খুঁজুন
                               
, ,
           

ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর

Oplus_131072

শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ২০২৪ সালের জুলাই মাসে তৎকালীন ফ্যাসিস্ট সরকার যে বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছিল তার বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে। এ হত্যাকাণ্ডে যারা অভিযুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের উধ্বর্তন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এমন ধ্বংসাত্মক ঘটনার কারনে পৃথিবীর বিভিন্ন দেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশে বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশি ক্ষমতাবলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলায় দেশে তাদের রাজনীতি আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে।

নুর আরো বলেন, বিদেশে থাকা এসব দুর্বৃত্তদের প্ররোচনায় পড়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনো মানুষের জন্য বুদ্ধিমানের কাজ হবে না। বরং তাদের দেশে যে সকল রাজনৈতিক দল আছে তাদের সঙ্গে কাজ করা বা নতুন রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করার পরামর্শ দেন মন্ত্রী।

এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মন্ত্রী বিভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং দিক-নির্দেশনা প্রদান করেন।

কালের আলো/এসএকে

মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত

ঢাকার মিরপুর কলেজের পাশে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে। সেখানে প্রতিদিন টিসিবির পণ্য বিতরণ করা হতো।

প্রতিদিনকার মতো মঙ্গলবারও (২৮ জুলাই) সেখানে অনেকে লাইন ধরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে দেয়াল ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় হতাহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের একজনের নাম নাছিমা বেগম।

অপর জন পুরুষ। তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

কালের আলো/জেএন/এমএসআইপি 

গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্তের বিষয়ে যা জানালেন সিইসি  

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্তের বিষয়ে যা জানালেন সিইসি  

এক নারীর সঙ্গে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় বহিষ্কারের পর এখন তার সংসদ সদস্যপদ থাকবে কি না, তা নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক ও আইনি আলোচনা। ওই সংসদ সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশন—উভয় দপ্তরেই ইতোমধ্যে চিঠি পাঠিয়েছে দলটি।

মঙ্গলবার (২৮ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আইনি বাধ্যবাধকতার কথা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার জানান, জাতীয় সংসদ সদস্যপদ বিরোধ নিষ্পত্তি আইন-১৯৮০ অনুযায়ী এ ধরনের দলীয় বহিষ্কারের সিদ্ধান্ত সরাসরি কার্যকর করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই।

আইন অনুযায়ী, কোনো সংসদ সদস্যের পদসংক্রান্ত বিতর্ক বা বিরোধের বিষয়টি আগে জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে প্রক্রিয়াভুক্ত হতে হয়। স্পিকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে পাঠালে (রেফার করলে) কমিশন তখন উভয় পক্ষের শুনানি নিয়ে পরবর্তী চূড়ান্ত আইনি ব্যবস্থা গ্রহণ করে।

সিইসি আরও জানান, সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হলেও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের এই নির্দিষ্ট বিষয়টি নিয়ে সেখানে কোনো আলোচনা হয়নি।

তিনি বলেন, স্পিকারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে লিখিত রেফারেন্স বা আবেদন নির্বাচন কমিশনে এসে পৌঁছালে কমিশন বিদ্যমান আইন অনুযায়ী দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

কালের আলো/এসএকে

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের চিফ অব মিশনের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের চিফ অব মিশনের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশে নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড সৌজন্য সাক্ষাৎ করেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে আইওএমের সঙ্গে দুই দশকের দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদার, জাতীয় মানবপাচার বিরোধী প্রচেষ্টা শক্তিশালীকরণ, সাইবার প্রযুক্তিনির্ভর মানবপাচার রোধ, সীমান্ত ব্যবস্থাপনা, ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

আইওএম মিশন প্রধান জানান, সংস্থাটির ডেপুটি ডিরেক্টর জেনারেল (ডিডিজি) উগোচি ড্যানিয়েল আগামী ১ থেকে ৫ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। তিনি উগোচি ড্যানিয়েলের বাংলাদেশ সফর উপলক্ষ্যে আগামী ০৪ আগস্ট ইউএন হাউজ বাংলাদেশে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের জন্য মন্ত্রীকে আমন্ত্রণ জানান।

মন্ত্রী নবনিযুক্ত চিফ অব মিশনকে বাংলাদেশে স্বাগত জানান এবং মানবপাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকীকরণ, প্রযুক্তিগত সক্ষমতা বিকাশ ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক দিকনির্দেশনা ও পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএম-এর যৌথ উদ্যোগে প্রণীত ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা’ (ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজম্যান্ট) কৌশলের জাতীয় বৈধকরণ কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোয় সন্তোষ প্রকাশ করা হয়। একইসঙ্গে বাংলাদেশের পুলিশ বাহিনীর বিশেষ শাখাসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা প্রদানে আইওএম-এর অঙ্গীকার পুনর্নিশ্চিত করা হয়।

তাছাড়া বৈঠকে বাংলাদেশে মানবপাচার প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল ভূমিকা এবং আইওএমের কারিগরি সহায়তা নিয়ে আলোচনা হয়। আইওএমের পক্ষ থেকে নীতি সহায়তা, বিশেষায়িত প্রশিক্ষণ, গবেষণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং বৈশ্বিক তহবিল সংগ্রহের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশ মিশনের প্রধান হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের পর ড. লরা টম-বন্ডেএর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এটিই প্রথম দ্বিপাক্ষিক বৈঠক।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, আইওএম’র ন্যাশনাল কনসালটেন্ট (গভর্মেন্ট) ড. এস এম মোরশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএকে