খুঁজুন
                               
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩ আষাঢ়, ১৪৩৩
           

মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত‌্যাবাসন: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত‌্যাবাসন: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসন একটি অত্যন্ত জটিল, সংবেদনশীল এবং বহুমাত্রিক আন্তর্জাতিক বিষয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, এর সমাধানের গতি প্রকৃতি অনেকাংশেই নির্ভর করছে রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক চাপ এবং সর্বোপরি মিয়ানমার কর্তৃপক্ষের সদিচ্ছার ওপর।

বুধবার (১৭ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানান, রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে জাতিগত সংঘাত ও যুদ্ধাবস্থা চলছে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো শরণার্থীকে জোরপূর্বক বা অনিরাপদ পরিবেশে ফেরত পাঠানো সম্ভব নয়। তবে আমাদের সরকার রাখাইন রাজ্যে একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য মিয়ানমার সরকার ও আরাকান আর্মির মধ্যে একটি কার্যকর সংলাপের ক্ষেত্র তৈরি করার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে এবং সে লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রত্যাবাসনের সুনির্দিষ্ট কোনো তারিখ বা সময়সীমা এখন পর্যন্ত নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পরিস্থিতি অনুকূলে আসার সাথে সাথেই যাতে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন শুরু করা যায়, সেজন্য আমাদের সকল প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রাখা হয়েছে।

উপযুক্ত সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করে রোহিঙ্গা মুসলমানদের স্থায়ী ও নিরাপদ প্রত্যাবাসন শুরু করাই বর্তমান সরকারের লক্ষ্য।

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, সরকারের কঠোর নজরদারি ও বিশেষ টাস্কফোর্সের অভিযানের ফলে ক্যাম্পে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। বিশেষ করে খুনের ঘটনা গত তিন বছরে রেকর্ড পরিমাণে কমেছে। ২০২৩ সালে ক্যাম্পে খুনের ঘটনা ছিল ৬৬টি। ২০২৪ সালে তা কমে দাঁড়ায় ৪৯টিতে। ২০২৫ সালে তা আরও কমে ৩৫টিতে নেমে আসে। চলতি ২০২৬ সালের প্রথম তিন মাসে খুনের সংখ্যা মাত্র ৬টিতে দাঁড়িয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা ১১ লক্ষ ৮৯ হাজার ২১৩ জন। এ পর্যন্ত ৮ লক্ষ ২৯ হাজার ৩৩৬ জন রোহিঙ্গার তথ্য যাচাই-বাছাইয়ের জন্য মিয়ানমারকে পাঠানো হয়েছে। এছাড়া ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানের আওতায় ৯১০.৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার আহ্বান জানানো হয়েছে, যার বিপরীতে এখন পর্যন্ত ২৯১ মিলিয়ন মার্কিন ডলার পাওয়া গেছে।

পরিশেষে মন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো রাজনীতি নয়, বরং বাস্তবসম্মত ও স্থায়ী সমাধানের মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অঙ্গীকারবদ্ধ।

কালের আলো/আরডি/এমডিএইচ

যুক্তরাষ্ট্রে ছয় হাজার প্রবাসীর কাছে স্মার্টকার্ড পাঠাচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে ছয় হাজার প্রবাসীর কাছে স্মার্টকার্ড পাঠাচ্ছে ইসি

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে আবেদন করেছেন— এমন ছয় হাজার নাগরিকের কাছে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্মার্টকার্ড পাঠাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৭ জুন) সংস্থাটির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসি কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র থেকে ১৬ হাজার ৭১৫ জন প্রবাসী এনআইডির জন্য আবেদন করেছিলেন। এদের মধ্যে ১০ হাজার ৯৬৮ জনের আবেদন অনুমোদন করেছে কমিশন। যারা প্লাস্টিক কার্ড চান তারা অনলাইন থেকে নিয়েছেন। আর এখন আমরা এর মধ্য থেকে পাঁচ হাজার ৮০৭ জনের এনআইডি প্রিন্ট করা হচ্ছে, যেগুলো শিগগিরিই দূতাবাসের মাধ্যমে সরবরাহ করা হবে সংশ্লিষ্টদের কাছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ফ্লোরিডার মায়ামি ও ক্যালিফোর্নিয়ার লজ এঞ্জেলেস এলাকায় এনআইডি কার্যক্রম গত বছর দূতাবাসের মাধ্যমে শুরু করে ইসি। এক্ষেত্রে নিউ ইয়র্কে বসবাসরত চার হাজার ১৭০ জন, ওয়াশিংটনে ৪৩০ জন, মায়ামিতে ৩৬৫ জন ও লজ এঞ্জেলেসে ৪৪২ জনের এনআইডি পাঠিয়ে দেবে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী ও দুবাই; সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা; যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেষ্টার ও বার্মিংহাম; ইতালির রোম ও মিলান; কুয়েতের কুয়েত সিটি; কাতারের দোহা; মালয়েশিয়ার কুলালামপুর; অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি; কানাডার অটোয়া ও টরেন্টো; জাপানের টোকিও; আমেরিকার নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লসঅ্যাঞ্জেলস; মালদ্বীপের মালে; ওমানের মাস্টক; দক্ষিণ আফ্রিকা প্রিটোরিয়া- মোট ১৪টি দেশের ২৪ টি স্টেশনে ভোটার তালিকা ও এনআইডি বিতরণ কার্যক্রম চলছে। সবগুলো দেশ থেকে এক লাখের মতো আবেদন এসেছে এ পর্যন্ত। এদের মধ্যে ২০ হাজারের মতো নাগরিক এনআইডি পেয়েছেন।

প্রবাসীদের চার তথ্য দেওয়া বাধ্যতামূলক:
বিদেশে বসে ভোটার হওয়ার জন্য অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (ফরম-২(ক), মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্ট/মেয়াদহীন পাসপোর্ট/এনআইডিধারী তিন নাগরিকের প্রত্যায়ন, অনলাইন জন্ম নিবন্ধন ও পাসপোর্ট সাইজের রঙিন ছবি বাধ্যতামূলকভাবে সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে (দূতাবাসের সংশ্লিষ্ট ডেস্কে) জমা দিতে হবে।

এদিকে বিশেষ ৫৬টি উপজেলা/থানার (চট্টগ্রাম অঞ্চল) নাগরিকদের জন্য “বিশেষ তথ্য ফরম’ পূরণ, শিক্ষা সনদ, পিতা-মাতার এনআইডি, মৃত হলে মৃত্যু সনদ, ড্রাইভিং লাইসেন্স/টি.আই.এন (প্রযোজ্য ক্ষেত্রে), কতিপয় দেশের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), নিকাহনামা এবং স্বামী-স্ত্রীর এনআইডি (প্রযোজ্য ক্ষেত্রে), নাগরিকত্ব সনদ (কাউন্সিলর, চেয়ারম্যান/মেয়র/সিইও কর্তৃক), ইউটিলিটি বিলের কপি (ভোটার এলাকার ঠিকানার বিদ্যুৎ/পানি/গ্যাস বিলের কপি, ভাড়াটিয়া হলে বাড়ি ভাড়ার চুক্তিপত্র ও বাড়িওয়ালার অনাপত্তিপত্র জমা দিতে হবে।

কালের আলো/আরডি/এমডিএইচ

নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হচ্ছে পাঁচটি রিভারাইন পেট্রোল ভেসেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হচ্ছে পাঁচটি রিভারাইন পেট্রোল ভেসেল

দেশীয় প্রযুক্তিতে জাহাজ নির্মাণে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড ও শিপইয়ার্ডসমূহ সাফল্যের ধারাবাহিকতায় অগ্রযাত্রার পথে এগিয়ে যাচ্ছে। সেই সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশীয় প্রযুক্তির বিকাশ ও নিজস্ব সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বুধবার (১৭ জুন) এ ধারাবাহিকতায় ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) লিমিটেড কর্তৃক বাংলাদেশ কোস্টগার্ডের জন্য ৫টি রিভারাইন পেট্রোল ভেসেল (আরপিভি) নির্মাণের লক্ষ্যে ‘কিল-লেয়িং’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রধান অতিথি এবং বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরপিভিসমূহের ‘কিল-লেয়িং’ এর সূচনা করেন।

এ ছাড়াও, অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড এবং ডিইডব্লিউ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কোস্টগার্ডের আধুনিকায়ন এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনী পরিচালিত ডিইডব্লিউতে দেশীয় প্রযুক্তিতে ৫টি আরপিভি নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। ৩৮.৫ মিটার দৈর্ঘ্য, ৭.৯০ মিটার প্রস্থ, ২.৪৫ মিটার গভীরতা এবং ২৩২ টন ডিসপ্লেসমেন্ট ক্ষমতাবিশিষ্ট নির্মিতব্য প্রতিটি নৌযান ঘণ্টায় ২৫ মাইল বেগে চলাচল করতে সক্ষম হবে। প্রতিটি নৌযানে নেভিগেশন র‍্যাডার, জিপিএস, যোগাযোগ প্রযুক্তি, নাইট ভিশন ও বিভিন্ন ধরনের আধুনিক সরঞ্জামাদি সংযোজিত থাকবে।

কম গভীরতায় চলাচলের উপযোগী ও উচ্চ গতি সম্পন্ন এ নৌযানসমূহ বাংলাদেশ কোস্টগার্ডের বহরে সংযোজনের মধ্য দিয়ে দেশের নদী, মোহনা এবং উপকূলীয় এলাকার সংকীর্ণ ও দুর্গম নৌপথে অধিক দক্ষতা ও কার্যকারিতার সঙ্গে অভিযান পরিচালনা করা সম্ভব হবে। পাশাপাশি, কম গভীরতাসম্পন্ন জলপথে নিরাপত্তা নিশ্চিতকরণ, নজরদারি জোরদারকরণ, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা ও নদীপথ ব্যবস্থাপনায় কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধি পাবে।

একইসাথে এ সকল এলাকায় নিয়মিত টহল, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা এবং উদ্ধার কাজে আরপিভিসমূহ ব্যবহৃত হবে।

উল্লেখ্য, ডিইডব্লিউ লিঃ-এর নিজস্ব সক্ষমতায় আরপিভি নির্মাণ প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতা, দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের বিকাশ এবং প্রযুক্তিগত উৎকর্ষের ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। উন্নত প্রযুক্তি ও দেশীয় নির্মাণ সক্ষমতার সমন্বয়ে ভবিষ্যতে অধুনিক জাহাজ এবং প্ল্যাটফর্ম নির্মাণের ক্ষেত্রে ডিইডব্লিউ লিঃ এর কার্যক্রম অব্যাহত থাকবে।

কালের আলো/এম/এএইচ

তিন মাসে মাদক মামলায় গ্রেফতার ৯৬৮৫: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
তিন মাসে মাদক মামলায় গ্রেফতার ৯৬৮৫: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক নির্মূলে তিন মাসে দেশব্যাপী নয় হাজার ২৫১টি মামলায় নয় হাজার ৬৮৫ জন মাদক চোরাকারবারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সময়ে ৩০ হাজার ৭৪৪টি অভিযানে দতাদের গ্রেফতার করা হয়।

বুধবার(১৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস‌্য শেখ মজিবুর রহমান ইকবালের এক প্রশ্নের লিখিত উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক কিশোরগঞ্জ জেলাসহ দেশব্যাপী মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সমাজে মাদকের ভয়াবহতা হ্রাসকল্পে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বৃহত্তর পরিসরে মাদকের সরবরাহ হ্রাস, চাহিদা হ্রাস এবং ক্ষতি হ্রাস এই তিনটি কর্মকৌশল নিয়ে সারাদেশে কাজ করা হচ্ছে।

এছাড়া বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী জনগণের কল্যাণের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর ও নিকলী উপজেলাসহ সারাদেশে ১৮০ দিন, আগামী ২০২৬-২০২৭ অর্থবছর এবং আগামী ০৫ বছরের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। এই কর্মপরিকল্পনা অনুযায়ী বাজিতপুর ও নিকলী উপজেলাসহ কিশোরগঞ্জ জেলায় অবৈধ মাদক ব্যবসায়ী ও স্পটগুলোর তালিকা হালনাগাদ করা হচ্ছে। চিহ্নিত স্পটগুলোতে নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার মাদক ও সন্ত্রাস নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মাদক ও সন্ত্রাস ধীরে ধীরে পুরো সমাজ ব্যবস্থাকেই ধ্বংস করে দেয়। কেবল পুলিশি অভিযানের মাধ্যমে মাদক ও সন্ত্রাস এর মূলোৎপাটন করা পুরোপুরি সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র সবার সম্মিলিত সহযোগিতা।

কালের আলো/আরডি/এমডিএইচ