খুঁজুন
                               
, ,
           

‘ফুটবল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়’, ইনফান্তিনোর পদত্যাগের চাপ বাড়ছে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
‘ফুটবল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়’, ইনফান্তিনোর পদত্যাগের চাপ বাড়ছে

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার ইউরোপ, উত্তর ও মধ্য আমেরিকা এবং এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা—উয়েফা, কনক্যাকাফ ও এএফসি—যৌথভাবে খোলা চিঠি দিয়ে ফিফা সভাপতির নেতৃত্বের তীব্র সমালোচনা করেছে। চিঠিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, ‘ফুটবল কোনো ব্যক্তির একক সম্পত্তি নয়।’

শুধু সমালোচনাই নয়, ইনফান্তিনোর বিরুদ্ধে ‘প্রতারণার মাধ্যমে’ বিশ্বাসভঙ্গের অভিযোগও তুলেছে তিন মহাদেশীয় সংস্থা। যদিও চিঠিতে সরাসরি ফিফা সভাপতির নাম উল্লেখ করা হয়নি।

তিন সংস্থার সভাপতি ও মহাসচিবদের স্বাক্ষরিত চিঠিতে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) প্রস্তাব ঘিরে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ তুলে বলা হয়েছে, এর মূল প্রশ্ন ছিল ফুটবলের সততা এবং খেলাটি পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচিত কর্মকর্তাদের বিশ্বাসযোগ্যতা।

প্রস্তাবিত এফএফই প্রকল্পের আওতায় বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিটিং স্বত্ব দেখভালের জন্য নতুন একটি প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা ছিল। সেই প্রতিষ্ঠানের ২১ শতাংশ শেয়ার একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রির প্রস্তাবও ছিল।

তবে এএফসি, কনক্যাকাফ ও উয়েফার তীব্র বিরোধিতার মুখে গত ১ আগস্ট পরিকল্পনাটি বাতিল করে ফিফা। এ বিরোধিতায় সবচেয়ে সরব ছিল উয়েফা। এমনকি ফিফার সব প্রতিযোগিতা বর্জনের হুমকিও দিয়েছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

যৌথ চিঠিতে আরও বলা হয়, ‘প্রতারণার মাধ্যমে যখন বিশ্বাস ভঙ্গ করা হয় এবং কোনো ব্যক্তি যখন দায়িত্ব পেয়ে নিজেকে সবার ওপরে স্থান দেন, তখন তিনি মূলত নিজের দায়িত্ব ও কর্তব্যকেই বিসর্জন দেন।’

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘ফুটবলের নেতৃত্ব কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি ক্ষমতা আঁকড়ে ধরা কিংবা ক্ষমতার জোর দেখানোর বিষয় নয়। যে ফুটবল পরিবার দায়িত্ব দিয়েছে, তাদের সেবা করার একটি আমানত এটি।’

চিঠিতে ইনফান্তিনোর নাম সরাসরি উল্লেখ না থাকলেও বিবিসি স্পোর্টকে সূত্রগুলো জানিয়েছে, এটি ফিফা সভাপতির জন্য ‘সম্মানের সঙ্গে পদত্যাগের’ সুযোগ হিসেবে দেখা যেতে পারে।

ইনফান্তিনোর ওপর আস্থা হারানোর কথা আগেই জানিয়েছিল উয়েফা। নরওয়ে ফুটবল ফেডারেশনও তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছে। খেলোয়াড়দের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো তার বিরুদ্ধে ‘ক্ষমতার চরম অপব্যবহারের’ অভিযোগ তুলেছে। ইনফান্তিনো ক্ষমা চাইলেও বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসেনি উয়েফা।

তীব্র সমালোচনার মধ্যেই আগামী মার্চে মরক্কোর রাবাতে ফিফা সভাপতি নির্বাচনে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য লড়ার প্রস্তুতি নিচ্ছেন ইনফান্তিনো। তাকে চ্যালেঞ্জ জানাতে পারেন কনক্যাকাফ সভাপতি ভিক্টর মন্তালিয়ানি। নিয়ম অনুযায়ী, আগামী ১৮ নভেম্বরের মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করতে হবে।

প্রায় ১০ বছর ধরে ফিফা সভাপতির দায়িত্বে থাকা সুইস-ইতালীয় এই আইনজীবীর অবশ্য সমর্থনের ঘাটতি নেই। মরক্কোয় অনুষ্ঠিত এক বৈঠকে ফিফার শীর্ষ নির্বাহীরা তার নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছেন। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ও আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)ও তার পাশে রয়েছে। আর্জেন্টিনা, মেক্সিকো, প্যারাগুয়ে, কাতার ও কুয়েতের সমর্থনও পেয়েছেন তিনি।

এর মধ্যেই গত শনিবার এক বিবৃতিতে ফিফা দাবি করে, ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ও ইনফান্তিনোকে ‘দুর্বল করার জন্য একটি সুসংগঠিত ও নিরবচ্ছিন্ন চক্রান্ত’ চলছে। তবে ফিফা সভাপতির নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাতে হলে গঠনতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলেও জানানো হয়।

তিন মহাদেশীয় সংস্থা অবশ্য মরক্কোয় ইনফান্তিনোর পাওয়া সমর্থনকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। যৌথ চিঠিতে তারা প্রশ্ন তুলেছে, জুরিখে ফিফার সদর দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের মুখোমুখি না হয়ে এবং পূর্ণ কমিটির বৈঠক না ডেকে কয়েকজন সদস্যকে বিদেশে নিয়ে জরুরি বৈঠক করার সিদ্ধান্ত নিয়েই বরং সন্দেহ আরও বাড়ানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এ ধরনের আচরণ ফুটবলের কোনো অভিভাবকের হতে পারে না; বরং এটি এমন একজন ব্যক্তির আচরণ, যিনি মনে করেন ফুটবল তার কাছে জবাবদিহি করতে বাধ্য।

এ ছাড়া ফিফা তাদের সহসভাপতি ও ২১১টি সদস্যদেশের কাছে পাঠানো চিঠিতে প্রক্রিয়াগত ভুলের বিষয়টি স্বীকার করেছে বলেও উল্লেখ করেছে তিন সংস্থা। ফিফা বিষয়টিকে ‘যোগাযোগের ঘাটতি’ হিসেবে ব্যাখ্যা করলেও তিন মহাদেশীয় সংস্থার মতে, ফুটবলবিশ্ব এটিকে ‘বিচক্ষণতার চরম ব্যর্থতা’ হিসেবে দেখছে।

ফলে চতুর্থ মেয়াদে ফিফার সর্বোচ্চ পদে থাকার লড়াইয়ের আগেই নজিরবিহীন চাপের মুখে পড়েছেন ইনফান্তিনো।

কালের আলো/এসএ

জন বিভাগ ও কৃষি মন্ত্রণালয়ে নতুন সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
জন বিভাগ ও কৃষি মন্ত্রণালয়ে নতুন সচিব

প্রশাসনের দুই সচিব পদে রদবদল করেছে সরকার। একই সঙ্গে একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক আদেশে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

আদেশ অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল আই মোহাম্মদকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, জন বিভাগের সচিব খান মো. নুরুল আমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে প্রশাসনের এসব পদায়ন ও বদলির বিষয়টি জানানো হয়।

কালের আলো/এএইচ/এমএসআইপি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস সম্মেলনে অংশগ্রহণে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে ভারত। মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন। তিনি জানান, পৃথক দুই উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পত্র পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করার পর তিনি বলেন, “গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের হাইকমিশনারের একটি বৈঠক হয়। ওই বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হয়। আপনি (প্রধানমন্ত্রী তারেক রহমানকে) আমন্ত্রণের যে ব্যাপারটি উল্লেখ করলেন, আমরা দ্বিপাক্ষিক সফর এবং একইসঙ্গে দিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিতে তাকে আমন্ত্রণ জানিয়েছি। এ বিষয়ে আমরা আপনাদের আরও পরবর্তী তথ্য জানাব।”

তবে প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নেয়নি বলে গতকাল জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

গতকাল ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ব্রিকসে ‘প্রধানমন্ত্রী’কে দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে ‘চেয়ারপাসন অব বিমসটেক’কে।

এই পার্থক্যটা আপনারা বোঝবার চেষ্টা করেন। এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন এবং সেই চিঠিটি আমাদের সরকার গঠনের দিন হস্তান্তর করা হয়েছিল, সেখানে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। আমন্ত্রণ একটি আছে, সেটা আমরা দেখব।”

আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারপারসন হিসেবে তারেক রহমানকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আমন্ত্রণপত্রে তারেক রহমানকে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়নি।

এছাড়া, ভারতের প্রধানমন্ত্রী আরেক আমন্ত্রণপত্রে বাংলাদেশের সরকারপ্রধানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

সূত্র: ফার্স্ট পোস্ট

কালের আলো/এএইচ/এমএসআইপি 

পুলিশের ১০ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
পুলিশের ১০ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পুলিশের বিভিন্ন পদমর্যাদার এসব কর্মকর্তাকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-সহ দেশের বিভিন্ন জেলা ও ইউনিটে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে চারজন অতিরিক্ত পুলিশ সুপার ও পাঁচজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন—পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমানকে শরীয়তপুরে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. সালাহউদ্দিনকে চাঁদপুরে, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমানকে কুমিল্লায় এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শরিফুল আলমকে রংপুরে বদলি করা হয়েছে।

এ ছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সাগর সরকারকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই), ময়মনসিংহ এসএএফের সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তারকে ময়মনসিংহ জেলার ফুলপুর সার্কেলে, ময়মনসিংহের ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমানকে রাজবাড়ী জেলার পাংশা সার্কেলে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সিরাজ উদ দৌলাকে হাইওয়ে পুলিশে এবং রাঙামাটি জেলার রাজস্থলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নুরুল আমিনকে পুলিশের তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ