চ্যাটজিপিটিতে নতুন সুবিধা, এবার অনুসরণ করবে আপনার লেখার ধরন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে লেখা তৈরি এখন অনেকের দৈনন্দিন কাজের অংশ। তবে এআইয়ের তৈরি লেখায় অনেক সময় নির্দিষ্ট শব্দ, বাক্যগঠন ও একঘেয়ে ভঙ্গি থাকায় সহজেই বোঝা যায় যে লেখাটি মানুষের তৈরি নয়। এ ধরনের লেখাকে অনেকে ‘এআই স্লপ’ বলে থাকেন। এবার ব্যবহারকারীর নিজস্ব লেখার ধরন অনুসরণ করে আরও স্বাভাবিকভাবে লেখা তৈরির সুযোগ দিতে চ্যাটজিপিটিতে ‘রাইটিং স্টাইল’ সুবিধা যুক্ত করেছে ওপেনএআই।
ওপেনএআই জানিয়েছে, নতুন এই সুবিধার মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারকারীর আগের লেখা বিশ্লেষণ করে তাঁর লেখার ধরন অনুযায়ী নতুন লেখা তৈরি করতে পারবে। ব্যবহারকারীর পছন্দের শব্দ ও বাক্যাংশ, বাক্য সাজানোর ধরন, লেখার স্বর, যতিচিহ্নের ব্যবহারসহ বিভিন্ন ছোটখাটো অভ্যাসও এতে বিবেচনায় নেওয়া হবে। এমনকি লেখার শেষে ব্যবহৃত নির্দিষ্ট সাইন বা বড় হাতের অক্ষর ব্যবহারের ধরনও অনুসরণ করতে পারবে চ্যাটজিপিটি।
প্রাথমিকভাবে চ্যাটজিপিটি ওয়ার্ক ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু করা হয়েছে। ওয়েবে চ্যাটজিপিটি ওয়ার্ক ব্যবহারের সুযোগ থাকা সাবস্ক্রিপশন প্ল্যানের ব্যবহারকারীরা সেটিংসের ‘পারসোনালাইজেশন’ অপশন থেকে এটি চালু করতে পারবেন। তবে সুবিধাটি ব্যবহারের জন্য চ্যাটজিপিটি ওয়ার্ককে ব্যবহারকারীর জিমেইল, গুগল ড্রাইভ, স্ল্যাক ও শেয়ারপয়েন্টের মতো সেবায় প্রবেশের অনুমতি দিতে হবে।
ওপেনএআইয়ের তথ্যমতে, ব্যবহারকারীর লেখার ধরন বিশ্লেষণ করে পরবর্তী সময়ে তৈরি করা ই-মেইল, নথি বা অন্যান্য লেখায় সেই বৈশিষ্ট্যগুলো অনুসরণ করবে চ্যাটজিপিটি। ফলে এআই দিয়ে তৈরি লেখা ব্যবহারকারীর নিজস্ব লেখার মতো আরও স্বাভাবিক মনে হতে পারে।
ব্যবহারকারীর লেখার ধরন অনুসরণ করে লেখা তৈরির সুবিধা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে অ্যানথ্রপিক তাদের এআই চ্যাটবট ক্লডে ‘স্টাইলস’ সুবিধা চালু করেছে। এতে ব্যবহারকারীরা নিজেদের লেখা আপলোড বা পেস্ট করে নির্দিষ্ট যোগাযোগের ধরন অনুযায়ী কাস্টম স্টাইল তৈরি করতে পারেন।
সূত্র: ইন্ডিয়া টুডে
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array