খুঁজুন
                               
, ,
           

জর্ডানে মার্কিন সেনা ব্যারাকে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৯ পূর্বাহ্ণ
জর্ডানে মার্কিন সেনা ব্যারাকে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

জর্ডানের ‘ক্যাম্প তিতিন’-এ মার্কিন মেরিন সেনাদের ব্যারাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাতে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে আইআরজিসি। আকাবা উপসাগরের কাছে অবস্থিত সামরিক স্থাপনাটিতে হামলায় অনেক মার্কিন সেনা নিহত হয়েছেন বলেও দাবি করেছে ইরানের এই বাহিনী।

ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হামলায় ক্যাম্পটির বেশ কয়েকটি স্থাপনা এবং শত্রুপক্ষের ‘অ্যাটাক হেলিকপ্টার’ ধ্বংস হয়েছে।

এর আগে মঙ্গলবার দক্ষিণ ইরানের বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরানের পাল্টা হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইআরজিসি।

গত জুলাইয়ের পর রোববার রাতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানে ‘কঠোর’ হামলার হুমকি দেন। এর পরদিন মঙ্গলবার ইরানে হামলা চালায় মার্কিন বাহিনী।

ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, হরমোজগান প্রদেশের উপকূলীয় শহর কুহেস্তাকের একটি আবাসিক এলাকাতেও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ ছাড়া দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় মার্কিন হামলা অব্যাহত রয়েছে।

এখন পর্যন্ত বন্দর আব্বাস, কেশম দ্বীপ, কোনারাক, চাবাহার, জাস্ক, সিরিক, লাভান ও আসলুয়েহকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, এসব হামলার জবাবে ইরান পাল্টা আঘাত হানলে দেশটির ওপর আরও কঠোর হামলা চালানো হবে।

কালের আলো/আরডি/এমডিএইচ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো, গেজেটের অপেক্ষা: নাসিমুল গনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো, গেজেটের অপেক্ষা: নাসিমুল গনি

সরকারি কর্মচারীদের জন্য নতুন জাতীয় পে-স্কেল অনুমোদনের পর এখন গেজেট জারির অপেক্ষা। নতুন বেতন কাঠামোসংক্রান্ত আদেশ আজ বুধবার অথবা আগামীকাল বৃহস্পতিবার জারি হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

নতুন বেতন কাঠামোর বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অর্থ বিভাগ আজ অথবা আগামীকাল নতুন বেতন কাঠামোসংক্রান্ত আদেশ জারি করবে। এরপর নতুন পে-স্কেলের বিস্তারিত বিষয় স্পষ্ট হবে।

এর আগে গত সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনস্কেল অনুমোদন করা হয়। একই সঙ্গে নতুন বেতনস্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য ‘যৌথবাহিনী নির্দেশাবলী ২০২৬’ অনুমোদন করা হয়েছে। অনুমোদিত বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।

অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বেতন কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন পাওয়ার পর সরকারের সুপারিশ প্রণয়নের জন্য একটি সচিব কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে মন্ত্রিসভা নতুন বেতনস্কেল অনুমোদন করে।

নতুন বেতন কাঠামো নির্ধারণের ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতা, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি কর্মচারীদের জীবনমান বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি একটি ভারসাম্যপূর্ণ ও যৌক্তিক বেতন কাঠামোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

অনুমোদিত জাতীয় বেতনস্কেল ২০২৬-এ সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি বেতন গ্রেড বহাল রাখা হয়েছে। তবে প্রতিটি গ্রেডের মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন বেতনস্কেলে ২০তম গ্রেডের সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর ১ম গ্রেডের সর্বোচ্চ নির্ধারিত বেতন করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

গেজেট জারি হলে নতুন পে-স্কেলের বেতন কাঠামো, বাস্তবায়ন পদ্ধতি ও অন্যান্য সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

পাঁচ মাসের চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
পাঁচ মাসের চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মির্জা আব্বাস বর্তমানে অনেকটা সুস্থ রয়েছেন। চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফিরছেন।

এর আগে গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। সেখানে দীর্ঘ চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৮, মামলা ৮৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৮, মামলা ৮৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৮৬টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ডিএমপির ডিসি (মিডিয়া) মোহাম্মদ আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৩০ জন, ওয়ারীতে ৬৫ জন, মতিঝিলে ৪৩ জন, তেজগাঁওয়ে ৭৮ জন, মিরপুরে ১১৬ জন, গুলশানে ৩৭ জন, উত্তরা বিভাগে ৩১ জন, গোয়েন্দা বিভাগে একজন এবং সিটিটিসির অভিযানে চারজন রয়েছেন।

অভিযানকালে ১ হাজার ৫৫ পিস ইয়াবা, ১৪ পুরিয়া গাঁজা, ২৬ পুরিয়া হেরোইন, নয়টি মুঠোফোন, একটি চাকু, একটি কাটার, নগদ ১ লাখ ১১ হাজার ৫৮৯ টাকা ও একটি ভুয়া স্টুডেন্ট আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

কালের আলো/এএইচ/এমএসআইপি