‘এখন বেশি পাচ্ছি, তাতে দুঃখ কেন?’ সালমানের পোস্ট ঘিরে কৌতূহল
বলিউডের জনপ্রিয় তারকা সালমান খানকে ঘিরে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে। নানা কারণে আলোচনায় থাকা এই অভিনেতাকে নিয়ে গত কয়েক দিন ধরে তার স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন অনুরাগীরা। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করে নতুন করে আলোচনায় এসেছেন সালমান।
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রিল শেয়ার করেছেন ৬০ বছর বয়সী এই অভিনেতা। সেই রিলের একটি বার্তাই এখন ভক্তদের নজর কেড়েছে। সালমান কেন এমন পোস্ট শেয়ার করেছেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।
সাধারণত দার্শনিক কোনো উদ্ধৃতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে খুব একটা দেখা যায় না সালমানকে। অন্যের রিলও নিয়মিত শেয়ার করেন না তিনি। ফলে এবারের পোস্টটি ভক্তদের কাছে আলাদা গুরুত্ব পেয়েছে।
শেয়ার করা রিলটিতে বলা হয়েছে—‘যখন অল্প পেয়েছিলাম, তখন খুশি ছিলাম। এখন বেশি পাচ্ছি, তাতে দুঃখ কেন? যা আমি কাল চেয়েছিলাম, আজ তা পাওয়ার পরে অপ্রয়োজনীয় কেন হয়ে উঠল?’
বার্তাটিতে মূলত মানুষের সুখ, প্রত্যাশা, প্রাপ্তি ও চাহিদার পরিবর্তন নিয়ে ভাবনার বিষয় তুলে ধরা হয়েছে। কোনো কিছু পাওয়ার আগে সেটিকেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে হলেও, তা পাওয়ার পর ধীরে ধীরে সেটির প্রতি আগ্রহ কমে গিয়ে নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়—রিলটির বক্তব্যে এমন ভাবনাই ফুটে উঠেছে।
তবে ঠিক কী কারণে এই বার্তাটি নিজের স্টোরিতে শেয়ার করেছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি সালমান। গণেশ চতুর্থীর আবহে তার এমন পোস্টের নেপথ্যে বিশেষ কোনো ঘটনা রয়েছে কি না, তা নিয়েই কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
এদিকে বর্তমানে ‘বিগ বস ২০’-এর সঞ্চালকের দায়িত্বে রয়েছেন সালমান খান। গত ৬ সেপ্টেম্বর শুরু হয়েছে জনপ্রিয় এই রিয়েলিটি শোর নতুন মৌসুম। এবারের আসরে অংশ নিয়েছেন ১৬ জন প্রতিযোগী।
অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন সালমান। তার হাতে রয়েছে একাধিক বড় প্রকল্প। ‘মাতৃভূমি’ সিনেমায় চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে অভিনয় করার কথা রয়েছে তার। চলতি বছরেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া প্রযোজক দিল রাজুর সঙ্গে একটি অ্যাকশন সিনেমায় কাজ করার খবরও রয়েছে সালমানের। ‘মনস্টার’ নামের ওই প্যান-ইন্ডিয়া সিনেমায় তার বিপরীতে দেখা যেতে পারে নয়নতারাকে। সিনেমাটি ২০২৭ সালের ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array