খুঁজুন
                               
, ,
           

ইকবাল রোডের বাসা থেকে সাবেক এমপি মোশতাক রুহী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
ইকবাল রোডের বাসা থেকে সাবেক এমপি মোশতাক রুহী আটক

রাজধানীর মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুর থানার ইকবাল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। তিনি জানান, ইকবাল রোডের একটি বাসা থেকে মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ইকবাল রোডের ওই বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে আটক করা হয়।

তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

একাধিক মামলার আসামি

মোশতাক আহমেদ রুহী নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তিনি ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালেও একই দলের মনোনয়নে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কালের আলো/এমএসআইপি 

জাতিসংঘের ৮১তম অধিবেশনে নতুন দায়িত্বে জাইমা রহমান

কালের আলো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ণ
জাতিসংঘের ৮১তম অধিবেশনে নতুন দায়িত্বে জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, জাইমা রহমানকে বাংলাদেশ থেকে লিগ্যাল অফিসার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তার দায়িত্বের মধ্যে কার্যালয়ের আইনি বিষয়গুলো দেখাশোনা করা রয়েছে। জাতিসংঘের প্রোফাইলে তাকে যুক্তরাজ্য ও বাংলাদেশে অভিজ্ঞতাসম্পন্ন ব্যারিস্টার এবং আইন ও নীতিবিষয়ক পেশাজীবী হিসেবে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে বিভিন্ন পদে মোট ৪০ জন দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ছয়জন। জাইমা রহমান ছাড়া অন্য পাঁচজন হলেন—আব্দুল আলিম, মোয়াজ্জেম হোসেন, মাফিজুল ইসলাম, জাকির আহমেদ এবং মো. রফিকুল আলম মোল্লা।

বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যে আব্দুল আলিম দায়িত্ব পালন করছেন ডেপুটি চিফ অব ক্যাবিনেট হিসেবে। মোয়াজ্জেম হোসেন রয়েছেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী হিসেবে। মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলোর বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।

জাইমা যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনে আইন বিষয়ে পড়াশোনা করেছেন এবং পরে যুক্তরাজ্যে ব্যারিস্টার-অ্যাট-ল সম্পন্ন করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তথ্যও বিভিন্ন প্রতিবেদনে এসেছে।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ২০২৬ সালের ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। জাতিসংঘের অফিসিয়াল তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশন ৮ সেপ্টেম্বর শুরু হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘ সচিবালয়ের নিয়মিত কর্মী নন। সভাপতির কার্যালয়ের কার্যক্রম পরিচালনায় নিয়মিত বাজেটের পাশাপাশি সদস্যরাষ্ট্রগুলোর স্বেচ্ছা অনুদানের মাধ্যমে একটি ট্রাস্ট ফান্ডও রয়েছে।

জাতিসংঘের ট্রাস্ট ফান্ডের তথ্য অনুযায়ী, ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ১০টি সদস্যরাষ্ট্র মোট ১২ লাখ ৮৮ হাজার ২৩৭ মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই অর্থ সভাপতির কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম, সদস্যরাষ্ট্রগুলোর সঙ্গে পরামর্শ, প্রতিনিধিত্ব ও যোগাযোগ এবং ৮১তম অধিবেশনের অগ্রাধিকার বাস্তবায়নে সহায়তা করে।

কালের আলো/জেএন

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ণ
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে।

জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ৩৪তম তলায় স্থানীয় সময় দুপুরে এ বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই নেতা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়।

দুই প্রধানমন্ত্রী পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তারা।

কালের আলো/আরডি/এমডিএইচ

জাতিসংঘে তারেক-শাহবাজ বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
জাতিসংঘে তারেক-শাহবাজ বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন দুই নেতা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ৩৪ তলায় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, সমসাময়িক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতার সম্ভাব্য বিভিন্ন ক্ষেত্র নিয়ে তাদের মধ্যে গঠনমূলক মতবিনিময় হয়।

এছাড়া, বৈঠকে উভয় পক্ষ আগামী দিনে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার ওপর জোর দেন।

কালের আলো/আরডি/এমডিএইচ