খুঁজুন
                               
, ,
           

১২ ঘণ্টার জন্য প্যারোলে কারামুক্ত দীপু মনি

মুন্সিগঞ্জ প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
১২ ঘণ্টার জন্য প্যারোলে কারামুক্ত দীপু মনি

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মেয়ের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে ১২ ঘণ্টার জন্য তাকে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশের কঠোর নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে রাজধানীর কলাবাগানে নেওয়া হচ্ছে তাকে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার সঙ্গে থাকবেন।

এর আগে বুধবার দুপুরে মায়ের সঙ্গে দেখা করেন দীপু মনির মেয়ে তানি দীপাবলী। পরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের কাছে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেন তিনি। পরে ১২ ঘণ্টার জন্য আবেদন মঞ্জুর করা হয়।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল জানিয়েছেন, মুক্তির পর রাজধানীর কলাবাগানে যাবেন দীপু মনি। সেখানে তার স্বামীর মরদেহ থাকবে। পরবর্তীতে গুলশান আজাদ মসজিদে জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

চিকিৎসাসহ তার দেখভালের দায়িত্বে থাকা আপেল খকশি জানান, তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ ধ্রুপদি সংগীতেরও চর্চা করতেন। ২০১৯ সালে তিনি স্ট্রোক করেন। সর্বশেষ গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রী দীপু মনিকে দেখতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

তৌফিক নেওয়াজ অসুস্থ থাকার কথা জানিয়ে গত ২৭ মে দীপু মনিকে সাত দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করেছিলেন তাদের মেয়ে তানি দীপাবলী। মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কাছে করা ওই আবেদনে পরে আর সাড়া মেলেনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ১৬ দিন পর ১৯ আগস্ট বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয় দীপু মনিকে। হাইকোর্টে কয়েকটি মামলায় জামিন পেলেও আরও মামলা থাকায় তিনি মুক্তি পাননি। ঢাকা ও মুন্সীগঞ্জে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আছেন তিনি।

কালের আলো/আরডি/এমডিএইচ

‘হ্যাপিলি সিঙ্গেল’ থেকে বিয়ে নিয়ে নতুন ভাবনায় আরিফিন শুভ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
‘হ্যাপিলি সিঙ্গেল’ থেকে বিয়ে নিয়ে নতুন ভাবনায় আরিফিন শুভ

চিত্রনায়ক আরিফিন শুভ এখন নিজের মতো করেই জীবন কাটাচ্ছেন। কখনো দেশে, কখনো দেশের বাইরে—কাজের ব্যস্ততার পাশাপাশি নিজের জন্যও সময় রাখছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে তাঁর কথায় সম্পর্ক ও বিয়ে নিয়ে এসেছে নতুন উপলব্ধি।

গত কোরবানির ঈদে মুক্তি পেয়েছে শুভ অভিনীত সিনেমা ‘মালিক’। সিনেমাটি মুক্তির পর আবারও দেশের বাইরে চলে যান তিনি। এর আগে দীর্ঘ সময় দেশের বাইরে থেকে সনি লিভ অরিজিনাল সিরিজ ‘জ্যাজ সিটি’তে কাজ করেছেন। সিরিজটিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

বর্তমানে নিজেকে ‘হ্যাপিলি সিঙ্গেল’ বললেও ভবিষ্যতে তাঁর জীবনে আবার সম্পর্ক বা বিয়ে আসতে পারে বলে জানিয়েছেন শুভ। তাঁর ভাষায়, মানুষ হয়তো একা থাকার জন্য তৈরি হয়নি।

২০২৪ সালের জানুয়ারিতে মাকে হারানোর পর ব্যক্তিজীবনে কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন এই অভিনেতা। সে সময় নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন। তবে ধীরে ধীরে জীবন ও সম্পর্ক নিয়ে তাঁর ভাবনায় পরিবর্তন এসেছে।

শুভ বলেন, বিয়ে বা সম্পর্ক তাঁর জীবনে আবার আসতে পারে। তবে সেটি কখন হবে, তা তিনি জানেন না। এ বিষয়ে নিজের স্বভাবসুলভ রহস্যময় ভঙ্গিতে তাঁর মন্তব্য, ‘আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবেন।’

একসময় জীবন নিয়ে অনেক পরিকল্পনা থাকলেও এখন আর সবকিছু নির্দিষ্ট ছকে বাঁধতে চান না শুভ। জীবনের স্রোত যেদিকে নিয়ে যাবে, সেভাবেই এগিয়ে যেতে চান তিনি।

বিয়ে নিয়ে নিজের উপলব্ধি প্রসঙ্গে শুভ বলেন, সুখী দাম্পত্য শুধু সামাজিকভাবে দৃশ্যমান কিছু বিষয় বা ছবি দিয়ে নির্ধারিত হয় না। বরং বোঝাপড়া, দেওয়া-নেওয়া ও সমঝোতার মতো ছোট ছোট বিষয়ই একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল করে।

তাহলে ‘হ্যাপিলি সিঙ্গেল’ শুভ কি ভবিষ্যতে ‘হ্যাপিলি ম্যারিড’ হতে চলেছেন? সেই উত্তর আপাতত নিজের কাছেই রেখেছেন অভিনেতা। তাঁর কথায়, সময়ই বলে দেবে জীবনের স্রোত তাঁকে কোথায় নিয়ে যায়।

কালের আলো/এসএ

২০ কর্মকর্তা নিয়ে বৈঠকে ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
২০ কর্মকর্তা নিয়ে বৈঠকে ইসি

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ। তার আগে ভোটের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছে ইসি সচিবসহ ২০ কর্মকর্তা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ইসি সচিব আখতার আহমেদের নেতৃত্বে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনে কিভাবে ভোট গ্রহণ করা হবে, কত সময় মধ্যে শেষ করতে হবে এ বিষয়গুলো আলোচনা হবে বৈঠকে।  এরপর ১১ টা ৪৫ মিনিট ভোটের সকল সামগ্রী নিয়ে ইসি ভবন থেকে সংসদ ভবনে যাবেন তারা।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে আমরা কর্মকর্তা যারা রয়েছি, আমরা আগামীকাল ১২ টা থেকে সোয়া ১২ টার মধ্যে জাতীয় সংসদে পৌঁছাব।

‘নির্বাচনি কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্যার আরেকটু সময় পরে সংসদে পৌঁছাবেন’ বলেও তিনি জানান।

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় নির্বাচনী কর্তা সিইসি এ এম এম নাসির উদ্দিনকে সহায়তার জন্য নির্বাচন কমিশন ২০ জন কর্মকর্তাকে সহায়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে।

তারা হলেন- ইসি সচিব আখতার আহমেদ, যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান, উপসচিব রাশেদুল ইসলাম, পরিচালক মো. সাইফুল ইসলাম, উপসচিব মোহাম্মদ মনির হোসেন, উপসচিব মুনীর হোসাইন খান, প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম, সিনিয়র সচিবের একান্ত সচিব মো. মোখলেছুর রহমান, সিনিয়র সহকারী সচিব এ টি এম শামীম মাহমুদ,  সিনিয়র সহকারী সচিব সৈয়দ আফজাল আহাম্মেদ, সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া, একান্ত সচিব এএসএম জাকির হোসেন, একান্ত সচিব এসএম হাবিবুর রহমান, সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী, সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম, একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাত, একান্ত সচিব রৌশন আরা বেগম, সিনিয়র সহকারী সচিব আরাফাত আরা ও সিনিয়র সহকারী সচিব এ এস এম ইকবাল হাসান। জাতীয় সংসদ সচিবালয় থেকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতা দেখিযে পদত্যাগ করলে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট অলি আহমদ ভোটে রয়েছেন। ভোটগ্রহণ দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।

কালের আলো/আরডি/এমডিএইচ

ট্রাম্পের সঙ্গে ‘গোপন যোগাযোগের’ দাবি নাকচ করলেন কিমের বোন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ
ট্রাম্পের সঙ্গে ‘গোপন যোগাযোগের’ দাবি নাকচ করলেন কিমের বোন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন-এর সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে তাঁর। তবে কিমের প্রভাবশালী বোন কিম ইয়ো-জং দুই নেতার মধ্যে গোপন যোগাযোগের দাবি নাকচ করেছেন।

ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন, কিমের সঙ্গে তাঁর গোপনে কথাবার্তা চলছে। এমনকি কিমের সঙ্গে সরাসরি বৈঠকের আয়োজন করতে কর্মকর্তাদের চাপ দিচ্ছেন বলেও মার্কিন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আগামী নভেম্বরে চীনের শেনঝেনে এপেক সম্মেলনের সময় দুই নেতার বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে কিম ইয়ো-জং বলেছেন, দুই দেশের মধ্যে এমন কোনো যোগাযোগের বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁর মতে, ট্রাম্প ও কিমের ব্যক্তিগত সম্পর্ক ভালো হলেও উত্তর কোরিয়ার কাছে যুক্তরাষ্ট্র এখনো শত্রুদেশ।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমে দেওয়া বিবৃতিতে কিম ইয়ো-জং বলেন, যুক্তরাষ্ট্রের উত্তর কোরিয়াবিরোধী নীতিতে কোনো পরিবর্তন আসেনি। বরং যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এখনো উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

এর মধ্যেই ট্রাম্প জানিয়েছেন, তিনি এ বছর কিমের সঙ্গে বসতে চান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি বসব।’ কিমের সঙ্গে তাঁর ব্যক্তিগত পরিচয়ের কথাও উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি কিমকে ভালোভাবে চেনেন এবং আশা করেন তিনি ভালো থাকবেন।

ট্রাম্প আরও দাবি করেছেন, উত্তর কোরিয়ার কাছে ৫৭টি ‘অত্যন্ত শক্তিশালী পারমাণবিক অস্ত্র’ রয়েছে। পারমাণবিক অস্ত্রের সংখ্যা নিয়ে এমন নির্দিষ্ট তথ্য প্রকাশ করাকে অস্বাভাবিক বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে তিনি ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন।

যদিও কিম ইয়ো-জং দুই দেশের রাজনৈতিক সম্পর্কের বিষয়ে কঠোর অবস্থান জানিয়েছেন, তিনি ট্রাম্পের সঙ্গে তাঁর ভাইয়ের ব্যক্তিগত সম্পর্কের প্রশংসা করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ট্রাম্পের প্রতি কিমের ব্যক্তিগত আবেগ রয়েছে এবং দুই নেতার মধ্যে ভালো কিছু স্মৃতিও রয়েছে।

ফলে ট্রাম্প-কিম বৈঠকের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হলেও উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো অগ্রগতি এখনো নিশ্চিত নয়।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

কালের আলো/এসএ