খুঁজুন
                               
শুক্রবার, ৮ মে, ২০২৬, ২৫ বৈশাখ, ১৪৩৩
           

সবজির বাজারে আগুন, পেঁপে-শসার সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
সবজির বাজারে আগুন, পেঁপে-শসার সেঞ্চুরি

রাজধানীর কাঁচাবাজারে আবারও সবজির দামে তীব্র ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। টানা বৃষ্টি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার প্রভাবে বাজারে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে বলে দাবি করছেন বিক্রেতারা। এর ফলে কয়েকদিনের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে গেছে।

শুক্রবার (০৮ মে) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, পেঁপে এবং শসার দাম কেজিতে ১০০ টাকায় পৌঁছে গেছে। কাঁকরোল বিক্রি হচ্ছে কেজি ১৪০ টাকা, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বেশি দাম হিসেবে দেখা যাচ্ছে। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা গেছে।

বাজারে টমেটো ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ঢেঁড়শ ৬০ টাকা, পটোল ৭০ থেকে ৮০ টাকা, আর ঝিঙে ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে।

অন্যদিকে বেগুন ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। করলা ৮০ টাকা এবং কেপসিকাম বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজিতে। তুলনামূলকভাবে প্রায় সব সবজির দামই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের।

রাজধনাীর যাত্রাবাড়ীর সবজি ক্রেতারা রায়হান বলছেন, প্রতিদিনই নতুন দামে সবজি কিনতে হচ্ছে। এতে সংসারের দৈনন্দিন খরচ বেড়ে গেছে কয়েকগুণ।

শাওন নামের এক ক্রেতা বলেন, আগে ২০০-৩০০ টাকায় দুই-তিন দিনের সবজি কেনা যেত, এখন সেই টাকায় এক দিনেরও সবজি ঠিকমতো হয় না।

আরেকজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, সবজির দাম কখনো কমে না, শুধু বাড়ে। আয় তো বাড়ে না, কিন্তু খরচ প্রতিদিনই বাড়ছে।

অন্যদিকে বিক্রেতারা বাজার পরিস্থিতির জন্য একাধিক কারণকে দায়ী করছেন। তাদের মতে, টানা বৃষ্টির কারণে মাঠ থেকে সবজি সংগ্রহ ও পরিবহন ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় পানি জমে যাওয়ায় ক্ষেত থেকে পণ্য বাজারে আনতে দেরি হচ্ছে। এতে সরবরাহ কমে গিয়ে দাম বেড়ে যাচ্ছে।

একজন সবজি বিক্রেতা বলেন, বৃষ্টির কারণে অনেক জায়গা থেকে সবজি সময়মতো আসছে না। আবার যেটা আসছে, তার পরিবহন খরচও অনেক বেড়ে গেছে। ডিজেলের দাম ও গাড়ি ভাড়া বাড়ায় আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে।

তিনি আরও বলেন, আগে যে ভাড়ায় মাল আসত, এখন তার চেয়ে অনেক বেশি দিতে হচ্ছে। তাই খুচরা বাজারেও দাম বাড়াতে বাধ্য হচ্ছি।

বিক্রেতারা আরও জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পরিবহন খরচে পড়েছে। ট্রাক, ভ্যান ও পাইকারি পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কৃষকের ক্ষেত থেকে বাজার পর্যন্ত পণ্য পৌঁছাতে অতিরিক্ত খরচ যুক্ত হচ্ছে। এই চাপ শেষ পর্যন্ত ভোক্তার ওপরই পড়ছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং নতুন সরবরাহ বাজারে না এলে সবজির দামে এমন অস্থিরতা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি পরিবহন ও জ্বালানি খরচ স্থিতিশীল না হলে বাজার পরিস্থিতি আরও চাপে পড়বে।

তারা বলছেন, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হলে দাম কিছুটা কমতে পারে, তবে বর্তমান পরিস্থিতিতে নিকট ভবিষ্যতে বড় কোনো স্বস্তির সম্ভাবনা কম।

কালের আলো/আরডি/এমডিএইচ

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টপাল্টি হামলার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১০১ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে আমেরিকান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সেস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৫ সেন্ট বা ০ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে। যদিও সেশনের শুরুতে উভয় বেঞ্চমার্ক ৩ শতাংশের বেশি বেড়েছিল।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় দুই দেশের মধ্যে একটি নড়বড়ে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে এবং তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী পুনরায় খোলার ব্যাপারে অগ্রগতির আশা ধূলিসাৎ হয়েছে। এতে তেলের বাজারে অস্তিরতা দেখা যাচ্ছে।

এরআগে গত ৩০ এপ্রিল ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১২৬ দশমিক ৪১ ডলারে পৌঁছেছিল, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। তবে গত বুধবার যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক শান্তি চুক্তির কাছাকাছি পৌঁছেছে এমন খবর প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দাম ১০ শতাংশের বেশি কমে যায়।

এদিকে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে যুক্তরাষ্ট্র একটি ইরানি তেলবাহী ট্যাংকার এবং হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া আরেকটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে বলে দাবি করে ইরান।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারগুলোর ওপর ইরানের হামলার জবাবে তারা ‘আত্মরক্ষামূলক হামলা’ চালিয়েছে। এ বিষয়টির প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘আজ ইরান আমাদের সঙ্গে ছেলেখেলা করতে গিয়েছিল।’

এই উত্তেজনা এমন এক সময় বাড়ল, যখন মাত্র এক দিন আগেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া একটি প্রস্তাব তারা বিবেচনা করছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রথমে হরমুজ প্রণালিতে ‘বিস্ফোরণের’ খবর দেয়। সেখানে ‘শত্রুপক্ষের’ সঙ্গে ‘গুলিবিনিময়’ হয়েছে বলে উল্লেখ করা হয়।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পাল্টাপাল্টি হামলাকে ‘ছেলেখেলা’ আখ্যা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখনো বহাল আছে বলে জানিয়েছেন।

সূত্র: রয়টার্স
কালের আলো/এসআর/এএএন

রাজশাহীতে রাষ্ট্রীয় সফরে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
রাজশাহীতে রাষ্ট্রীয় সফরে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা
 রাজশাহী প্রতিবেদক
রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু শুক্রবার সকালে রাজশাহীতে পৌঁছেছেন। সকাল ৮টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁরা শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করলে সেখানে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
বিমানবন্দরে দুই মন্ত্রীকে স্বাগত জানান পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে যাত্রাবিরতিকালে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি শফিকুল হক মিলনের কাছ থেকে শাহ মখদুম বিমানবন্দরের বর্তমান অবস্থা, সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা এবং পবা-মোহনপুর নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থা ও জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পরে মন্ত্রীদ্বয় সড়কপথে নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিসরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মোৎসব ও রবীন্দ্র মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে স্থানীয় সরকারমন্ত্রীর। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হবে।
সফরকালে স্থানীয় সরকারমন্ত্রী নওগাঁ জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন ও পর্যালোচনা করবেন বলে জানা গেছে।

এ সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
সরকারি কর্মসূচি শেষে শুক্রবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রী পুনরায় শাহ মখদুম বিমানবন্দরে উপস্থিত হবেন এবং সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।

কালের আলো/এসআইপি

রাজশাহীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে জেলের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ
রাজশাহীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে জেলের মৃত্যু
 রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে এক জেলের মৃত্যু হয়েছে। মারা যাওয়া জেলের নাম সাজেদুর রহমান। তিনি ভবানীগঞ্জ পৌর এলাকার সূর্যপাড়ার আমির মণ্ডলের ছেলে।
শুক্রবার (৮ মে) সকাল সাতটার দিকে ফকিররি নদীর বেইলি ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করেন।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে নদীতে যান সাজেদুর রহমান। একপর্যায়ে অসাবধানতাবশত নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে বাগমারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় তিন ঘণ্টা অনুসন্ধান চালিয়ে নদী থেকে সাজেদুর রহমানের লাশ উদ্ধার করে।
বাগমারা ফায়ার সার্ভিসের স্টেশনে ইনচার্জ মিজানুর রহমান জানান, আমরা খবর পেয়ে এই ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ হওয়া যুবককে উদ্ধারের চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।

কালের আলো/এসআইপি