খুঁজুন
                               
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

বাংলাদেশ-সুইডেন সম্পর্ক নতুন মাত্রায়, সমাজকল্যাণ খাতে সহযোগিতা জোরদারের প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
বাংলাদেশ-সুইডেন সম্পর্ক নতুন মাত্রায়, সমাজকল্যাণ খাতে সহযোগিতা জোরদারের প্রত্যাশা

Oplus_131072

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৪ মে) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে সমাজকল্যাণ, নারী ও শিশু উন্নয়ন, লিঙ্গ সমতা, সামাজিক নিরাপত্তা এবং মানবিক সহায়তা খাতে সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সুইডেন সরকারের চলমান উন্নয়ন সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, সরকার নারী ও শিশুদের ক্ষমতায়ন, প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরণ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রায় ৪ কোটি প্রান্তিক ও নিম্নবিত্ত পরিবারকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে প্রথম ধাপে ঢাকায় ৩৭ হাজার ৮১৪টি এবং দ্বিতীয় ধাপে বগুড়ায় ৯১১টি নারীপ্রধান পরিবারকে কার্ড প্রদান করা হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবার মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা পাবে, যা মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবের মাধ্যমে সরাসরি পৌঁছে দেওয়া হবে।

শিশুদের পুষ্টি নিশ্চিত করতে প্রাথমিক স্তরে ফুড প্রোগ্রাম চালু রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পাশাপাশি দেশব্যাপী ডে-কেয়ার সেন্টার সম্প্রসারণ, শিশু একাডেমির মাধ্যমে সহশিক্ষা কার্যক্রম বৃদ্ধি এবং যুবকদের দক্ষতা উন্নয়নে ভাষা ও কেয়ারগিভিং প্রশিক্ষণ চালু করা হয়েছে।

সুইডেনের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নারী অর্থনৈতিক ক্ষমতায়ন, শিশু অধিকার সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণে যৌথ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ আগ্রহী।

রাষ্ট্রদূত নিকোলাস উইক্স বাংলাদেশ সরকারের সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, সুইডেন দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে চায়। নারী ও শিশু সুরক্ষা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, শিশু পুষ্টি, শিক্ষা এবং জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সহায়তায় সুইডেনের সম্ভাব্য সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশে সামাজিক উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সুইডেন প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ ও আর্থিক সমর্থন অব্যাহত রাখবে।

বৈঠকে রোহিঙ্গা শরণার্থী সংকট, নারী উদ্যোক্তা উন্নয়ন, শিশু অধিকার, অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি এবং টেকসই সমাজ গঠনের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়।

এই বৈঠককে বাংলাদেশ-সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সামাজিক খাতে সহযোগিতা বৃদ্ধি বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালের আলো/এসএকে

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ
শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: সালাহউদ্দিন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৩০ মে) রাজধানীর শেরেবাংলা নগরে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, আজকের দিনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এ দেশের সমগ্র গণমানুষের জন্য অত্যন্ত শোকাবহ ও স্মৃতিবিজড়িত একটি দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমৃত্যু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অগ্রগতির অতন্দ্র প্রহরী হিসেবে অনন্য ভূমিকা পালন করে গেছেন।

১৯৭১ সালের মহান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে তার যে ঐতিহাসিক উত্থান ঘটেছিল, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়েই তিনি শাহাদাত বরণ করেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের মূল ঠিকানা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রদর্শিত পথ। আমরা এই গভীর শোককে শক্তিতে পরিণত করেছি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন কীভাবে সব মানুষের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য সৃষ্টি করে জাতীয় সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হয়।

গণতন্ত্রের প্রতি বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন এ দেশ সম্পূর্ণ গণতান্ত্রিক ধারায় পরিচালিত হবে। ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের যে চেতনা, তার আলোকে দেশের গণতন্ত্রের ভিত্তিকে আরও সুদৃঢ় ও শক্তিশালী করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী দেশের গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

কালের আলো/এসআর/এএএন

জিয়ার আদর্শে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ২:৫৭ অপরাহ্ণ
জিয়ার আদর্শে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশ গঠনের কাজে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

উপস্থিত নেতাকর্মী ও সর্বসাধারণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। শহীদ জিয়ার সেই আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে নিজেকে নিয়োজিত করার শপথ নিন।

তারেক রহমান বলেন, আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী। প্রতিবারের মতো এবারও চেষ্টা করছি দুস্থ মানুষকে বিভিন্নভাবে সাহায্য বা সহযোগিতা করে দিনটিকে স্মরণীয় রাখতে, যেহেতু আল্লাহ আমাদের প্রিয় দল বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দিয়েছেন। এজন্য শুধু সরকার না, সরকারের সঙ্গে দলের প্রত্যেকটি নেতাকর্মী যে যেখানেই যে অবস্থায় থাকুন না কেন, সেখান থেকেই যদি কাউকে সহযোগিতা করেন তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

দেশ গঠনে নাগরিক হিসেবে প্রতিটি মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে দলের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে টিঅ্যান্ডটি খেলার মাঠ সংলগ্ন এলাকায় দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন তিনি।

কালের আলো/এসএকে

দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ
দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১ টায় মানিকমিয়া এভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি উদ্বোধন করেন তিনি।

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর ১৬টি স্থানে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

এর মধ্যে রয়েছে মানিক মিয়া অ্যাভিনিউ, শ্যামলী স্কয়ার, সরকারি বাংলা কলেজ এলাকা, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড, ফুজি ট্রেড সেন্টার, জোড়পুকুর খেলার মাঠ, বাংলাবা জার, যাত্রাবাড়ী, জুরাইন ও ধানমন্ডিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা।

কালের আলো/এসএকে