খুঁজুন
                               
, ,
           

এবার শেরেবাংলা নগর এলাকার লেক রোডে এআই ক্যামেরা চালু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ
এবার শেরেবাংলা নগর এলাকার লেক রোডে এআই ক্যামেরা চালু

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় লেক রোডে ‘এআই’ দ্বারা ট্রাফিক মামলা দায়ের ও যানবাহন মনিটরিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (৩০ জুন) ট্রাফিক তেজগাঁও বিভাগ অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি এআই ক্যামেরা কন্ট্রোলরুম পরিদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির কমিশনার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুনরুজ্জীবিত এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার জোরদার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সনাতন পদ্ধতির পরিবর্তে এখন ডেটা-ড্রাইভেন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে।

মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে কৌশলগত ডাইভারসন ব্যবস্থা চালু এবং অপ্রয়োজনীয় ক্রসিং বন্ধ করার ফলে যানজট অনেকটাই কমে এসেছে। এছাড়া, চালকদের লেনে থাকা এবং সিগন্যাল মেনে চলার প্রবণতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা ট্রাফিক ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নয়ন এনেছে।

এই প্রযুক্তির মাধ্যমে কোনো যানবাহন গতিসীমা লঙ্ঘন করলে, বিপজ্জনকভাবে লেন পরিবর্তন করলে, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে কিংবা অবৈধ পার্কিং করলে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে। সরাসরি কমান্ড সেন্টারের মাধ্যমে নিখুঁতভাবে ডিজিটাল পদ্ধতিতে ‘ই-প্রসিকিউশন’ বা মামলা রুজু করা হবে, যা গাড়ির মালিক বা চালক স্বচ্ছ প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে পারবেন। এর ফলে ট্রাফিক পুলিশকে সড়কে সশরীরে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি থামানোর প্রয়োজন হবে না।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য এলাকাকেও এই স্বয়ংক্রিয় ক্যামেরা নেটওয়ার্কের আওতায় আনা হবে।

ঢাকাকে একটি সুশৃঙ্খল ও নিরাপদ স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে সম্মানিত নগরবাসী, পরিবহন মালিক ও চালকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান; যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ), অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ) আসফিকুজ্জামান আকতার, যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস্) সুফিয়ান আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাব-৫।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল চন্দ্রিমা থানাধীন হাজরা পুকুরপাড় রেলওয়ে মাঠের উত্তর পাশে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড অ্যামোনিশন ও একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির প্রকৃত মালিক সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারেননি। র‍্যাব জানিয়েছে, অস্ত্র ও গুলির সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

র‍্যাবের প্রাথমিক ধারণা, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অস্ত্র ও গুলি সংগ্রহ করেছিল। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা সেগুলো ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়।

র‍্যাব-৫ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে উদ্ধারকৃত বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট কণ্ঠভোটে পাস হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে নতুন অর্থবছরের এ বাজেট কার্যকর হবে। বাজেটে কর, ভ্যাট, বিনিয়োগসহ বিভিন্ন খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংগরিষ্ঠের কণ্ঠভোটে বাজেটটি পাস হয়।

এর আগে সোমবার কয়েকটি সংশোধনীসহ অর্থবিল পাস করে জাতীয় সংসদ। সংশোধিত অর্থবিলে করমুক্ত আয়সীমা চার লাখ টাকায় উন্নীত করা হয়েছে। একই সঙ্গে আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল করা হয়েছে।

এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের করপোরেট কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপের প্রস্তাবও বাদ দেওয়া হয়েছে। অর্থবিল পাসের মধ্য দিয়ে কর, শুল্ক ও ভ্যাটসংক্রান্ত সব প্রস্তাব চূড়ান্ত হয়েছে।

সোমবার বাজেটের ওপর আলোচনায় অংশ নেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

কালের আলো/এসআর/এএএন

জুলাই মাসের জন্য অপরিবর্তিত রইলো জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ
জুলাই মাসের জন্য অপরিবর্তিত রইলো জ্বালানি তেলের দাম

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের মূল্য জুলাই মাসের জন্য অপরিবর্তিত রয়েছে। প্রতি লিটার অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা ও ডিজেলের দাম ১১৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

এর আগে জুন মাসের জন্য প্রতি লিটার অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা ও ডিজেলের দাম ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

কালের আলো/এসএকে