খুঁজুন
                               
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ২৪ বৈশাখ, ১৪৩৩
           

দুদক সংস্কারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: ড. ইফতেখারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
দুদক সংস্কারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: ড. ইফতেখারুজ্জামান

দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার ও পুনর্গঠনের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান

তিনি বলেন, সুশাসন এবং দুর্নীতিবিরোধী বিষয়ে সরকার প্রধানকে কিছু সুনির্দিষ্ট সুপারিশ করেছি। প্রধানমন্ত্রী বিষয়গুলোকে ইতিবাচক হিসেবে নিয়েছেন এবং বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান সরকার বিশ্বজুড়ে বার্তা দিতে চায় যে- তারা দুর্নীতির বিরুদ্ধে আপসহীন ও অঙ্গীকারবদ্ধ। এর অংশ হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে ২০২৮ সালের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনফারেন্স বাংলাদেশে আয়োজনের প্রস্তাব দিয়েছে টিআইবি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা চাওয়া হয়েছে এবং তিনি বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, প্রতি দুই বছর পরপর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়। চলতি বছর এ সম্মেলন ডোমিনিকান প্রজাতন্ত্রে আয়োজন করা হবে। এর আগে এশিয়ায় মাত্র তিনটি দেশ—মালয়েশিয়া, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়া—এই আয়োজনের সুযোগ পেয়েছে।

তিনি আরও বলেন, ২০২৮ সালের সম্মেলন বাংলাদেশে আয়োজনের উপযুক্ত সময়। এ বিষয়ে প্রধানমন্ত্রী নীতিগতভাবে একমত হয়েছেন। মন্ত্রিপরিষদের সম্মতি পাওয়া গেলে বাংলাদেশে এই সম্মেলন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

সাক্ষাতের সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

কালের আলো/এসআর/এএএন

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন ৫ উপজেলা গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ
বগুড়া সিটি করপোরেশনসহ নতুন ৫ উপজেলা গঠন

দেশের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনে বগুড়া সিটি করপোরেশনসহ পাঁচটি নতুন উপজেলা গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নিকারের বৈঠক শেষে জানা গেছে, ক্রমবর্ধমান নগরায়ণ ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বগুড়াকে দেশের নতুন সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে সারা দেশে আরও পাঁচটি নতুন উপজেলা গঠনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন গঠিত উপজেলাগুলো হলো—বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে বিভক্ত করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে বিভক্ত করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে বিভক্ত করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে বিভক্ত করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।

কালের আলো/এসআর/এএএন

বাজেট অধিবেশন ৭ জুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ
বাজেট অধিবেশন ৭ জুন

Oplus_131072

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে আগামী ৭ জুন (রোববার) বিকেল ৩টায়। এটি হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন। এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-২ এর পরিচালক (গণসংযোগ) সাইদুজ্জামান সাঈদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

১৪৩৩ বঙ্গাব্দের ২৪ জ্যৈষ্ঠ মোতাবেক ২০২৬ খ্রিস্টাব্দের ৭ জুন রোজ রোববার বিকেল ৩টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদের এটি দ্বিতীয় অধিবেশন এবং একইসঙ্গে এটি ২০২৬ সালের বাজেট অধিবেশন। এই অধিবেশনে আগামী অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপন ও পাস করা হবে।

কালের আলো/এসএকে

রেমিট্যান্সে সুবাতাস, মে মাসের ৬ দিনেই এলো ৭৫ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
রেমিট্যান্সে সুবাতাস, মে মাসের ৬ দিনেই এলো ৭৫ কোটি ডলার

চলতি মাসের প্রথম ৬ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ৫৩ লাখ ডলার রেমিট্যান্স।

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি মে মাসের প্রথম ৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭৫ কোটি ২০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৬২ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৬ মে পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ৮ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৬০ শতাংশ।

এর আগে গত এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।

গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

এছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

কালের আলো/এসএকে