রাজশাহীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। বুধবার (১৭ জুন) সকাল ১১টার দিকে বানেশ্বর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন- পুঠিয়ার নকুলবাড়িয়া ধোপাপাড়া গ্রামের বাসিন্দা হাসেন প্রামাণিক (৭০) ও তার ছোট ভাই আব্দুল খালেক প্রামাণিক (৬৫)। দুর্ঘটনার পর মো. লালন ও মো. লাল্টু নামের দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা চার যাত্রী নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশ্যে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় ক্যারেট বহনকারী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। বানেশ্বর বাজারে ট্রাক ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই আব্দুল খালেক প্রামাণিকের মৃত্যু হয়। আর আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। তখন চিকিৎসক হাসেন প্রামাণিককেও মৃত ঘোষণা করেন।
পবা হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত) ওসি মাহাবুর রহমান জানান, নিহত খালেক প্রামাণিকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার ভাই হাসেন প্রামাণিকের মরদেহও হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর ট্রাক জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়েছেন। এ ব্যাপারে থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
কালের আলো/এএইচ/এমএসআইপি



আপনার মতামত লিখুন
Array