খুঁজুন
                               
সোমবার, ১৮ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

যুক্তরাষ্ট্র থেকে লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে

কালের আলো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্র থেকে লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ ৪ মে সকাল সাড়ে ৮টায় ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, মরদেহটি ইতোমধ্যে ফিউনারেল হোম গ্রহণ করেছে। অরল্যান্ডো (এমসিও) থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ২ মে রাত ৮টা ৫০ মিনিটে মরদেহ বহনকারী উড়োজাহাজটি রওনা হবে। পথে দুবাই ট্রানজিট থাকবে। এরপর ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে এটি ঢাকায় পৌঁছাবে।

এর আগে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মরদেহ পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করে।

এর আগে, ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন।

প্রায় আট দিন নিখোঁজ থাকার পর শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের পাশে লিমনের মরদেহ পাওয়ার তথ্য নিশ্চিত করে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়।

এ ঘটনায় লিমনের রুমমেট যুক্তরাষ্ট্রের নাগরিক হিশাম আবুঘরবিয়াকে তার পারিবারিক বাড়ি থেকে গ্রেফতার করা হয়। হিশামকে জিজ্ঞাসাবাদের পর কয়েকটি কালো রঙের আবর্জনা ফেলার ব্যাগের মধ্যে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ খুঁজে পায় স্থানীয় পুলিশ।

ময়নাতদন্তে দেখা গেছে, লিমনের শরীরে অসংখ্য জখম ও ছুরিকাঘাতের চিহ্ন ছিল। হিশামের শরীরেও পায়ের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনা তদন্তকারীরা লিমন ও হিশামের অ্যাপার্টমেন্টে বসার ঘর থেকে শোবার ঘর পর্যন্ত অনেকগুলো রক্তের দাগ খুঁজে পেয়েছেন। এমনকি শোবার ঘরের মেঝেতেও রক্তের ছোপ পাওয়া গেছে। উদ্ধারকৃত রক্তের ফরেনসিক পরীক্ষায় লিমন ও বৃষ্টি উভয়ের ডিএনএ পাওয়া গেছে।

আইনজীবীরা বলছেন, হিশাম পুলিশকে মিথ্যা তথ্য দিয়েছেন এবং আলামত নষ্ট করার চেষ্টা করেছেন। লিমনের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

ঢাকার দুই সিটিতে মেয়রপ্রার্থীর নাম ঘোষণা করল ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
ঢাকার দুই সিটিতে মেয়রপ্রার্থীর নাম ঘোষণা করল ইসলামী আন্দোলন

দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দলীয় প্রার্থীদের নামও ঘোষণা করেন। ছবি: ঢাকা মেইল
সিটি করপোরেশনসহ সব স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেবে বলে জানিয়েছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

সোমবার (১৮ মে) সাংবাদিকদের সঙ্গে নির্বাচন পরবর্তী মতবিনিময়সভায় তিনি একথা জানান। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দলের প্রার্থীদের নামও ঘোষণা করে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করে দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন তাদের মেয়র প্রার্থী ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

এসময় তিনি সরকারের কাছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে নির্বাচন যাতে সুষ্ঠু হয় সে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।

পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সভার শুরুতে দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান উদ্বোধনী বক্তব্য দেন।

পরে দলের প্রধান ত্রয়োদশ জাতীয় নির্বাচন, জুলাই সনদ, বর্তমান সরকারের কার্যক্রম, অর্থনৈতিক পরিস্থিতি ও দলের কার্যক্রম নিয়ে কথা বলেন।

কালের আলো/এসআর/এএএন

বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

Oplus_131072

দেশের আকাশে সোমবার (১৮ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, সোমবার (১৮ মে) সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যায়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, দেশের আকাশে ইতোমধ্যেই দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ।

কালের আলো/এসএকে

পবিত্র ঈদুল আজহা ২৮ মে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
পবিত্র ঈদুল আজহা ২৮ মে

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছে কমিটি।

এছাড়া সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কক্সবাজারের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

এর আগে রোববার (১৭ মে) সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায় বলে জানায় দেশটির চাঁদ দেখা কমিটি। ফলে সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে (বুধবার)। এছাড়া আরাফাত দিবস হবে আগামী ৯ জিলহজ বা ২৬ মে।

প্রসঙ্গত, চাঁদ দেখা যাক না যাক, বহু বছর ধরে সৌদি আরবের একদিন পরই বাংলাদেশে ঈদ পালনের রীতি চলে আসছে। সেটি ঈদুল ফিতর হোক কিংবা ঈদুল আজহা।

ফলে বাংলাদেশে যে ঈদুল আজহা ২৮ মে উদযাপিত হবে, তা এক প্রকার নিশ্চিতই ছিল। বাকি ছিল শুধু জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার। অবশেষে সেই ঘোষণাও এলো।

এদিকে এবার ঈদুল আজহায় সাত দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মে থেকে শুরু হবে সেই ছুটি, শেষ হবে ৩১ মে।

এই ছুটির ফলে ঘরমুখো মানুষের ভিড় যেমন নিয়ন্ত্রণ সম্ভব হবে, তেমনি কর্মজীবীরাও পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ পাবেন, যা ঈদ উদযাপনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।

কালের আলো/এসআর/এএএন