্রবার (১৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

এর আগে, সবশেষ গত ৭ মে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬৪ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম বেড়েছে ৩৬ দফা, আর কমেছে ২৮ দফা। গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; সেখানে ৬৪ বার দাম বেড়েছিল, আর কমেছিল ২৯ বার।

কালের আলো/এসআর/এএএন

ফতুল্লায় ‘গ্যাস বিস্ফোরণ’: একে একে চলে গেল পরিবারের ৫ জনই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ
ফতুল্লায় ‘গ্যাস বিস্ফোরণ’: একে একে চলে গেল পরিবারের ৫ জনই

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বাসায় গ্যাস লিক থেকে হওয়া বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৫ জনের কাউকেই আর বাঁচানো গেল না।ওই বিস্ফোরণের ঘটনায় স্বামী ও তিন সন্তানের মৃত্যুর পর সবশেষ চিকিৎসাধীন থাকা সায়মা মারা গেলেন।শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে ৩২ বছর বয়সী সায়মার মারা যাওয়ার তথ্য দিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান।তিনি শরীরের ৬০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে গত দুই দিনে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সায়মার তিন সন্তান মারা যায়।বৃহস্পতিবার বেলা ১২টা ৫০ মিনিটে ১০ বছর বয়সি মুন্নি মারা যায়, তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর ঘণ্টা তিনেক আগে সকাল ৯টা ৪০ মিনিটে মুন্নির ছোটভাই সাত বছর বয়সী মুন্না মারা যায়। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।আগের দিন বুধবার সন্ধ্যায় তাদের আরেক বোন কথা মারা যায়; তার শরীরের ৫২ শতাংশ পুড়ে গিয়েছিল।

ফতুল্লার গিরিধারা এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে রোববার সকালে ওই বিস্ফোরণ ঘটে। তাতে তিন শিশু সন্তানসহ এক দম্পতি দগ্ধ হন।

তাদের সবাইকে ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তখনই তাদের অবস্থা ‘আশঙ্কাজনক’ ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসক শাওন।পরদিন সকালেই মারা যান ৩৫ বছর বয়সী গৃহকর্তা মো. কালাম, তার শরীরে পোড়ার মাত্রা ছিল ৯৫ শতাংশ। এরপর একে একে তাদের সাবারই মৃত্যু হল।

গিরিধারার ওই বাসায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন সবজি বিক্রেতা কালাম। তিতাসের লাইনের লিক থেকে গ্যাস জমে তাদের ঘরে বিস্ফোরণ ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধারণা।

কালের আলো/এসআইপি

তৎকালীন আ.লীগ সরকারের কারণেই পানিবঞ্চিত জনগণ: মির্জা ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২:৫১ অপরাহ্ণ
তৎকালীন আ.লীগ সরকারের কারণেই পানিবঞ্চিত জনগণ: মির্জা ফখরুল

তৎকালীন আওয়ামী লীগ সরকারের কারণেই এ দেশের জনগণ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভারত সরকারের পরীক্ষামূলকভাবে চালু করা ফারাক্কা বাঁধ এখন মরণফাঁদে পরিণত হয়েছে।

শনিবার (১৬ মে) ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে শুক্রবার (১৫ মে) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাণীটি গণমাধ্যমে পাঠানো হয়।

বাণীতে বিএনপি মহাসচিব বলেন, ১৬ মে ‘ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আজ থেকে ৪৯ বছর আগে অবিসংবাদিত মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ডাকে সারা দেশ থেকে লাখো জনতা আন্তর্জাতিক আইন অনুযায়ী গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রামে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লংমার্চে অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, ভারতে গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার শুরু করা হয়। যার ফলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে।

তৎকালীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, জীববৈচিত্র্য ও পরিবেশগত মানকে বিবেচনা না করে এবং প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের সম্ভাবনাকে উপেক্ষা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে। তারা ভারতকে কয়েক দিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। কিন্তু সেই বাঁধ অব্যাহতভাবে এখনও পর্যন্ত চালু থাকায় সেটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। তৎকালীন আওয়ামী সরকারের কারণেই এ দেশের জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত।

মির্জা ফখরুল বলেন, এই বঞ্চনা ও জনদুর্দশার আশঙ্কায় বিজ্ঞ ও দূরদর্শী নেতা মাওলানা ভাসানী জনগণকে সঙ্গে নিয়ে ভারত সরকারের কাছে প্রতিবাদ করেন এবং বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের নজরে আনেন। তখন থেকে ব্যাপক মানববিপর্যয় সৃষ্টিকারী ফারাক্কা বাঁধের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে আলোচিত হতে থাকে।

ফারাক্কা দিবসের তাৎপর্য আজও অত্যন্ত প্রাসঙ্গিক উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আন্তর্জাতিক আইন-কানুন ও কনভেনশনের তোয়াক্কা না করে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণ করে নদীর ধারাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। একতরফা নিজেদের অনুকূলে পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। বাংলাদেশ নিষ্ফলা ঊষর ভূমি হয়ে ওঠার আলামত ইতোমধ্যেই ফুটে উঠেছে।

প্রতি বছর ১৬ মে ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস’ যেকোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে জানিয়ে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন সংগঠনের সব কর্মসূচির সাফল্য কামনা করেন মির্জা ফখরুল।

কালের আলো/এসআর/এএএন

অবশেষে বিচ্ছেদের ঘোষণা দিলেন মৌনি রায়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ
অবশেষে বিচ্ছেদের ঘোষণা দিলেন মৌনি রায়

গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল ঘর ভাঙছে বলিউড অভিনেত্রী মৌনি রায়ের। ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলে বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এক বিবৃতির মাধ্যমে নিজেদের বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন এ তারকা।

বিবৃতির শুরুতেই সংবাদমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করে মৌনি ও সুরজ বলেন, ‘গণমাধ্যমের একটি নির্দিষ্ট অংশের পক্ষ থেকে আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনধিকার চর্চায় আমরা মর্মাহত। আমরা জানাতে চাই যে, আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়গুলোকে ব্যক্তিগতভাবে সমাধানের জন্য আমরা সময় নিচ্ছি।’

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মৌনী রায়
নিজেদের সম্পর্ক নিয়ে ছড়ানো নানা গুজবের কড়া সমালোচনা করে তারা আরও বলেন, ‘আমাদের ব্যক্তিগত জীবনকে মুখরোচক করার জন্য কিছু কাল্পনিক গল্প এবং চরম মিথ্যা ছড়ানো হচ্ছে। যা বাস্তবতার সাথে মোটেও মেলে না। আমাদের ব্যক্তিগত কথা বিবেচনা করে আমরা পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মাধ্যমে আলাদা পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ মুহূর্তে আমরা অত্যন্ত গোপনীয়তার সাথে এই কঠিন সময়টি পার করার চেষ্টা করছি। আগামী দিনগুলোতে আমাদের বন্ধুত্ব টিকিয়ে রাখার চেষ্টা করব।’

বিবৃতিতে ভক্ত এবং সংবাদমাধ্যমের উদ্দেশ্যে তারা লিখেছেন, ‘সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের গোপনীয়তার প্রতি সম্মান রাখুন। আমাকে ও সুরজকে নিয়ে কোনো মিথ্যা গল্প ছড়াবেন না। এই কঠিন সময়ে আপনাদের সবার কাছ থেকে আমরা গোপনীয়তা প্রত্যাশা করছি। সমস্ত মিডিয়া হাউজের কাছে বিনীত অনুরোধ, দয়া করে এগুলো বন্ধ করুন।’

২০১৯ সালে দুবাইয়ে থার্টি ফার্স্ট নাইটের পার্টিতে মৌনী ও সুরজের পরিচয় হয়। সেখান থেকেই সম্পর্কের শুরু। এরপর ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় জমকালো আয়োজনে মালাবদল করেন তারা। মালয়ালি এবং বাঙালি—দুই রীতিতেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল।

কালের আলো/এসআর/এএএন