তিন বছর পর সিলেটে ফিরছে বাণিজ্য মেলা
তিন বছর পর সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামী ১০ অক্টোবর থেকে নগরের শাহী ঈদগাহ মাঠে মাসব্যাপী শুরু হবে ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’।
মেলায় সিলেটের নারী উদ্যোক্তাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সৃজনশীল পণ্য উদ্যোক্তা ও ব্যবসায়ীরা অংশ নেবেন। প্রায় ১৫০টি স্টলে দেশীয় বিভিন্ন পণ্য, পোশাক, হস্তশিল্প, গৃহস্থালি সামগ্রী, ইলেকট্রনিকস, প্রসাধনী ও খাদ্যপণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে।
উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণের সুযোগ
সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত এ মেলার মাধ্যমে উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন, প্রচার ও বাজার সম্প্রসারণের সুযোগ পাবেন। একই সঙ্গে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগের ক্ষেত্র তৈরি হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা।
তিনি বলেন, গত তিন বছরে সিলেট অঞ্চলে কোনো বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়নি। বিষয়টি বিবেচনায় নিয়ে উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে এবারের মেলার আয়োজন করা হচ্ছে।
নিরাপত্তা ও অবকাঠামোগত প্রস্তুতি
আয়োজকরা জানান, মেলা আয়োজনের জন্য সিলেট জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলোর প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে। মেলা চলাকালে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের সার্বক্ষণিক নিরাপত্তার অনুমোদনও রয়েছে।
মেলার মাঠ সাজানো, লাইটিং, প্রবেশগেট, অফিসসহ বিভিন্ন অবকাঠামোগত কাজের প্রস্তুতি চলছে। মেলায় দর্শনার্থীদের জন্য বিনোদনমূলক ও সাংস্কৃতিক কর্মসূচিও রাখা হবে।
আয়োজকদের আশা, মাসব্যাপী এ মেলার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীরা নিজেদের পণ্যের প্রচার এবং নতুন বাজার তৈরির সুযোগ পাবেন। পাশাপাশি সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসারেও মেলাটি ইতিবাচক ভূমিকা রাখবে।
কালের আলো/এএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array