খুঁজুন
                               
, ,
           

কক্সবাজারে বিশ্বমানের তারকা হোটেল ফেলে পুলিশ অফিসার্স মেসে আইজিপি!

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:৪৫ পূর্বাহ্ণ
কক্সবাজারে বিশ্বমানের তারকা হোটেল ফেলে পুলিশ অফিসার্স মেসে আইজিপি!

বিশেষ প্রতিবেদক, কালের আলো :

সহজ-সরল, নিরহঙ্কার মানুষ হিসেবে পরিচিত পুলিশ প্রধান ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)। ক্ষমতার পাদপ্রদীপে থেকেও পা দু’টো সব সময় মাটিতেই রেখেছেন। তাঁর অতি সাধারণ জীবন প্রকারান্তরে নিজের অসাধারণ ব্যক্তিত্বেরই পরিচয় বহন করে।

দৈনন্দিন জীবনে তাঁর মিতব্যয়িতায় অবাক না হয়ে কোন ওপায় নেই যেন! নিরাভরণ সাদামাটা জীবনে পেশাগত দায়িত্ব তাঁর কাছে পবিত্র ইবাদত। এসব নিয়ে বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আবারো নিজের সাধারণ থাকার অনন্য এক উদাহরণের অবতারণা করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)।

স্থানীয় টেকনাফের ১০২ ইয়াবা কারবারীর আত্নসমর্পণ অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল থেকেই কক্সবাজারে রয়েছেন পুলিশের আইজি। পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের এই নগরীতে একাধিক বিশ্বমানের তারকা হোটেল থাকলেও সেইদিকে পা বাড়াননি পুলিশ বাহিনীর এই সর্বোচ্চ কর্মকর্তা।

নিজের থাকার জন্য তিনি বেছে নিলেন স্থানীয় লাবণী পয়েন্টের পুলিশ অফিসার্স মেসকে। মাত্র হাজার টাকা ভাড়ায় এই মেসে থেকেই সবাইকে চমকে দিয়েছেন ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ফলে একজন সাধারণ পুলিশ কনস্টেবল থেকে কর্মকর্তাদেরও এই বিষয়টি রীতিমতো অবাক করেছে।

একবাক্যে এই বিষয়টিকে বাহিনীর সবাই উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তাঁর সৃষ্টিশীলতা, সাদামাটা যাপিত জীবন এবং কর্ম উজ্জ্বল দৃষ্টান্ত গোটা পুলিশ বাহিনীর সদস্যদের জন্যই অনুকরণীয় বলেই মনে করা হচ্ছে।

তবে হালের চিরায়ত ধারা অনুযায়ী এই অসাধারণ বিষয়টিকে ‘ফোকাস’ করতে মোটেও উৎসাহী নন আইজিপি। বরং নীরবে-নিভৃতে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন স্বল্পভাষী এই মানুষটি। পাশাপাশি একজন আপাদমস্তক, পরিচ্ছন্ন, অসাম্প্রদায়িক মানুষ হিসেবে সেবকের ভূমিকায় অনন্য অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন প্রতিনিয়তই।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে মোবাইলে কথা হচ্ছিলো কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফরিদ উদ্দিন খন্দকারের সঙ্গে। কালের আলো’র সঙ্গে আলাপকালে বলছিলেন, ‘একজন অসাধারণ মানুষ হয়েও সাধারণ জীবন যাপন করেন আইজিপি স্যার। ইচ্ছা করলেই বিলাসবহুল রিসোর্ট বা বিশ্বমানের তারকা হোটেলে উঠতে পারতেন।
কিন্তু মাত্র এক হাজার টাকা ভাড়ায় অফিসার্স মেসেই উঠেছেন। তিনি একটি আবেগ এবং ভালোবাসার নাম। তাঁর জীবন দর্শন থেকে আমাদের শিক্ষা নেওয়ার রয়েছে।’

কক্সবাজারে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) কে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

কক্সবাজার জেলা পুলিশ সূত্র জানায়, গত বছরের নভেম্বরের মাঝামাঝি সময়েও কক্সবাজার সফর করেছিলেন আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। উদ্বোধন করেছিলেন চকরিয়া থানা, উখিয়া সার্কেল ও ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের নব-নির্মিত ভবনের। ওই সময়েও স্থানীয় পুলিশ অফিসার্স মেসেই ওঠেছিলেন তিনি।

কক্সবাজার জেলা পুলিশের এক কর্মকর্তা কালের আলোকে জানান, সাধারণত কেউ সমুদ্র নগরীতে পা ফেলেই বিলাস বহুল রিসোর্ট বা হোটেলে ছুটেন। নিজের আভিজাত্যের প্রকাশ ঘটান। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম পুলিশ প্রধান। সততা, নির্মোহতা ও নিষ্ঠায় তিনি অনন্য।

একই জেলার আরেক পুলিশ কর্মকর্তা কালের আলোকে জানান, আইজিপি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত হোটেল ছেড়ে সাধারণভাবেই কক্সবাজারে সময় কাটাচ্ছেন। আবার সাধারণ খাবার-দাবারেই তিনি অভ্যস্ত। সততা ও নিলোর্ভ আচরণের মধ্যে দিয়ে তিনি পুলিশ বাহিনীকে ক্রমশ বদলে দিচ্ছেন।

প্রসঙ্গত, শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় স্থানীয় টেকনাফ পাইলট হাইস্কুল মাঠ অনুষ্ঠিতব্য ইয়াবা কারবারীদের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।

পুলিশ প্রধান ছাড়াও এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন। এই অনুষ্ঠান শেষে এদিন বিকেলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

কালের আলো/এএ

শাহজালালে যাত্রীদের মুখোমুখি মন্ত্রী,ব্যাগেজ সেবায় সন্তুষ্টি

বিশেষ সংবাদদাতা, কালের আলো
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ
শাহজালালে যাত্রীদের মুখোমুখি মন্ত্রী,ব্যাগেজ সেবায় সন্তুষ্টি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা ও ব্যাগেজ ডেলিভারি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে যাত্রীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আকস্মিকভাবে বিমানবন্দরে গিয়ে তিনি ব্যাগেজ ডেলিভারি এলাকায় অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিজ্ঞতার কথা শোনেন।

পরিদর্শনকালে মন্ত্রী বিমান থেকে নামার পর যাত্রীরা কত সময়ের মধ্যে লাগেজ হাতে পাচ্ছেন, ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনা কেমন এবং যাত্রীদের কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না—এসব বিষয়ে সরাসরি তাদের মতামত জানতে চান।

মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, যাত্রীরা ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ হাতে পাওয়ার বিষয়েও তারা ইতিবাচক অভিজ্ঞতার কথা জানান। যাত্রীদের এই ইতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দিয়েছেন মন্ত্রী। বিমানবন্দরের প্রতিটি কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে যাত্রীদের সুবিধা আরও বাড়াতে দ্রুত ট্রলির সংখ্যা বৃদ্ধির নির্দেশনাও দেন।

যাত্রীদের সঙ্গে সরাসরি মতবিনিময়

বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় যাত্রীসেবার বাস্তব চিত্র জানতে সরাসরি যাত্রীদের সঙ্গে কথা বলার উদ্যোগটি বিশেষভাবে উল্লেখযোগ্য। কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন বা দাপ্তরিক উপস্থাপনার পরিবর্তে সেবাগ্রহীতাদের কাছ থেকেই অভিজ্ঞতা জানার মাধ্যমে মাঠপর্যায়ের বাস্তবতা বোঝার সুযোগ তৈরি হয়। ব্যাগেজ ডেলিভারি নিয়ে যাত্রীদের সন্তুষ্টির বিষয়টি বিমানবন্দরের সেবাব্যবস্থাপনায় ইতিবাচক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা যেতে পারে। একই সঙ্গে সেবার মান আরও উন্নত করার জন্য মন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশনা ভবিষ্যতে যাত্রীদের অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করার উদ্যোগকে এগিয়ে নিতে পারে।

যাত্রীসেবায় আরও উন্নতির লক্ষ্য

একটি আন্তর্জাতিক বিমানবন্দরের সেবার মান শুধু দ্রুত লাগেজ সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ নয়। যাত্রীদের বিমান থেকে নেমে লাগেজ সংগ্রহ, ট্রলি পাওয়া এবং স্বাচ্ছন্দ্যে টার্মিনাল ত্যাগ—পুরো প্রক্রিয়াটিই যাত্রী অভিজ্ঞতার অংশ। এ কারণে ট্রলির সংখ্যা দ্রুত বাড়ানোর নির্দেশনাকে যাত্রীসেবার ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে দেখা যায়। প্রয়োজনীয় সংখ্যক ট্রলি নিশ্চিত করা গেলে লাগেজ সংগ্রহের পর যাত্রীদের চলাচল আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে।

আকস্মিক পরিদর্শনে মাঠপর্যায়ের সেবায় গুরুত্ব

রাতে আকস্মিকভাবে মন্ত্রীর বিমানবন্দরে গিয়ে ব্যাগেজ ডেলিভারি এলাকা পরিদর্শন এবং যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলার মধ্য দিয়ে যাত্রীসেবার প্রতি গুরুত্ব দেওয়ার একটি বার্তা উঠে এসেছে। বিশেষ করে যাত্রীদের ইতিবাচক অভিজ্ঞতা শোনা এবং একই সঙ্গে আরও উন্নয়নের জন্য তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া—দুটি বিষয়ই সেবাব্যবস্থাকে আরও কার্যকর করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বারে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার এই উদ্যোগ ভবিষ্যতে আরও উন্নত ও যাত্রীবান্ধব সেবা নিশ্চিত করার পথকে এগিয়ে নিতে পারে।

কালের আলো/এমএএএমকে

একই পরিবারের ৪ জনসহ ৬ জনকে হারিয়ে শোকে জামালপুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
একই পরিবারের ৪ জনসহ ৬ জনকে হারিয়ে শোকে জামালপুর

ময়মনসিংহে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জামালপুরের বিভিন্ন এলাকায়। নিহতদের মধ্যে ছয়জনই জামালপুরের বাসিন্দা। তাদের চারজন একই পরিবারের সদস্য।

একসঙ্গে পরিবারের চার সদস্যকে হারিয়ে স্বজনরা শোকে ভেঙে পড়েছেন। নিহতদের মধ্যে ছিলেন পরিবারের প্রবীণ সদস্য, তার ছেলে, অন্তঃসত্ত্বা মেয়ে এবং পাঁচ বছরের নাতি। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের আবহ।

একই পরিবারের চারজন নিহত

নিহতরা হলেন জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন লেবু (৫৫), তার মা রাশিদা বেগম (৮৫), মেয়ে মর্জিনা (২৫) এবং মর্জিনার পাঁচ বছর বয়সী ছেলে মিনাল।

এ ছাড়া একই ইউনিয়নের বীর গোবিন্দবাড়ী গ্রামের সুজন আলী (৩৪) এবং একই উপজেলার নান্দিনা বাদেচান্দি গ্রামের আকরাম আলী (৪৮) নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত অপর নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে।

গাজীপুর যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা

স্বজনরা জানান, শুক্রবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মা রাশিদা বেগম, দুই মাসের অন্তঃসত্ত্বা মেয়ে মর্জিনা ও নাতি মিনালকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন মোফাজ্জল হোসেন লেবু।

নান্দিনা থেকে সিএনজিচালিত অটোরিকশায় প্রথমে ময়মনসিংহ যাওয়ার কথা ছিল তাদের। এরপর সেখান থেকে বাসে করে গাজীপুরে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা।

পরিবারের সদস্যরা জানান, পেশায় রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু দীর্ঘদিন ধরে স্ত্রী ও এক ছেলেকে নিয়ে গাজীপুরের হোতাপাড়া এলাকায় বসবাস করতেন। মা রাশিদা বেগম, মেয়ে মর্জিনা ও নাতি মিনালকে গাজীপুরের বাসায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই আগের দিন তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন।

‘একসঙ্গে সবাইকে হারিয়ে আমরা নিঃস্ব’

মোফাজ্জল হোসেন লেবুর ভাবি ইসমতারা বলেন, তার দেবর গাজীপুরে থেকে দিনমজুরের কাজ করতেন। পরিবারের সদস্যদের গাজীপুরে নিয়ে যাওয়ার জন্যই তিনি বাড়িতে এসেছিলেন।

তিনি বলেন, মর্জিনা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। একসঙ্গে পরিবারের চারজনকে হারিয়ে তারা নিঃস্ব হয়ে গেছেন।

দুর্ঘটনার বিচার দাবি এলাকাবাসীর

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, রাজিব পরিবহনের বাসের কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে বলে তারা অভিযোগ করে আসছেন। তবে এবারের দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যুতে এলাকার মানুষের কষ্ট আরও বেড়েছে।

তিনি বলেন, নিহতদের মধ্যে মর্জিনা অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

একসঙ্গে একই পরিবারের চার সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের পাশাপাশি প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যেও শোক নেমে এসেছে। দুর্ঘটনার জন্য দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

একই সঙ্গে সড়কে বেপরোয়া যান চলাচল ও দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

কালের আলো/এসকে/এমএসআইপি

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান।

এক শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, তৌফিক ইমরোজ খালিদী ছিলেন বাংলাদেশের অনলাইন সংবাদমাধ্যমের অন্যতম পথিকৃৎ। দেশের গণমাধ্যমের বিকাশ ও অনলাইন সাংবাদিকতার প্রসারে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর মৃত্যু দেশের গণমাধ্যম জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

তথ্যমন্ত্রী মরহুম তৌফিক ইমরোজ খালিদীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কালের আলো/এএইচ/এমএসআইপি