খুঁজুন
                               
বুধবার, ১৩ মে, ২০২৬, ৩০ বৈশাখ, ১৪৩৩
           

কৃষকদের প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছেন প্রধানমন্ত্রী: এমপি ওয়াহাব

ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ
কৃষকদের প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছেন প্রধানমন্ত্রী: এমপি ওয়াহাব

প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের ভাগ্য উন্নয়নে প্রণোদনাসহ সকল ধরনের সুযোগ-সুবিধা প্রদান করছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই লক্ষ্য নিয়ে সরকার কৃষকদের জীবনমান উন্নত করতে কাজ করে যাচ্ছে’।

মঙ্গলবার (১২ মে) সকালে ময়মনসিংহের অষ্টধর ইউনিয়নে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালা ও মাঠ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিনা ধান-২৫ এর সম্প্রসারণ বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল জাতের ধান পরিচিতি, উৎপাদন কলাকৌশল এবং শস্যবিন্যাসে অন্তর্ভুক্তকরণ বিষয়ক এই কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশেষ করে ‘বিনা ধান-২৫’ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে এই মাঠ দিবসের আয়োজন করা হয়।

এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ আরও বলেন, আমি কৃষকের সন্তান হিসেবে তাদের সুখ-দুঃখ বুঝি। কৃষি বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করে বিনা ধান-২৫ এর মতো উন্নত জাত উদ্ভাবন করেছেন, যা অত্যন্ত স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু। এই ধান বিদেশে রপ্তানিযোগ্য। কৃষকরা এটি চাষ করলে অধিক ফলন পাবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন।

বিনার কর্মকর্তারা জানান, দেশে প্রিমিয়াম কোয়ালিটির চিকন চালের চাহিদা মেটাতে গিয়ে বর্তমানে মোটা চাল পলিশ করে বাজারজাত করা হচ্ছে। এতে প্রতি টনে প্রায় ১০ কেজি চাল নষ্ট হচ্ছে এবং চালে থাকা ভিটামিন ‘বি’, প্রোটিন, জিংক ও আয়রনের মতো পুষ্টি উপাদান হারিয়ে যাচ্ছে। এই সমস্যা সমাধানে বিনা ধান-২৫ জাতটি অত্যন্ত কার্যকর। এটি প্রাকৃতিকভাবেই চিকন ও লম্বা হওয়ায় পলিশ করার প্রয়োজন পড়ে না। ফলে চালের পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে এবং আমদানিনির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে এটি বড় ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন, বিনার মহাপরিচালক ডক্টর মোহাম্মদ শরিফুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালমা আক্তার, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চল, একেএম আনিসুজ্জামান, কৃষক প্রতিনিধি, বিনা বোর্ড অব ম্যানেজমেন্ট, ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিল, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা, ডঃ মোহাম্মদ মাহবুবুল আলম তরফদার, প্রকল্প পরিচালক, এসআরএবি, বিনাসহ অনুষ্ঠানে স্থানীয় এলাকার বিপুল সংখ্যক কৃষক অংশগ্রহণ করেন এবং নতুন এই জাতের ধান চাষে আগ্রহ প্রকাশ করেন।

কালের আলো/এম/এএইচ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগোচ্ছে: ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগোচ্ছে: ভারত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক দিকে এগোচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১২ মে) নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছি যে আমরা (ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে একটি ইতিবাচক দিকে নিয়ে যাচ্ছি।’

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাম্প্রতিক দিল্লি সফর এবং ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা ঢাকা সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে বর্তমান সম্পর্কের গতিপথ এটাই।’

ভারত থেকে পণ্য আমদানির বিরুদ্ধে বাংলাদেশের কিছু মানুষের প্রতিবাদ এবং পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশের খবর সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের সময় প্রতিবেশী দেশগুলোকে ভারতের সমর্থন বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছে ভারত।

তিনি বলেন, ‘আমরা হাই-স্পিড ডিজেল ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল সরবরাহ করে আসছি। আমরা বাংলাদেশ থেকে অতিরিক্ত অনুরোধও পেয়েছি, যা আমরা পূরণ করেছি এবং তা অব্যাহত রেখেছি।’

অবৈধ অভিবাসনের বিষয়ে ঢাকার ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে বলে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের কথিত মন্তব্য সম্পর্কে জানতে চাইলে জয়সওয়াল বলেন, বিষয়টি দুই দেশের মধ্যে আলোচনাধীন রয়েছে।

জয়সওয়াল আরও বলেন, ‘আমরা আপনাদের বলেছি যে এটি ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনার একটি বিষয়।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই শুভেন্দু অধিকারী ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং অনুপ্রবেশ ইস্যু নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

জয়সওয়াল বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষা করাই ভারতের প্রধান অগ্রাধিকার এবং পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তকে কেন্দ্রীয় সরকার সেই প্রেক্ষাপটেই দেখছে।

এসময় মুখপাত্র আরও পুনর্ব্যক্ত করেছেন যে, ভারতে অবৈধভাবে বসবাস করছেন এমন ২ হাজার ৮৬০ জনেরও বেশি ব্যক্তির জাতীয়তা যাচাইয়ের বিষয়ে ঢাকার জবাবের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীন সফরে গিয়ে তিস্তা প্রকল্পের কাজে বেইজিংয়ের সহায়তা চেয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তিস্তা উন্নয়ন প্রকল্প নিয়েও ভারতের তীক্ষ্ণ নজরদারির কথা উল্লেখ্য করে জয়সওয়াল বলেন, ‘আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি হিসেবে আমরা আমাদের চারপাশের সমস্ত ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি। কিন্তু আমি আপনাদের বলতে চাই যে, প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক স্বতন্ত্র’।

কালের আলো/আরডি/এমডিএইচ

সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২১ জুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২১ জুন

রাজধানীর কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ২১ জুন নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (১২ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

এদিন মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এ জন্য সালমান ও আনিসুলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এসময় আসামিদের আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২১ জুন নতুন দিন নির্ধারণ করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিউমার্কেট থানার একটি হত্যা মামলার আসামিরা সদরঘাট ২ নম্বর মসজিদ সংলগ্ন এলাকায় অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককালে আনিসুল হকের কাছ থেকে ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার ও ৭২৬ সিঙ্গাপুর ডলার জব্দ করা হয়। অন্যদিকে, সালমান এফ রহমানের কাছ থেকে ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইস ফ্রাঙ্ক, ৮ হাজার ৫০০ দিরহাম, ১৩ লাখ উজবেক সোম, ১১ হাজার ৬৫০ সৌদি রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুর ডলার, ১৫০ ব্রিটিশ পাউন্ড, ১ হাজার ৩২১ ইউরো, ৬ হাজার ২৩০ ভুটানি গুলট্রাম, ৩ হাজার ৩২০ থাই বাথ ও ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় একই বছরের ১৩ সেপ্টেম্বর নিউমার্কেট থানার এসআই মো. সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ নভেম্বর কোতোয়ালি থানার এসআই নুরুজ্জামান তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

ট্রাইব্যুনালে নতুন ৩ জন প্রসিকিউটর নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
ট্রাইব্যুনালে নতুন ৩ জন প্রসিকিউটর নিয়োগ

মামলা পরিচালনার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন তিনজন আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সলিসিটর মুহম্মদ শাহাদাত হোসেন (জিপি-পিপি) স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য হাইকোর্টের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় মো. মাগফুর রহমান শেখ, সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় ড. মোহাম্মদ অলি মিয়া ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় ব্যারিস্টার রাফিউল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রসিকিউটর পদে নিয়োগ প্রদান করা হলো।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

কালের আলো/আরডি/এমডিএইচ