খুঁজুন
                               
, ,
           

আইনি ঝামেলায় টেইলর সুইফট

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
আইনি ঝামেলায় টেইলর সুইফট

মার্কিন পপতারকা টেইলর সুইফট। এবার আইনি ঝামেলায় জড়ালো তার নাম। ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামের কারণে গায়িকার বিরুদ্ধে জেনেশুনে প্রায় একই রকম শিরোনাম ব্যবহার করার অভিযোগ তুলে লেখক-গায়িকা ম্যারেন ওয়েড মামলা করেছেন বলে খবর দ্য হলিউড রিপোর্টারের।

সোমবার (৩০ মার্চ) ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেন ম্যারেন ওয়েড।

যেখানে তিনি ইউএমজি রেকর্ডিংস ও সুইফটের বিরুদ্ধে ট্রেডমার্ক লঙ্ঘন ও অন্যায্য প্রতিযোগিতার অভিযোগ এনেছেন। তার ভাষ্য, ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ নামটি গত এক যুগ ধরে গড়ে তোলা ‘কনফেশনস অব আ শোগার্ল’ ব্র্যান্ডকে ‘বিলীন’ করে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে।

ফলে সুইফট যেন অ্যালবামটির বর্তমান নাম ব্যবহার করা থেকে বিরত থাকেন- আদালতের কাছে এই আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে হারানো মুনাফা, আইনজীবীর ফি ও অন্যান্য ক্ষতির জন্য ক্ষতিপূরণের আবেদন করেছেন ওয়েড।

এক বিবৃতিতে বাদীপক্ষের আইনজীবী জেমি পার্কিনেন বলেন, ‌‘একজন একক শিল্পী ১২ বছর ধরে একটি ব্র্যান্ডকে গড়ে তুলেছেন, সেখানে তার চেয়ে বড় কেউ এসে সেটি নাই করে দেবেন- এমনটা হতে দেওয়া উচিত নয়।’

রিয়েলিটি শো ‘আমেরিকাস গট ট্যালেন্ট’-এ অংশ নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে পরিচিত মুখ ম্যারেন ওয়েড। ২০১৪ সালে তিনি ‘লাস ভেগাস উইকলি’-তে ‘কনফেশনস অব আ শোগার্ল’ শিরোনামে কলাম লেখা শুরু করেন। এতে বিনোদন দুনিয়ার একজন হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরতেন তিনি।

পরবর্তী সময়ে এটি একটি পডকাস্ট ও লাইভ শো-তে পরিণত হয়, যেখানে থাকে পপ ও জ্যাজসংগীতের পরিবেশনা। ২০১৫ সালে কনফেশনস অব আ শোগার্ল ট্রেডমার্ক নিবন্ধন করেন তিনি।
গত বছর সুইফট তার দ্বাদশ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ প্রকাশ করেন। প্রথম সপ্তাহে এটি যুক্তরাষ্ট্রে ৪০ লাখ এবং বিশ্বব্যাপী ৫৫ লাখ ইউনিট বিক্রি হয়ে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়ে।

মামলার অভিযোগ অনুসারে, সুইফট যখন ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ নিবন্ধন করার জন্য আবেদন করেছিলেন, তখন মার্কিন পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস তা প্রত্যাখ্যান করেছিল, যেহেতু তা ওয়েডের নিবন্ধিত ট্রেডমার্কের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস উল্লেখ করেছিল যে, নাম দুটিতে ‘অব আ শোগার্ল’ নামের একটি মূল বাক্যাংশ রয়েছে।
আরো জোর দিয়ে বলা হয়েছিল, দুটি নামই যদি সংগীত ও নাট্য পরিবেশনা-সম্পর্কিত বিনোদনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তবে তা ভোক্তাদের এই বিশ্বাসে পরিচালিত করবে যে দুটির মধ্যে হয়তো এক ধরনের যোগসূত্র রয়েছে।

তবে এ বিষয়ে এখনও টেইলর সুইফট কিংবা তার টিমের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কালের আলো/এসআর/এএএন

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা, নিন্দা জানালেন আসিফ নজরুল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫০ পূর্বাহ্ণ
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা, নিন্দা জানালেন আসিফ নজরুল

শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বইটি বিক্রিতে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।
পোস্টে আসিফ নজরুল বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি বিক্রয়ে বাধা দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তিনি। তার দাবি, বইটি বিক্রয়ে বাধা দেওয়া, প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়া এবং প্রতিষ্ঠানটির দুজন কর্মীকে তুলে নেওয়া বেআইনি ও অপরাধমূলক কাজ।
এ বিষয়ে সরকারের উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
আসিফ নজরুল আরও বলেন, শেখ হাসিনার আমলে এভাবে বই বিক্রিতে বাধা দেওয়া এবং বই নিষিদ্ধ করার বহু ঘটনা ঘটেছে। তখন এসব ঘটনার প্রতিবাদ করা হয়েছিল। এখন একই ধরনের নিন্দনীয় কর্মকাণ্ডের মাধ্যমে প্রকৃতপক্ষে শেখ হাসিনাকেই অনুসরণ করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এ ধরনের কর্মকাণ্ড মুক্তচিন্তার মানুষের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করছে বলেও উল্লেখ করেন আসিফ নজরুল।

কালের আলো/এসকে/এমএসআইপি 

সব খাতের শ্রমিকের জন্য কর্মক্ষেত্র দুর্ঘটনা স্কিম চায় বিলস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৯ পূর্বাহ্ণ
সব খাতের শ্রমিকের জন্য কর্মক্ষেত্র দুর্ঘটনা স্কিম চায় বিলস

দেশের তৈরি পোশাক খাতের পাশাপাশি সব খাতের শ্রমিকের জন্য অ্যামপ্লয়মেন্ট ইনজুরি স্কিম (ইআইএস) বাস্তবায়নের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। একই সঙ্গে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদেরও সর্বজনীন সামাজিক সুরক্ষার আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত এক মিডিয়া ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। ইআইএস পাইলট প্রকল্পের অগ্রগতি তুলে ধরতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২২ সালে শুরু হওয়া ইআইএস পাইলট প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ২৪৮টি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মধ্যে ১৬১ জন নিহত শ্রমিকের উত্তরাধিকারী এবং ৮৭ জন স্থায়ীভাবে অক্ষম শ্রমিককে মোট ৪ কোটি ২৮ লাখ ৩১ হাজার ৫৭১ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

রানা প্লাজা ও তাজরিন দুর্ঘটনার পর শ্রমিকদের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বিভিন্ন উন্নয়ন সহযোগীর সহায়তায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, ইআইএস প্রকল্পটি বর্তমানে তৈরি পোশাক খাতে পাইলট হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। কর্মক্ষম ব্যক্তির অনুপস্থিতিতে একটি পরিবার আর্থিক সংকটে পড়ে। তাই শ্রমিক ও তাদের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।

আইএলও-ইআইএসের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার সৈয়দ সাদ হুসাইন গিলানী জানান, প্রকল্পের আওতায় শ্রমিক ও তাদের পরিবার তিন ধরনের সুবিধা পেতে পারে। এর মধ্যে রয়েছে মজুরির ৫০ শতাংশ হারে আর্থিক সহায়তা, অক্ষম শ্রমিকদের পুনর্বাসন এবং কর্মক্ষেত্রের পাশাপাশি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহায়তা।

ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন বলেন, ২০২২ সালে প্রকল্পটি শুরু হওয়ার পর ক্ষতিপূরণের বিষয়টি শ্রম আইনে অন্তর্ভুক্ত হয়েছে। সরকার, মালিকপক্ষ ও আইএলওর যৌথ উদ্যোগে এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করেন তিনি।

স্কপের যুগ্ম সমন্বয়কারী এএএম ফয়েজ হোসেন বলেন, পাইলট প্রকল্পটি শুরুতে শুধু তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ছিল। এখন দেশের সব খাতের শ্রমিককে এর আওতায় আনার প্রয়োজন রয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

ডিসি পদে রদবদল, চার জেলায় নতুন নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
ডিসি পদে রদবদল, চার জেলায় নতুন নিয়োগ

জনপ্রশাসনে জেলা প্রশাসক (ডিসি) পদে পরিবর্তন এনেছে সরকার। চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগের পাশাপাশি তিন জেলা প্রশাসককে বিভিন্ন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নীলফামারীর নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবির।

পটুয়াখালীর জেলা প্রশাসক করা হয়েছে একই বিভাগের উপসচিব চৌধুরী আশরাফুল করিমকে। পিরোজপুরের নতুন জেলা প্রশাসক হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।

এদিকে পিরোজপুরের বর্তমান জেলা প্রশাসক আবু সাঈদকে টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, নীলফামারীর ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, টাঙ্গাইলের ডিসি শরীফা হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং পটুয়াখালীর ডিসি মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্প্রতি যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় এই তিন কর্মকর্তাকে জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সাধারণত উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি