খুঁজুন
                               
, ,
           

খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ
খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে: আইজিপি

খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শনিবার (২৫ জুলাই) বিকেলে ঢাকার পূর্বাচলে বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ড উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। এদিন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

মো. আলী হোসেন ফকির বলেন, বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নে বেশ আগ্রহী। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। এ লক্ষ্যে পুলিশ সদস্যদের মধ্য থেকে বাছাই করে একটি ফুটবল দল গঠন করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, পুলিশ সদস্যদের ফুটবল খেলা যুবসমাজকে অনুপ্রাণিত করবে। তারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জাতি গড়ে তুলবে।

আইজিপি বলেন, পুলিশের দায়িত্ব অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা একজন পুলিশ সদস্যকে দায়িত্ব পালনে আরও কর্মক্ষম, আত্মবিশ্বাসী এবং সক্ষম করে তোলে। ফুটবল খেলা শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং দলগত সমন্বয়ের শিক্ষা দেয়, যা পুলিশিংয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মো. আলী হোসেন ফকির বলেন, বাংলাদেশ পুলিশের ক্রীড়া চর্চার গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। আমাদের সদস্যরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলায় সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ড শুধু একটি ক্রীড়া অবকাঠামোই নয়, এটি পুলিশ ফুটবল টিমের অন্যতম অনুশীলন কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখান থেকে ভবিষ্যতে আরও দক্ষ ও মেধাবী খেলোয়াড় তৈরি হবে, যারা বাংলাদেশ পুলিশের পাশাপাশি দেশের সুনামও বৃদ্ধি করবে।

তিনি প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ আচরণের প্রশংসা করে।

এবিপিএনের অতিরিক্ত আইজি হাসিব আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি এবং খেলোয়াড় ও অতিথিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ডের চতুর্দিকে ২০ ফুট সার্ভিস এরিয়াসহ এর মোট আয়তন প্রায় এক লাখ বর্গফুট।

কালের আলো/এম/এএইচ

রাজশাহীকে পরিকল্পিত বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ নগরীতে পরিণত করা হবে: ভূমিমন্ত্রী

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
রাজশাহীকে পরিকল্পিত বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ নগরীতে পরিণত করা হবে: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহীকে আবারও সবুজ নগরীতে পরিণত করতে হবে। নগরের খালি জায়গাসহ যেখানে সম্ভব সেখানে গাছ লাগাতে হবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে রাজশাহী নগরীর নজরুল ভিলেজে ১৫ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবার মেলার প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’।

নিজের মেয়াদকালের কথা উল্লেখ করে মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র থাকাকালে ব্যাপক বৃক্ষরোপণ করা হয়েছিল। তখন নগর আরও সবুজ ছিল। আবারও পরিকল্পিত বৃক্ষরোপণের মাধ্যমে রাজশাহীকে সবুজ নগরীতে পরিণত করা হবে।

বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা বৃক্ষরোপণ করুন, প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। শুধু বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ নয়, গাছ বড় হওয়া পর্যন্ত পরিচর্যা নিশ্চিত করতে হবে। গাছ লাগানোর চেয়ে তা রক্ষা করাই বেশি কঠিন। তাই সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।

ভূমিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার হারিয়ে যাওয়া সবুজায়ন ফিরিয়ে আনতে কাজ করছে। সম্মিলিত প্রচেষ্টায় সেই লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা আজও স্মরণীয়। একইভাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও ব্যাপক সবুজায়নের জন্য নানা কর্মসূচি গ্রহণ করেছিলেন। সে সময় রাজশাহী জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাইদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা পুলিশ সুপার নাইমুল হাছান এবং রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলার গেটে এসে শেষ হয়। ১৫ দিনব্যাপী এ মেলায় ৫২টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

শাহজালালের কার্গো ভিলেজে আবারও আগুন লাগার খবর, পাওয়া গেল ধোঁয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
শাহজালালের কার্গো ভিলেজে আবারও আগুন লাগার খবর, পাওয়া গেল ধোঁয়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আবার আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। তবে সেখানে গিয়ে সরাসরি কোনো আগুনের অস্তিত্ব না পেলেও পাশে থাকা একটি ময়লার স্তূপে ধোঁয়া দেখা গেছে

শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কার্গো ভিলেজে আগুন না থাকলেও পাশের ময়লার স্তূপে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ময়লার স্তূপে কীভাবে এই ধোঁয়ার সৃষ্টি হয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি। ফায়ার সার্ভিসের টিমের কাজ শেষ হওয়ার পর চূড়ান্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

Oplus_131072

মালদ্বীপের প্রেসি‌ডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে‌ছেন বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

শ‌নিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মালদ্বীপের প্রেসি‌ডেন্টের কার্যালয়ে এ সাক্ষাৎ হ‌য়ে‌ছে। দেশ‌টির প্রেসি‌ডেন্টের অ‌ফিস এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, প্রেসি‌ডেন্ট পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সরকারের বিশেষ অতিথি হিসেবে তার মালদ্বীপ সফরের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎকা‌লে বহুপাক্ষিক সহযোগিতা, শিক্ষা  খা‌তে সুযোগ এবং মানু‌ষে মানু‌ষে যোগা‌যোগের ওপন বিশেষ জোর দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার উপায়গুলো নি‌য়ে তারা আলোচনা করেন।

উভয় পক্ষ মধ্যে দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বন্ধুত্বের কথা তুলে ধরে পারস্পরিক সুবিধা ও স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

কালের আলো/এসএকে