খুঁজুন
                               
, ,
           

ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাজারে ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না। কোনো সংকট নেই, পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা করলে সাময়িকভাবে কিছু জায়গায় সরবরাহের চাপ তৈরি হতে পারে, যা পরিস্থিতিকে অযথা জটিল করে তুলতে পারে।

সোমবার (৯ মার্চ) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আমদানিকারক ও রিফাইনারি মালিকদের সঙ্গে ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পার্যালোচনা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাণিজ্য মন্ত্রী বলেন, গত কয়েক দিনে বিভিন্ন গণমাধ্যমে কোথাও কোথাও ভোজ্যতেলের সংকট বা লিটারে দুই টাকা বেশি দামে বিক্রির খবর প্রকাশ হওয়ায় পরিস্থিতি পর্যালোচনা করতে এ বৈঠক করা হয়। বৈঠকে আমদানিকারক ও রিফাইনারি মালিকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুদ রয়েছে।

তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য বসেছিলাম। বৈঠকে আমরা জানতে পেরেছি বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ আছে।

কোথাও কোথাও ভোক্তাদের আতঙ্কিত হয়ে বেশি বেশি কেনার প্রবণতার কারণে সাময়িকভাবে কিছু দোকানে মজুদ শেষ হয়ে যেতে পারে।

এ সময় বাণিজ্যমন্ত্রী নিজের একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরে বলেন, রাজধানীর একটি বাজারে গিয়ে দেখেছি রাস্তার পাশে বড় দোকানগুলোতে ভোজ্যতেল পর্যাপ্ত রয়েছে এবং বোতলের গায়ে নির্ধারিত দামই লেখা আছে। তবে বাজারের ভেতরের একটি দোকানে সীমিত তেল মজুদ রেখে প্রতি লিটারে দুই থেকে তিন টাকা বেশি দামে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।

ভোক্তাদের উদ্দেশে তিনি বলেন, আতঙ্কিত হয়ে বেশি বেশি কেনার কোনো প্রয়োজন নেই।

বাজারে যেহেতু পণ্য আছে, তাই অযথা প্রতিযোগিতা করলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জ্বালানি তেলের মতো ভোজ্যতেলের ক্ষেত্রেও কোনো সংকট নেই। জ্বালানি তেল, গ্যাস বা ভোজ্যতেল—কোনোটিতেই সংকট নেই। তাই এসব পণ্যের সঙ্গে ‘সংকট’ শব্দটি যুক্ত করে অযথা বিভ্রান্তি তৈরি না করার আহ্বান জানাচ্ছি।

মন্ত্রী আরও বলেন, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে।

একই সঙ্গে গুজব ও আতঙ্ক ছড়ানো থেকে বিরত থাকার জন্যও সবার প্রতি আহ্বান জানান তিনি।

তেলের দাম এক ফোঁটাও বাড়বে না প্রশ্নের জবাবে বলেন, তেলের দাম এক ফোঁটাও বাড়বে না। ভোক্তারা নিশ্চিন্তে বাজার করতে পারেন।

বাজারে অনিয়ম হলে সরকার ব্যবস্থা নেবে বলেও জানিয়ে মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি করছে এবং জেলা প্রশাসনও নিয়মিত অভিযান চালাবে।

কালের আলো/এসআর/এএএন 

বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি

দেশের বেকারত্ব হ্রাসে কারিগরি ও প্রযুক্তি শিক্ষার প্রসারে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপতিতে এই তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি বলেন, বৈশ্বিক অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের একাধিক ভাষায় দক্ষতা অর্জন প্রয়োজন। এ লক্ষ্যে তিনি তৃতীয় ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ট্রেজারার উপস্থিত ছিলেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

অভাবের সংসার পেরিয়ে তিন বিসিএসে ক্যাডার নজরুল

কিশোরগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ
অভাবের সংসার পেরিয়ে তিন বিসিএসে ক্যাডার নজরুল

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের ভয়রাপাড়ার নজরুল ইসলাম (২৭)। অভাবের সংসারে কুপি ও হারিকেনের আলোয় রাত জেগে পড়েছেন। কখনো বাবার কৃষিকাজে সহযোগিতা করেছেন, আবার কখনো রাতে ওষুধের দোকানে কাজ করেছেন। সেই নজরুলই এখন বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত।

নজরুল ইসলাম ৪৫তম ও ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডার এবং ৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ পেয়েছেন। ৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগে হওয়ায় প্রথমে সেখানে শিক্ষা ক্যাডারে সুপারিশ পান তিনি। পরে ৪৬তম বিসিএসে নিজের পছন্দের প্রশাসন ক্যাডারে সুপারিশ পেয়ে এখন চাকরিতে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন।

কুপি-হারিকেনের আলোয় পড়াশোনা

নজরুলের বাবা জালাল উদ্দিন কৃষক। কৃষিকাজের পাশাপাশি ঝালমুড়ি বিক্রি করেও সংসার চালিয়েছেন তিনি। চার ছেলে ও এক মেয়ের মধ্যে নজরুল দ্বিতীয়। সীমিত আয়ের সংসারে সন্তানদের পড়াশোনা চালিয়ে নেওয়া ছিল কঠিন।

আলিম পড়ার সময়ও তাঁদের বাড়িতে বিদ্যুৎ ছিল না। কুপি ও হারিকেনের আলোয় রাত জেগে পড়াশোনা করেছেন নজরুল। বাবার কৃষিকাজেও সহযোগিতা করতেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে কিছুদিন রাতে স্থানীয় একটি ওষুধের দোকানে কাজ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নিজের খরচ চালাতে প্রাইভেট পড়িয়েছেন।

মেধার স্বাক্ষর

নিয়ামতপুর সিনিয়র আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ পান নজরুল। ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ৩২০তম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ২০২তম স্থান অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

মা-বাবার কষ্ট দূর করতে একদিন বিসিএস ক্যাডার হওয়ার প্রতিজ্ঞা করেছিলেন নজরুল। নিজের সাফল্যের জন্য মা-বাবা ও শিক্ষকদের দোয়া এবং আল্লাহর রহমতের কথা উল্লেখ করেছেন তিনি।

নজরুল বলেন, মা-বাবা ও শিক্ষকদের দোয়ায় এবং আল্লাহর রহমতে তিনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন। সততা ও কর্মনিষ্ঠা বজায় রেখে দেশের সেবা করতে এবং সুনামের সঙ্গে চাকরিজীবন কাটাতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

ছেলের সাফল্যে আবেগাপ্লুত বাবা জালাল উদ্দিন। তিনি বলেন, ছেলের মনের আকাঙ্ক্ষা ও স্বপ্ন পূরণ হওয়ায় তাঁর জীবনের সব কষ্ট দূর হয়ে গেছে।

প্রায় এক দশক আগে, ২০১৬ সালের ২ অক্টোবর নজরুলকে নিয়ে প্রথম আলোয় ‘দুই বিশ্ববিদ্যালয়ে মেধাতালিকায়, তবু পড়া নিয়ে শঙ্কা!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তখন অর্থের অভাবে তাঁর উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া নিয়ে শঙ্কা ছিল। সেই শঙ্কা পেরিয়ে এবার নিজের কাঙ্ক্ষিত প্রশাসন ক্যাডারে সুপারিশ পেয়েছেন তিনি।

কালের আলো/এমএসআইপি 

বাধ‍্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
বাধ‍্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

সরকারকে অনেকটা বাঁধ‍্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম সর্বোচ্চ লিটারে বৃদ্ধি ২০ টাকা বাড়ানো হয়েছে। মধ‍্যপ্রাচ‍্য পরিস্থিতির কারণে সরকারকে অনেকটা বাঁধ‍্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সংকট প্রতিদিন নতুন মাত্রায় যুক্ত হচ্ছে। সরকারের সামনে দাম সমন্বয় করা ছাড়া বিকল্প ছিল না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘ভর্তুকি দিয়ে ২২ হাজার কোটি টাকার বেশি লোকসান দিয়েছে বিপিসি।’

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আন্তর্জাতিক বাজার-দর অনুযায়ী ২০৫ টাকা ডিজেলের দাম পড়ে। কিন্তু সরকার দাম বাড়ানোর পরও এখনো ৭০ টাকা ভর্তুকি দিতে হবে। এই ভর্তুকি চলমান থাকলে চলমান যে সহায়তা বা ভাতা কার্যক্রম চালানো কঠিন হতো।’

তিনি আরও বলেন, ‘পাশের দেশের তুলনায় জ্বালানি তেলের দাম সবচেয়ে কম ছিল। পাচার হওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এর অভিঘাত যত কম করা যায় সেই চেষ্টা সরকার করবে। বাসে ভাড়া যেনো যৌক্তিকভাবে বাড়ে, সেটি মনিটরিং করা হবে। যোগাযোগে ও নৌপরিবহন মন্ত্রণালয়কে ভাড়া সমন্বয়ের নির্দেশ আছে। বাজার অস্থিতিশীলতা কাটলে দাম সমন্বয় করা হবে।’

কালের আলো/আরডি/এমডিএইচ