খুঁজুন
                               
, ,
           

যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠ ও জরুরি বন্ধু: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠ ও জরুরি বন্ধু: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ এবং জরুরি বন্ধু ও মিত্র।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চে আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের উপস্থিতিতে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের এই এলাকার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, আমরা বিভিন্ন ধর্মের মানুষের আবাস এলাকা হিসেবে একইসঙ্গে বসবাস করছি। আমাদের মধ্যে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি দীর্ঘদিন ধরে আমরা চর্চা করছি এবং বহন করছি, যা আজকের এই আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে প্রতিফলিত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা জানি, আমাদের দেশ তুলনামূলকভাবে একটি অর্থনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হচ্ছে, মার্কিন সরকারের তুলনায়। আমাদের এই অর্থনৈতিক সংগ্রামকে একটি সমৃদ্ধিশালী অর্থনীতিতে যদি আমরা নিতে চাই, তাহলে আমাদের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা দরকার।

সেই কারণে আমাদের দেশের সব বাসিন্দাদের মধ্যে একটি সামাজিক সম্প্রীতির সম্পর্ক দরকার। ফলে এটা কেবলমাত্র সুখ-শান্তির ব্যাপার নয়, এটা দেশের অর্থনীতির সমৃদ্ধিরও বিষয়।

আমরা যদি অর্থনৈতিক সমৃদ্ধি করতে না পারি, তাহলে আমাদের নাগরিকদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারব না।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকরা যে পণ্য উৎপাদন করে, সেটা আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি। এর মধ্যে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করি একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে।

আমাদের দেশের অনেক অভিবাসীও মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করেন এবং সেখান থেকে তারা প্রচুর পরিমাণে রেমিট্যান্স দেশে পাঠান। ফলে গার্মেন্টস রপ্তানির প্রধান কেন্দ্রবিন্দু এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি অভিবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।

একইসঙ্গে আমাদের দেশে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই), সেক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে সবার আগে। তারা আমাদের দেশে সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করেছে। ফলে এই বিনিয়োগের টাকাও আমাদের দেশের অর্থনীতির প্রক্রিয়াতে একটি গুরুত্বপূর্ণ সম্পদ। সেই বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ এবং জরুরি বন্ধু ও মিত্র। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

ঘণ্টাব্যাপী চলা সংলাপে চার্চের ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, বশির আহম্মেদ পান্না, ধর্মীয় নেতা মাওলানা আসাদুজ্জামান, যতীন্দ্রনাথ মিস্ত্রী ও ফাদার মাইকেল দেউরি।

সংলাপ শেষে দুপুরে তথ্যমন্ত্রীর গৌরনদী উপজেলার সরিকলস্থ বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত সস্ত্রীক গৌরনদীতে আসায় এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।

সংলাপ শেষে গৌরনদী উপজেলার সরিকল এলাকায় তথ্যমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত ও তার স্ত্রী। রাষ্ট্রদূতের গৌরনদী সফরে আসায় এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।

কালের আলো/জেএন/এমএসআইপি

জন বিভাগ ও কৃষি মন্ত্রণালয়ে নতুন সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
জন বিভাগ ও কৃষি মন্ত্রণালয়ে নতুন সচিব

প্রশাসনের দুই সচিব পদে রদবদল করেছে সরকার। একই সঙ্গে একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক আদেশে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

আদেশ অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল আই মোহাম্মদকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, জন বিভাগের সচিব খান মো. নুরুল আমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে প্রশাসনের এসব পদায়ন ও বদলির বিষয়টি জানানো হয়।

কালের আলো/এএইচ/এমএসআইপি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস সম্মেলনে অংশগ্রহণে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে ভারত। মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন। তিনি জানান, পৃথক দুই উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পত্র পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করার পর তিনি বলেন, “গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের হাইকমিশনারের একটি বৈঠক হয়। ওই বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হয়। আপনি (প্রধানমন্ত্রী তারেক রহমানকে) আমন্ত্রণের যে ব্যাপারটি উল্লেখ করলেন, আমরা দ্বিপাক্ষিক সফর এবং একইসঙ্গে দিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিতে তাকে আমন্ত্রণ জানিয়েছি। এ বিষয়ে আমরা আপনাদের আরও পরবর্তী তথ্য জানাব।”

তবে প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নেয়নি বলে গতকাল জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

গতকাল ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ব্রিকসে ‘প্রধানমন্ত্রী’কে দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে ‘চেয়ারপাসন অব বিমসটেক’কে।

এই পার্থক্যটা আপনারা বোঝবার চেষ্টা করেন। এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন এবং সেই চিঠিটি আমাদের সরকার গঠনের দিন হস্তান্তর করা হয়েছিল, সেখানে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। আমন্ত্রণ একটি আছে, সেটা আমরা দেখব।”

আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারপারসন হিসেবে তারেক রহমানকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আমন্ত্রণপত্রে তারেক রহমানকে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়নি।

এছাড়া, ভারতের প্রধানমন্ত্রী আরেক আমন্ত্রণপত্রে বাংলাদেশের সরকারপ্রধানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

সূত্র: ফার্স্ট পোস্ট

কালের আলো/এএইচ/এমএসআইপি 

পুলিশের ১০ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
পুলিশের ১০ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পুলিশের বিভিন্ন পদমর্যাদার এসব কর্মকর্তাকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-সহ দেশের বিভিন্ন জেলা ও ইউনিটে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে চারজন অতিরিক্ত পুলিশ সুপার ও পাঁচজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন—পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমানকে শরীয়তপুরে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. সালাহউদ্দিনকে চাঁদপুরে, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমানকে কুমিল্লায় এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শরিফুল আলমকে রংপুরে বদলি করা হয়েছে।

এ ছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সাগর সরকারকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই), ময়মনসিংহ এসএএফের সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তারকে ময়মনসিংহ জেলার ফুলপুর সার্কেলে, ময়মনসিংহের ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমানকে রাজবাড়ী জেলার পাংশা সার্কেলে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সিরাজ উদ দৌলাকে হাইওয়ে পুলিশে এবং রাঙামাটি জেলার রাজস্থলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নুরুল আমিনকে পুলিশের তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ